এ কোন ইউনাইটেড!

স্কোরলাইনটা তাক লাগিয়ে দেওয়ার মতো। ৪-০। বিশাল ব্যবধানের এই হার যদি প্রিমিয়ার লিগের কোনো পরাশক্তির কাছেও হয়, তাতেও তো তুলকালাম হয়ে যাওয়ার কথা ওল্ড ট্রাফোর্ডে। অথচ পরশু ক্যাপিটাল ওয়ান কাপে (লিগ কাপ) ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা এমন হার দেখলেন তৃতীয় বিভাগের দল মিলটন কিনস ডনসের (এমকে ডনস) বিপক্ষে! ‘অধিক শোকে পাথর’ উপমাটা বোধহয় ঠিক এ রকম মুহূর্তগুলোতেই ব্যবহার করতে হয়!
অথচ এই ম্যাচটার ঠিক আগেই ওল্ড ট্রাফোর্ডে প্রায় উৎসবের আমেজ ছিল। ফুটবল ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে অ্যাঙ্গেল ডি মারিয়া ততক্ষণে ইউনাইটেডের হয়ে গেছেন। প্রিমিয়ার লিগের এই মৌসুমে প্রথম দুই ম্যাচের একটিতেও জয় নেই ইউনাইটেডের। ডি মারিয়াই বুঝি হবেন তাদের ‘ত্রাণকর্তা’! কে জানত এমন স্বপ্ন দেখার রাতটা দুঃস্বপ্নে পরিণত হবে রেড ডেভিলদের জন্য!
ফুটবল বিশ্বে তো বটেই, প্রতিপক্ষের নামটা হয়তো খোদ ইংল্যান্ডেই অনেকটা অচেনা। অথচ মাত্র ১০ বছর আগে প্রতিষ্ঠিত সেই এমকে ডনস ক্লাবটাই যেন ছেলেখেলা করল ইউনাইটেডকে নিয়ে। না, পরশুর ম্যাচে প্রথম সারির দল নামাননি ইউনাইটেড কোচ লুই ফন গাল। রুনি, ফন পার্সি, মাতারা কেউই ছিলেন না। কিন্তু আদনান ইয়ানুজাই, ড্যানি ওয়েলবেক, হাভিয়ের হার্নান্দেজ, শিনজি কাগাওয়াদের নিয়ে গড়া দলটাও যে এভাবে হারবে—সেটা কি ইউনাইটেড সমর্থকদের দূরতম কল্পনাতেও ছিল?
লজ্জাজনক এই হারে লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় হয়ে গেছে ইউনাইটেডের। প্রিমিয়ার লিগ থেকে যে দলগুলো চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা কাপে খেলার সুযোগ পায়, তারা লিগ কাপে খেলে তৃতীয় রাউন্ড থেকে। কিন্তু এবার ইউরোপাতেও খেলার সুযোগ না পাওয়ায় লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু করতে হয়েছিল ইউনাইটেডকে। এর আগে ১৯৯৫ সালেও দ্বিতীয় রাউন্ড থেকে লিগ কাপ শুরু করেছিল রেড ডেভিলরা। সেবারও ইয়র্ক সিটির কাছে ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছিল ইউনাইটেড।
লজ্জাজনক এই হারের পরও অবশ্য সমর্থকদের আশার কথা শুনিয়েছেন ফন গাল, ‘এই হার অবশ্যই খুব হতাশাজনক। কিন্তু আমি আশা করব তারা (সমর্থক) এই ক্লাব এবং আমার দর্শনে বিশ্বাস রাখবে। কারণ দর্শন প্রতিষ্ঠা করতে সময় লাগে। আমরা একটা নতুন দল গড়ছি। আর আপনি এক মাসে, এক বছরে নতুন দল গড়তে পারবেন না।’
এমকে ডনস কোচ কার্ল রবিনসন রীতিমতো হাওয়ায় উড়ছেন। যে দলের মোট দাম আড়াই লাখ পাউন্ড, যে দলের খেলোয়াড়দের মিলিত বেতন শুধু ডি মারিয়ার সম্ভাব্য বেতনের এক-চতুর্থাংশেরও কম, সে দল নিয়েই তিনি প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটিকে হারিয়েছেন। রবিনসনের কথাটা শুনুন, ‘মাঠে হাঁটতে হাঁটতে স্কোরলাইনটার দিকে তাকিয়ে আমারই তো একটা বিশাল ধাক্কা লাগছে। এটা হাস্যকর। মনে হচ্ছে এ যেন আমার খেলোয়াড়দের জন্য স্বপ্ন।’ এএফপি, ডেইলি মেইল।
তৃতীয় বিভাগের দলের কাছে ৪ গোল!
l গত পরশু লিগ কাপের এই ম্যাচের আগে এমকে ডনসের জয়ের পক্ষে বাজির দর ছিল ৩০০/১
l সর্বশেষ ৯টি লিগ কাপে ৪ বারই ইউনাইটেড বিদায় নিয়েছে তাদের চেয়ে নিচের বিভাগের দলের কাছে হেরে
l এই প্রথম লিগ কাপে নিজেদের চেয়ে নিচের বিভাগের কোনো ক্লাবের কাছে ৪ গোল খেল ইউনাইটেড