এ কোন বায়ার্ন!
দুর্দম গতিতেই ছুটছিল বায়ার্ন মিউনিখ। কোনো ম্যাচে হার দূরে থাক, পেপ গার্দিওলার দল মৌসুমে ড্র-ই করেছিল মাত্র তিনবার। বড়দিনের লম্বা ছুটি কাটিয়ে আসার পর সেই বায়ার্নকে যেন খুঁজেই পাওয়া গেল না পরশু। বিশ্বাস করা যায়, মৌসুমের প্রথম ১৭ ম্যাচে যে দলের জালে বল গেছে মাত্র চারবার, সেই তারাই পরশু এক ম্যাচে খেল চার গোল! ভলফ্সবুর্গের কাছে ৪-১ গোলের হারটা বায়ার্নের জন্য বড় একটা আঘাত।
দুর্দান্ত প্রতি-আক্রমণেই বায়ার্নকে জেরবার করেছে ভলফ্সবুর্গ। পরে গার্দিওলা সেটা স্বীকারও করেছেন, ‘শুরুতেই একটি গোল পেয়ে গিয়েছিল তারা। আমরা ওদের প্রতি-আক্রমণ রুখতে পারিনি।’ বায়ার্ন অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের কণ্ঠেও একই প্রতিধ্বনি, ‘আমরা প্রচুর ভুল করেছি। খুব বেশি পরিমাণে বল হারিয়েছি আমরা, এটা আমাদের দিন ছিল না।’ ভলফ্সবুর্গ কোচ ডিয়েটার হেকিং স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত, ‘বায়ার্নকে হারাতে হলে আপনাকে এ রকমই খেলতে হবে। সবকিছুই শতভাগ পরিকল্পনা অনুযায়ী হয়েছে।’ ম্যাচের দুই অর্ধে দুই গোল করেছেন ক্লাবের ডাচ স্ট্রাইকার বাস ডস ও বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। এএফপি, গোলডটকম।