এ কী দশা সেই মোহামেডানের!

এক সময় ফুটবলের সেরা দল ছিল তারা। দীর্ঘ সময় রাজত্ব করেছে দেশের ঘরোয়া ফুটবলে। প্রধান দুই ক্লাবের একটি সেই মোহামেডান শিরোপা জেতে না অনেক বছর হলো। কিন্তু তাই বলে অবনমন! ক্লাবের দীর্ঘ ইতিহাসে এবার সেই লজ্জার শঙ্কার সামনে দাঁড়িয়ে ক্লাবটি। এবার প্রশ্নটাই উঠে গেল—মোহামেডান কি শেষ পর্যন্ত অবনমন বাঁচাতে পারবে!
আরও ছয়টি ম্যাচ হাতে থাকায় এখনই উত্তর দেওয়ার সম্ভব নয়। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ঐতিহ্যবাহী দলটির পক্ষে অবনমন বাঁচানো অনেক কঠিন। শেষ চার ম্যাচে মোহামেডান ঘরে তুলতে পেরেছে মাত্র দুটি পয়েন্ট। গত ম্যাচে বিজেএমসির সঙ্গে এগিয়ে থেকেও ২-২ ড্র। আজ তো ২-০ গোলে হেরে গেল মুক্তিযোদ্ধার কাছে। লিগে এটি সাদাকালোর ষষ্ঠ হার।
এক সময় মোহামেডান লিগে ম্যাচ হারত একটি বা বড়জোর দুটি। কিন্তু গত কয়েক বছর ধরে হার যেন নিত্যসঙ্গী। প্রতিষ্ঠিত কোনো কোচও এখন নেই মোহামেডানের। জসিমউদ্দিন জোসি লিগের প্রথম পর্বের মাঝপথে দায়িত্ব ছাড়ার পর থেকে মোহামেডানের কোচ নিয়ে ধাঁধা চলছে। কাগজ-কলমে মিজানুর রহমান ডনকে কোচ বলা হচ্ছে, তবে অলিখিত কোচ আসলে ম্যানেজার আমীরুল ইসলাম বাবু। কিন্তু ম্যাচের পর নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলনেও আসেন না মোহামেডানের কেউ।
আগের ম্যাচের মতো আজও মোহামেডানের কেউ কথা বলেনি ম্যাচের পর। একটা ঐতিহ্যবাহী দলের সঙ্গে যা একেবারেই বেমানান। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট এখন ১৪। সমান ম্যাচে সকারের ১০। এক ম্যাচ কম খেলে বারিধারার ১৩।
আজ এম এ আজিজ স্টেডিয়ামে ৪ মিনিটেই গোল পেয়ে যায় মুক্তিযোদ্ধা। সোহেল রানার ৩০ গজ দূর থেকে এক ফ্রিকিকে ১-০। শেষ মিনিটে প্রতিআক্রমণে বিপুল করলেন ২-০। তবে মুক্তিযোদ্ধার নায়ক গোলরক্ষক মামুন খান। ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডানের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান জাতীয় দলের বাইরে থাকা এই গোলরক্ষক। তাঁর হাত ধরেই মূলত চার ম্যাচ পর জয়ের মুখ দেখল মুক্তিযোদ্ধা। ১৬ পয়েন্ট পয়েন্ট নিয়ে লাল জার্সিধারীরা এখন পয়েন্ট টেবিলের সাতে।