ঊরুতে ব্যান্ডেজ বেঁধে...

>বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে সর্বোচ্চ চারটি পেনাল্টি বাঁচানো মাত্র তৃতীয় খেলোয়াড় দানিয়েল সুবাসিচ। প্রথম দুজন জার্মানির হ্যারাল্ড শুমাখার ও আর্জেন্টিনার সার্জিও গয়কোচিয়া।
একটু একটু করে এগোচ্ছে ঘড়ির কাঁটা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁদের উত্তেজনা। সবাই প্রতীক্ষায় কখন শেষবারের মতো শেষ বাঁশি বাজাবেন রেফারি। তাতেই অবসান হবে অপেক্ষার। অপেক্ষাটা টাইব্রেকারের। অপেক্ষাটা রাশিয়া-ক্রোয়েশিয়া দুই দলের দুই গোলরক্ষক ইগর আকিনফিয়েভ ও দানিয়েল সুবাসিচের টাইব্রেক-বীরত্ব দেখার। একসময় ফুরোল সেই অপেক্ষা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষেও যখন পরশুর কোয়ার্টার ফাইনালে আলাদা করা গেল না আকিনফিয়েভ ও সুবাসিচের দলকে, কী আর করা, টাইব্রেকারে তো যেতেই হবে।
তাতে রাশিয়া কিংবা ক্রোয়েশিয়ার খেলোয়াড় ও সমর্থকদের বুক যতই ধড়ফড় করুক, বাকি বিশ্ব কিন্তু রোমাঞ্চিতই ছিল। শেষ ষোলোর দুই ম্যাচের দুই টাইব্রেকার-বীর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায়-এর চেয়ে রোমাঞ্চকর আর কী হয়!
পরশু সোচিতে টাইব্রেকারে একটি করে পেনাল্টি বাঁচিয়ে সেই লড়াইয়ে যুগ্ম বিজয়ী আকিনফিয়েভ ও সুবাসিচ। তবে ম্যাচ শেষে হাসলেন শুধু একজনই-সুবাসিচ। টাইব্রেকারে একটি গোল কম করতে পেরে যে কোয়ার্টার ফাইনাল থেকেই ছুটি হয়ে গেল আকিনফিয়েভের রাশিয়ার।
অথচ সুবাসিচ টাইব্রেকার পর্যন্ত মাঠে থাকতে পারেন কিনা, এ নিয়েই দেখা দিয়েছিল সংশয়। ম্যাচের নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে সুবাসিচের। শঙ্কায় তখন কেঁপে উঠেছিল পুরো ক্রোয়েশিয়াই। তখন সুবাসিচের উঠে যাওয়া মানেই যে ক্রোয়েশিয়ার ১০ জনের দল হয়ে যাওয়া। কারণ, আগেই যে নির্ধারিত সময়ের খেলোয়াড় বদলানোর সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে দলটি। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে দিয়েই দাঁতে দাঁত কামড়ে সুবাসিচ তাই মাঠে থাকলেন। পরের গল্পটা তো সবার জানাই।
তাতে আরেকবার ইতিহাসের অংশ হয়েছেন সুবাসিচ। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে তিনটি শট বাঁচিয়ে এক টাইব্রেকারে সবচেয়ে বেশি পেনাল্টি ঠেকানোর বিশ্বকাপ রেকর্ডে পর্তুগালের রিকার্দোর পাশে বসেছিলেন। পরশু ফিওদর স্মোলভের শট আটকে আরেকবার ইতিহাসে। বিশ্বকাপ ইতিহাসে টাইব্রেকারে সর্বোচ্চ চারটি শট ঠেকানো মাত্র তৃতীয় গোলরক্ষক সুবাসিচ। ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপ মিলিয়ে চারটি শট বাঁচিয়েছিলেন পশ্চিম জার্মানির নন্দিত-নিন্দিত গোলরক্ষক হ্যারল্ড শুমাখার। দ্বিতীয় নামটি ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে তোলার নায়ক সার্জিও গয়কোচিয়া। সুবাসিচের এবার সুযোগ তাঁদের ছাপিয়ে যাওয়ার। তবে এটা নিশ্চিত, সুবাসিচ নিশ্চয়ই চাইছেন না, তাঁর দলের ভাগ্য আরেকবার টাইব্রেকারে নির্ধারিত হোক।
পরেরটা পরে, আপাতত ক্রোয়াটরা গুণকীর্তন করে নিচ্ছে তাঁদের পেনাল্টি বীরের। দলটির অধিনায়ক লুকা মদরিচ তো বলেই দিলেন, পেনাল্টি না বাঁচাতে পারলেও সুবাসিচ তাঁর কাছে নায়ক হয়েই থাকতেন, ‘সে শেষ পর্যন্ত থাকতে চেয়েছিল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ঠিক জানা নেই, তাঁর কতটা কষ্ট হচ্ছিল। তবে শ্যুটআউটে কী দুর্দান্তভাবেই না প্রথম শটটা বাঁচাল ও! আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সে থাকতে পারবে কি না। সে বলল, পারবে। ঈশ্বরকে ধন্যবাদ, সে সুস্থ আছে।’
শুধু কি টাইব্রেকার, তার আগেই তো সুবাসিচের বিশ্বস্ত হাত ত্রাতা হয়েছে ক্রোয়েশিয়ার। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর আগেই যোগ করা সময়ে স্মোলভের শট আটকেছেন। অতিরিক্ত সময়ে বঞ্চিত করেছেন দালের কুজিয়াভকে।
সুবাসিচে সুবাসিত হয়ে শেষ চারে ক্রোয়েশিয়া, এটা তো বলাই যায়।