এ কী অভিযোগ!
প্যারাগুয়ের সঙ্গে কোপা আমেরিকার ম্যাচে বিরতির সময় আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে। ড্রেসিংরুম থেকে ফুরফুরে মেজাজেই বেরিয়ে আসছিলেন মেসি-ডি মারিয়া। হাত দিয়ে মুখের হাসি আড়াল করে কিছু একটা বলছিলেন দুজন। বোঝাই যাচ্ছিল, কোনো একটা ব্যাপার নিয়ে রসিকতা করছেন। সেই ‘রসিকতা’ নিয়েই তোলপাড় আর্জেন্টাইন গণমাধ্যমে। আর্জেন্টাইন দৈনিক এল দিয়াসহ আরও বেশ কয়েকটি পত্রিকার দাবি, মেসি-ডি মারিয়া কোচ টাটা মার্টিনোকে নিয়ে হাসাহাসি করছিলেন। ভিডিও ফুটেজে দুজন অস্ফুটে এ রকম কিছুই বলেছেন! ‘ম্যাচটা সহজ হবে না’—মার্টিনোর এমন কথা নিয়েই টিটকারি মারছিলেন দুজন। চার দিন আগে ম্যাচটা আর্জেন্টিনা জিতলে এত কথা হতো না। কিন্তু অতিরিক্ত সময়ে গোল খেয়ে আর্জেন্টিনা ড্র করেছে ২-২ গোলে। মেসি-ডি মারিয়ারা যদি আসলেই কোচকে ব্যঙ্গ করে থাকেন, সেই ফলটা হাতেনাতেই পেয়েছেন। মেইল অনলাইন।