এ কী করলেন সুয়ারেজ!

‘কাপটাই তো ছেড়ে দিলে বাছা’! স্টিভ ওয়াহর এ মন্তব্যটি ক্রিকেটে প্রায় রূপকথা হয়ে গেছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হার্শেল গিবস ক্যাচ ফেলার পর নাকি এমটাই বলেছিলেন ওয়াহ। লুইস এনরিকে কাল তাঁরই মিতা লুইস সুয়ারেজের কাঁধে আলতো করে হাত দিয়ে বলতে পারতেন, ‘শিরোপাটাই তো মিস করে বসলে লুইস!’
লিগের এ শেষ মুহূর্তে একটু ভুল হলেই যেখানে সর্বনাশ, সুয়ারেজ সেখানে গত রাতে সেভিয়ার বিপক্ষে করলেন ছেলেমানুষি কয়েকটা মিস। এর মধ্যে ম্যাচের ৫০ মিনিটে যে মিসটি করেছেন, তার খেসারত বার্সাকে কতটা দিতে হয় কে জানে। কে জানে, হয়তো এই একটা মিসই লিগ শেষে হতাশায় পোড়াবে বার্সাকে। একটুর জন্য লিগ শিরোপা পুনরুদ্ধার করতে না পারার হতাশা!
সুয়ারেজ প্রথম সুযোগটা হাতছাড়া করলেন ৩৩ মিনিটে। তবে মারাত্মক ভুলটা করলেন ৫০ মিনিটে। আন্দ্রেস ইনিয়েস্তার শটটা ঠেকিয়ে ঠিকমতো দাঁড়াতেও পারেননি সেভিয়ার গোলরক্ষক সার্জিও রিকো। অনেকটা ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল দিতে পারেননি সুয়ারেজ। জোরালো এক শটে বল উড়িয়ে দিলেন বারের ওপর দিয়ে! সুয়ারেজ তৃতীয় সুযোগটা হাতছাড়া করলেন ৬৯ মিনিটে। এসব সুযোগে ম্যাচটা জয় নয়, পেতে হলো ড্রয়ের সান্ত্বনা। একই সঙ্গে লিগ শিরোপা জয়ের স্বপ্নটাও ধাক্কা খেল। অথচ ১৪ মিনিটে বাঁ পায়ে বাঁকানো শটে লিওনেল মেসির অসাধারণ গোল, ৩১ মিনিটে মেসির গোলটার চেয়েও চোখে পরশ বুলিয়ে দেওয়া নেইমারের ফ্রি-কিক থেকে সরাসরি গোল। ম্যাচের আধঘণ্টাতেই ২-০ গোলে যাওয়া ম্যাচটা ড্র হয় কী করে!
ক্লদিও ব্রাভো আর জেরার্ড পিকের কারণে। এই মৌসুমে নিজের সবচেয়ে বড় ভুলটা কালকেই করতে হয় ব্রাভোকে! এভার বানেগার দূরপাল্লার শটটি দুর্দান্ত ছিল অবশ্যই। কিন্তু সেটি ব্রাভো ঠেকাতে পারবেন না? হাত লাগিয়েও ফসকে গিয়ে ঢুকে পড়বে জালে! আর পিকে? এমন ভুল লিগের এই পর্যায়ে। তাঁর ভুল পাসটাই তো ম্যাচের শেষ মুহূর্তে গোল এনে দিল সেভিয়াকে। শুধু ভুল পাসই দেননি, বোকার মতো চেয়ে চেয়ে দেখেছেন হোসে আন্তেনিও রেয়েসের ক্রসটা।
আর এনরিকে? জঘন্য খেলছেন সুয়ারেজ, দুর্দান্ত খেলছেন নেইমার। কী অবিশ্বাস্য ফ্রি-কিকটাই না করেছেন, মেসির সঙ্গে তাঁর বোঝাপড়াটাও সুয়ারেজের তুলনায় ভালো। এই অবস্থায় সুয়ারেজের বদলে এনরিকে কিনা তুলে আনলেন নেইমারকেই! যেটা মানতে পারছিলেন না নেইমার নিজেও। প্রকাশ্যেই জানিয়েছেন নিজের অসন্তোষ।
তাই, শুধু সুয়ারেজকে নিয়ে নয়; বার্সা সমর্থকেরা হয়তো কপাল চাপড়ে বলছে, এ কী করলেন ব্রাভো, এ কী করলেন পিকে! এবং অবশ্যই, এ কী করলেন এনরিকে!