এ কী সম্ভাষণ চেলসি খেলোয়াড়দের!

চেলসির কষ্টার্জিত জয়ের রাতে যোগ হয়েছে আর এক কাণ্ড। খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার পর দেখা গেল কুইন্স পার্ক রেঞ্জার্সের নিজেদের মাঠের যত্রতত্র পড়ে রয়েছে বোতল, শক্ত কাগজ, ধাতব মুদ্রা, লাইটারের মতো বিভিন্ন বস্তু। চেলসি খেলোয়াড়দের লক্ষ্য করেই ছোঁড়া হয়েছিল এসব। সেস ফ্যাব্রিগাসের শেষ মুহূর্তের গোলে চেলসির জয়টা একেবারেই সহ্য করতে পারেনি সমর্থকেরা। জিনিসপত্র ছুঁড়ে তাই প্রতিপক্ষ চেলসিকে জানিয়েছে সম্ভাষণ।
পয়েন্ট তালিকার ১৮ নম্বরে থাকা কিউপিআরের ওপর এমনিতেই রেলিগেশনের খড়্গ ঝুলছে। ৩৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট মোটে ২৬। জিতেছে তারা মাত্র ৭টি খেলায়। ড্র করেছে ৫ টিতে এবং হেরেছে ২১টি ম্যাচে। তবে কালকের ম্যাচে কিউপিআর খেলেছে দারুণ।। টানা ৮৮ মিনিট তাদের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য-দুর্গ। তাই হয়তো খেলা শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে ফ্যাব্রিগাসের গোলটি কুইন্স পার্কের সমর্থকেরা হজম করতে পারেনি। খেলা শেষ হওয়া মাত্রই মাঠের দিকে চেলসি খেলোয়াড়দের লক্ষ্য করে জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকেন তারা। চেলসির খেলোয়াড়েরা তখন জয় উদ্যাপন করবে আর কোথায়, উল্টো নিজেদের মাথা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। ব্রানিস্লাভ ইভানোভিচের মাথায় এসে আঘাত করে একটি লাইটার। মাঝ মাঠের খেলোয়াড় নামেঞ্জা মাতিচের গায়ে আঘাত করে একটি ধাতব মুদ্রা। পরে সেটি রেফারি আন্দ্রে মারিনারের হাতে দিয়ে দেন তিনি।

কিউপিআরের কোচ এ রকম জিনিস ছুঁড়ে মারার ঘটনাটি ভালোভাবে নিতে পারেননি। সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা কখনই চাই না যে মাঠের বাইরে থেকে সমর্থকেরা কোনো বস্তু ছুঁড়ে মারুক। কেউ যদি তা করতেই চায়, তাহলে তাদের মাঠে আসার দরকার নেই।’ তবে হোসে মরিনহো এই বিতর্কে নিজেকে টানতে নারাজ। মাঠ এবং মাঠের বাইরে সবই ঠিক ছিল বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, ‘কেউ যদি একটি পাউন্ড ছুঁড়ে মারে, তবে তা পকেটে ভরে ফেল। যদি সেটা চকলেট হয় তবে খেয়ে নাও। কোনো সমস্যা নেই।’ খেলার মাঠে রেফারির ভূমিকারও প্রশংসা করেন তিনি। ফুটবল অ্যাসোসিয়েশন এখন ম্যাচ রেফারির প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। তারপরেই তারা সিদ্ধান্ত নেবে যে গ্যালারিতে দর্শকদের আচরণ নিয়ে কোনো তদন্তের প্রয়োজন আছে কী নেই। সূত্র: মেইল অনলাইন