এ কোন ক্যাসিয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলপোস্টে অচেনা ক্যাসিয়াস!-রয়টার্স
গোলপোস্টে অচেনা ক্যাসিয়াস!-রয়টার্স

চোখ বন্ধ করে একবার ভাবুন তো! ইকার ক্যাসিয়াস নামটা বললে কোন দৃশ্যটা সবচেয়ে বেশি কল্পনায় ভাসবে? সৌম্য চেহারার স্প্যানিশ গোলরক্ষকের কোনো পয়েন্ট-ব্ল্যাঙ্ক সেভ কিংবা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে দুর্দান্ত রিফ্লেক্সে টানা দু-তিনটি শট বাঁচিয়ে দেওয়ার অবিশ্বাস্য মুহূর্তগুলোই তো! কিন্তু ইদানিং কোথাও যেন সুরটা কেটে গেছে। ওই দৃশ্যগুলোকেই আজ কেমন যেন দূর অতীতের কোনো মনে হচ্ছে। 

চ্যাম্পিয়নস লিগে পোর্তো-ডায়নামো কিয়েভ ম্যাচটা আরেকবার এভাবে মনে করাতে বাধ্য করছে। এ ক্যাসিয়াসকে যে অচেনা মনে হচ্ছে! কালকের এই ম্যাচটি দেখিয়ে দিল—বয়স একটু একটু করে ছাপ ফেলছে ক্যাসিয়াসের ওপর। তাঁর পাঞ্চ কিছুটা জোর হারিয়েছে, গ্লাভস এখন আর আগের মতো নির্ভরতা দেয় না। এখনো হয়তো অন্য অনেক গোলরক্ষকের চেয়ে ভালো ক্যাসিয়াস, তবে ‘অবিসংবাদিত সেরা’ আর তিনি নন। তাঁর অভাবিত ভুলেই তো কাল দ্বিতীয় গোলটা খেল পোর্তো, ম্যাচটাও হেরে এখন আছে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার আশঙ্কায়।
দ্বিতীয়ার্ধের ১৯ মিনিট চলছে তখন। বল নিয়ে পোর্তোর বক্সে ঢুকে পড়েছেন কিয়েভ ফরোয়ার্ড দারলিস গনজালেস। পোর্তো মিডফিল্ডার জিয়ানেলি ইমবুলার বাধা সত্ত্বেও যে শটটি নিলেন দারলিস, সেটি ঠেকাতে হয়তো নিজের সেরা সময়ের ক্যাসিয়াসকে কোনো কসরতই করতে হতো না। কিন্তু ওই যে, বয়সটা যে ৩৪ হয়ে গেছে। নিজের গ্লাভসের ওপর ক্যাসিয়াসের বিশ্বাসটা যে আর আগের মতো জোরালো নেই। যেমন জোর ছিল না দারলিসের এই নির্বিষ শটটাতে যে পাঞ্চ করলেন, তাতেও।
ক্যাসিয়াসের পাঞ্চ থেকে বল চলে যাওয়ার কথা ছিল বারের অনেক ওপর দিয়ে। কিন্তু তা আর হলো কই! উল্টো এই পোর্তো গোলরক্ষকের হাতে লেগে বলটা বাতাসে ভেসে উঠল। সুতো কাটা ঘুড়ির মতো গোত্তা খেয়ে গিয়ে পড়ল পোর্তোর জালে। নিজের ভুল যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না ক্যাসিয়াসের। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন, দৃষ্টি শূণ্য! হয়তো অদৃষ্টে তাকিয়ে কারণ খোঁজার চেষ্টা করছিলেন।
দিন দুয়েক আগে জিয়ানলুইজি বুফন বলেছিলেন, তাঁর দেখা এ সময়ের সেরা গোলরক্ষক ক্যাসিয়াস। নির্দিষ্ট করে বলেছিলেন, ‘ক্যাসিয়াসের হাত সব সময়ই ছিল আস্থার প্রতীক হয়ে।’ কী করুণ আক্ষেপ হয়েই না এল প্রশংসা বাক্যটি!
কাল ম্যা​চে নামার আগে পোর্তোর জন্য সমীকরণটা অনেক সহজ ছিল—পরের রাউন্ডে যেতে চাই শুধু একটা ড্র। কিন্তু ক্যাসিয়াসের ভুলের আগে পেনাল্টিতে আরেকটি গোল হজম করে ম্যাচটা পোর্তো হেরে গেছে ২-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচ চেলসির মাঠে। তাতে না জিতলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেহ বিদায় নিতে হবে।
তবে শুধু কালকের ম্যাচের এই ভুলই নয়। ক্যাসিয়াসের জন্য আরও একটু আক্ষেপের গল্প আছে পরিসংখ্যানেও। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে মোট তিনটি রক্ষণের ভুল করেছেন ক্যাসিয়াস। যা কিনা অন্য যেকোনো গোলরক্ষকের চেয়ে বেশি। ক্যারিয়ারে অনন্য সব রেকর্ড যাঁর হাত ধরে এসেছে, ফুটবলের সবগুলো শিরোপাই যিনি উঁচিয়ে ধরেছেন, তাঁর সঙ্গে এই রেকর্ডটা একদমই যায় না।
ফুটবলপ্রেমিরা নিশ্চয়ই আশা করছেন, এমন আক্ষেপের মুহূর্তগুলো যেন শুধু এক দুঃস্বপ্নের মতো হয়। এল, আবার চলেও গেল—যেন বেশিদিন না টেকে। আবার যেন চেনা রূপে ফিরে আসেন ক্যাসিয়াস। ‘সন্ত ইকারে’র বিদায়ের ক্ষণ যদি ঘনিয়েই এসে থাকে, তবে সেটি দুর্দান্ত কিছু স্মৃতি দিয়েই হোক না! তথ্যসূত্র: গোলডটকম।