উয়েফায় এবারই শেষ প্লাতিনির
যেখানেই যাচ্ছেন, ওই এক প্রসঙ্গ। ফিফা সভাপতি নির্বাচনে দাঁড়াচ্ছেন, মিশেল প্লাতিনির দিকে এ নিয়ে প্রশ্ন তো ছুটে যাবেই। গত বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পরও এর ব্যতিক্রম হলো না। তবে বর্তমান উয়েফা সভাপতি এই প্রসঙ্গে কোনো কথাই বললেন না। তবে জানিয়ে দিলেন, উয়েফা সভাপতি হিসেবে এটাই তাঁর শেষ মেয়াদ।
ড্রয়ের পর সংবাদ সম্মেলনের শুরুতেই প্লাতিনি বলে দিলেন, ‘এটা মোনাকোতে উয়েফা সভাপতি হিসেবে আমার নবম সংবাদ সম্মেলন, আমি শুধু উয়েফা নিয়েই কথা বলতে চাই। এটা ফিফা নিয়ে কথা বলার স্থান বা সময় নয়। নির্বাচনের আরও ছয় মাস বাকি, আমার মনে হয় আমাদের কথা বলার সময় আছে। আমি জানি ফিফা নিয়ে কিছু না বলে আপনাদের হতাশ করছি। তবে পরে আমরা এটা নিয়ে কথা বলব।’
উয়েফা সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদ চলছে প্লাতিনির। ২০১৯ সালে এবারের মেয়াদ শেষ হবে। প্লাতিনি জানিয়ে দিলেন এই পর্বের এখানেই শেষ, ‘একটা ব্যাপার খুবই পরিষ্কার। হয় ছয় মাসের মধ্যে উয়েফা ছাড়ছি অথবা তিন বছরের বেশি আর থাকছি না। আমি আসলে সভাপতি পদে একটা নির্দিষ্ট সময়ই থাকার পক্ষে।’ শেষ কথাটায় পাঁচবারের ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকেই কি খোঁচা দিলেন? এএফপি।