
প্যারিসে পরশু শুধু একজন পর্তুগিজ কিছুটা খুশিমনে মাঠ ছাড়তে পেরেছেন। না, ক্রিস্টিয়ানো রোনালদো নন। ম্যাচে তিনি খুশি হলে তো পুরো পর্তুগালই খুশি হতো। আনন্দটা একজন পর্তুগাল সমর্থকের, ম্যাচ শেষে যিনি নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে রোনালদোর সঙ্গে সেলফিবন্দী হতে পেরেছেন।
ছবি তোলার সময় কিছুটা কাষ্ঠহাসি ছিল মুখে, অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে রোনালদোকে এ ছাড়া হাসতে দেখা গেছে খুব কমই। তাঁর জন্য রাতটা যে ছিল ভুলে যাওয়ার মতো। এবারের ইউরোতে দ্বিতীয় গোলশূন্য ড্র ম্যাচ এটি (জার্মানি-পোল্যান্ড ম্যাচের পর)। তাতে সবচেয়ে নিষ্প্রভ তিনিই, যাঁর সবচেয়ে বেশি জ্বলে ওঠার কথা ছিল—রোনালদো! প্রথমার্ধে কয়েক গজ দূর থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছেন, এর আগে-পরেও বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে সবচেয়ে বেশি চোখে লেগেছে ৭৯ মিনিটে পেনাল্টিতে গোল করার ব্যর্থতা। পর্তুগিজ অধিনায়কের শট ফিরেছে পোস্টে লেগে।
অথচ বিস্মরণযোগ্য রাতটাই তাঁর জন্য ছিল রেকর্ড-গড়া। লুইস ফিগোকে টপকে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড (১২৮টি) গড়েছেন। সেটির গর্ব আছে, তবে হতাশাটাও লুকাননি রোনালদো, ‘ফিগোর মতো কিংবদন্তিকে টপকে ১২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গর্ব করার মতোই। কিন্তু সত্যি বলতে আমি হতাশ। রেকর্ডটা আমি এভাবে ভাঙতে চাইনি। সবচেয়ে সুন্দর উপায় হতো যদি আমরা জিততাম। সেটা পারিনি। ড্র করলাম। মনে মনে উপলক্ষটার এমন ছবি আঁকিনি আমি।’
রোনালদোর পটে আঁকা ছবিটা বিবর্ণ আসলে ওই পেনাল্টিতেই। কিছুদিন আগে হলেও কথাটা অবিশ্বাস্য শোনাত—রোনালদো পেনাল্টি মিস করেছেন! কিন্তু এই মৌসুমে এটি যেন নিয়মিত দৃশ্য, এ পর্যন্ত পাঁচটি পেনাল্টিতে গোল করতে পারেননি। ব্যর্থ সর্বশেষ পাঁচ পেনাল্টির চারটিতেই! শুধু কি পেনাল্টি? পরশুর ম্যাচের দুটি মিলিয়ে বিশ্বকাপ ও ইউরোতে ৩৬টি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি। অবস্থা এমনই যে, ম্যাচ শেষে প্রশ্ন উঠল, রোনালদোই কেন পর্তুগালের হয়ে সব সেট পিসে শট নেন? কোচ ফার্নান্দো সান্তোস প্রিয় ছাত্রকে আগলেই রাখছেন, ‘আপনাদের উদ্বেগটা বুঝতে পারছি, কিন্তু ক্রিস্টিয়ানোকে নিয়ে আমি এখানে কথা বলব না।’
একটা পেনাল্টি মিসের পরই এভাবে ‘হায় হায়’ রব তোলা হয়তো অনুচিতও। সময়ের অন্যতম সেরা ফুটবলার এমন প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে ঘুরে দাঁড়াতেই পারেন। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেই হয়তো সেটি হবে। রোনালদো নিজেও বলছেন, বিশ্বাসটা রাখুন, ‘আমরা খেলোয়াড়দের বিশ্বাস করা উচিত এখনো সবকিছু সম্ভব। জিতলেই পরের রাউন্ডে যাব। খারাপ সময়টা সব সময় থাকবে না। তাই আমাদের বিশ্বাস করা উচিত, সবকিছুই আরও ভালোর দিকে যাবে।’
রোনালদোর আশ্বাসে নতুন স্বপ্ন বুনতেই পারে পর্তুগাল। এমন পরিস্থিতিতে এর আগেও তো উদ্ধারকর্তা হয়ে এসেছিলেন সিআর-৭। ২০১৪ বিশ্বকাপের প্লে-অফে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিকটার কথা নিশ্চয়ই ভুলে যাননি। এএফপি, রয়টার্স।