এ কেমন চুল পেপের!

কখন যে কী করে বসেন, বোঝা মুশকিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই যে টমাস মুলারকে অহেতুক ঢুস মেরে লাল কার্ড দেখবেন, সেটা কে-ই বা অনুমান করতে পেরেছিল? মাঠে নানা বিতর্কিত কাণ্ড ঘটিয়ে আগেও বেশ কয়েকবার আলোচনার কেন্দ্রে এসেছিলেন পেপে। কিন্তু পর্তুগিজ এই ডিফেন্ডার এবার যে কাণ্ডটি করেছেন, তাতে নিশ্চয়ই চোখ কপালে উঠে গেছে অনেকের।
ভয়ে চুল খাড়া হয়ে যাওয়ার কথা এত দিন শুধু কল্পনাই করে নিতে হতো। কিন্তু সত্যিই ব্যাপারটা কেমন হতে পারে, সেটার একটা ধারণা হয়তো অনেকেই পেয়ে যাবেন পেপের দিকে তাকালে। অদ্ভুতুড়ে এক চুলের স্টাইল দিয়ে আলোচনায় এসেছেন ৩১ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার। পেপের নতুন এই চুলের ছাঁট নিশ্চিতভাবেই জায়গা করে নেবে অদ্ভুতুড়ে চুলের স্ট্রাইলের তালিকার শুরুর দিকে।
ঝাঁকড়া চুলের পেপেকে দেখা গিয়েছিল এবারের ব্রাজিল বিশ্বকাপে। সেই চুলগুলোই খাড়া খাড়া করে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
ফুটবল অঙ্গনে অদ্ভুত চুলের স্টাইল নতুন কিছু না। কিন্তু পেপের মতো এমন চুলের ধরন খুব কমই দেখা গেছে।