এ কোন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুটবল মাঠে ঢুস বা হালকা ধাক্কাধাক্কি চোখ-সওয়া ব্যাপারই। তবে প্রতিপক্ষের কারও গলা চেপে ধরাটা একটু বাড়াবাড়ি। আর কাজটা যখন লিওনেল মেসি করেন, সেটা নিয়ে ফুটবল-বিশ্বে তোলপাড় হওয়াটাই স্বাভাবিক। আর যা-ই হোক, মেজাজ হারানোটা তো মেসির সঙ্গে যায় না! পরশু হোয়ান গাম্পার ট্রফিতে রোমার সঙ্গে ম্যাচটা অভূতপূর্ব এ ঘটনারই সাক্ষী হলো। আরও অবাক করা ব্যাপার, এমন একটা কাণ্ডের পরও, লাল কার্ড নয়, হলুদ কার্ড দেখেই পার পেয়ে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা! রোমার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয় বা মেসির গোলের চেয়ে এ ঘটনাতেই আলোড়িত এখন ফুটবল-বিশ্ব।
নামে ট্রফি হলেও আসলে প্রীতি ম্যাচ। আবহ সে রকমই ছিল, অন্তত ৩৩ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের বক্সে মেসি বল নিয়ে ঢোকার পরেই বাজে অফসাইডের বাঁশি। রোমার ক্যামেরুনিয়ান ডিফেন্ডার মাপু ইয়াঙ্গা-এমবিয়া কী একটা যেন বলে মেসির দিকে এগিয়ে যান। মেসিও মাথাটা এগিয়ে হালকা ঢুস দেন প্রতিপক্ষকে। তবে এর চেয়েও খারাপ ব্যাপারটা ঘটে এরপর, মেসি হাত দিয়ে টুঁটি চেপে ধরেন এমবিয়ার!
এমন একটা কাজের পর পত্রপাঠ লাল কার্ড পাওয়াই স্বাভাবিক। তবে স্প্যানিশ রেফারি হাভিয়ের এস্ত্রাদা ফার্নান্দেজ বোধ হয় প্রীতি ম্যাচের আবহটা নষ্ট করতে চাননি। মেসি-এমবিয়া দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিয়েছেন। অবশ্য নিন্দনীয় ঘটনাটির রেশ কাটাতেও মেসির সময় লাগেনি। ৭ মিনিট পরই দারুণ একটা গোলে বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করেছেন। এর আগে নেইমারের গোলে ২৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। বিরতির পর দূরপাল্লার দুর্দান্ত এক শটে বার্সেলোনার জয় নিশ্চিত করে দিয়েছেন ইভান রাকিটিচ।
গুরুত্বহীন একটা ম্যাচে কেন এভাবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালেন মেসি? আর্জেন্টিনার হয়ে অভিষেকে লাল কার্ড ছাড়া ক্যারিয়ারে এ রকম আর কোনো কালো দাগ নেই। পরশু মাঠ ছেড়ে মেসিকে হয়তো বেরিয়ে যেতে হয়নি, কিন্তু মাঠে এত দিনের নিষ্কলুষ ভাবমূর্তিতে একটু কালি ঠিকই ছিটিয়ে দিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলারটি! এএফপি, মেইল অনলাইন।