এ কী হলো ইউনাইটেডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদের পারফরম্যান্সে অবাক ফন গাল? ছবি : রয়টার্স
ছাত্রদের পারফরম্যান্সে অবাক ফন গাল? ছবি : রয়টার্স

কঠিন, খু-উ-ব কঠিন! এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে লুই ফান গালকে, তা কি আগে ভেবেছিলেন এ ডাচ কোচ? ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই সোয়ানসির বিপক্ষে পরাজয়, পরের ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র। এরপর ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) মিলটন কিনস ডনসের (এমকে ডনস) বিপক্ষে বিধ্বস্ত হওয়া! আর আজ লিগে অবনমন অঞ্চলে থাকা বার্নলির বিপক্ষে ০-০ ড্র। ম্যানচেস্টার ইনাইটেডের ব্যর্থতার তালিকা হাঁফ ধরিয়ে দেওয়ার মতোই!

ইউনাইটেডে ডি মারিয়ার অভিষেকটা ভালো হলো না। ছবি: রয়টার্স
ইউনাইটেডে ডি মারিয়ার অভিষেকটা ভালো হলো না। ছবি: রয়টার্স

কদিন আগে রেকর্ড গড়ে দলবদল করা অ্যাঙ্গেল ডি মারিয়াকে আজই মাঠে নামিয়ে দিলেন ফন গাল। ৭০ মিনিটে অবশ্য আর্জেন্টিনা মিডফিল্ডারকে তুলে নেন ডাচ কোচ। মাঠে ছিলেন ওয়েইন রুনি, রবিন ফন পার্সি, ড্যানি ওয়েলবেক, হুয়ান মাতার তারকারা। কিন্তু ফন গালের সেনানীরা নিদারুণ ব্যর্থ! তারকায় ঠাসা দলটা একবারও খুঁজে পেল না প্রতিপক্ষের জাল! ‘রেড ডেভিল’রা কয়েকবার আক্রমণ করেছিল বটে, তবে বার্নলির জমাট রক্ষণ ভেদ করার জন্য তা যথেষ্ট নয়। উল্টো বার্নলি কয়েকবার কাঁপিয়েছিল ইউনাইটেডের রক্ষণভাগ।
স্যার অ্যালেক্স ফার্গুসন গ্যালারিতে বসে সাবেক ছাত্রদের খেলা দেখেছেন আজ। হয়তো রুনিদের পারফরম্যান্স দেখে সাবেক ‘রেড ডেভিল’ গুরুর বুক চিরে দীর্ঘশ্বাসই বেরিয়ে আসছিল। আর ভাবছিলেন—এ কী হলো ইউনাইটেডের! এ রোগের ওষুধ কী? ফার্গুসনের বিদায়ের পর ইউনাইটেডের সেই যে ত্রাহি দশা শুরু, এখনো তা কাটেনি। কবে কাটবে, তা-ও অজানা! সূত্র: স্টার স্পোর্টস ২।