এ তো সেই মোহামেডান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের বড় জয়ে বড় অবদান রেখেছেন জোড়া গোল করে। তার একটির পর সতীর্থদের উৎসবের মধ্যমণি স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা l সৌজন্য ছবি
মোহামেডানের বড় জয়ে বড় অবদান রেখেছেন জোড়া গোল করে। তার একটির পর সতীর্থদের উৎসবের মধ্যমণি স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা l সৌজন্য ছবি

বিস্ময় সবার চোখেমুখে। মোহামেডান কিনা ৫ গোলে উড়িয়ে দিল চট্টগ্রাম আবাহনীকে!
অতীতের সেই ক্ষুরধার মোহামেডান হলে বিস্মিত হওয়ার কিছু ছিল না। কিন্তু এই মোহামেডান সত্তর-আশি, এমনকি নব্বইয়ের মোহামেডানের কঙ্কাল। নিজেদের হারিয়ে খোঁজা ২০১৫-এর মোহামেডান লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে গোলে ভাসাবে ভাবাই কঠিন।
কিন্তু বাস্তবে তাই হলো। লিগে মোহামেডান ভুলতে বসা বড় জয়ের স্বাদ ফিরে পেল আবার। ২০০৯-১০ মৌসুমে তৃতীয় পেশাদার লিগে নারায়ণগঞ্জ আরামবাগকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সর্বশেষ বড় জয়। মাঝখানে ৪ গোলে জয় আছে কয়েকটি। ঠিক ৭৭ ম্যাচ পর কাল মোহামেডান ভেঙে ফেলল একটা দেয়াল। স্কোরলাইন ৫-০!
কোচ জসিমউদ্দিন জোসি খুবই খুশি। অনেকটা সময় আনন্দে ডুবে থাকলেন। জয়ের আশা করেছিলেন, তবে ৫ গোল ভাবেননি। বরং হারলেও খুব মন খারাপ করার কিছু থাকত না তাঁর। মোহামেডান দলটা এবার নবীনদের নিয়ে গড়া। বড় দলে খেলার অভিজ্ঞতা নেই এই খেলোয়াড়দের। তবে অন্তত প্রথম ম্যাচে তারুণ্যকে শক্তি হিসেবেই তুলে ধরতে পেরে জোসির আশা বড় হচ্ছে, ‘আমার এই দল কিন্তু ঘুমন্ত সিংহ। সিংহের গর্জন আপনারা শুনলেন তো?’
শেষ ৩০ মিনিট সত্যি ‘সিংহ’ই হয়ে উঠেছিল মোহামেডান। তবে প্রশ্ন হলো, সিংহের গর্জন পরের ম্যাচগুলোয় থাকবে তো? সামনে যে অনেক বড় পরীক্ষা।
চট্টগ্রামের দলটি প্রতিপক্ষ হিসেবে ভীতিকর তো নয়ই, ফিটনেস তাদের কম, দম হারিয়ে মোহামেডানের খেলোয়াড়দের সঙ্গে পেরে ওঠেনি। ৫৯-৭০ মিনিটে হওয়া ৩ গোলের প্রথম ও তৃতীয়টি করলেন মোহামেডানের ‘১০ নম্বর’ তৌহিদুল আলম সবুজ। দ্বিতীয় গোল ইসমাইল বাঙ্গুরার, ৮৫ মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল তাঁর। অতিরিক্ত সময়ে শেষ গোলটি করেছেন অধিনায়ক অরূপ বৈদ্য। প্রথম গোলটিই শুধু হেডে।
মোহামেডানের গোল উৎসবে খানিকটা ‘অবদান’ রেখেছেন চট্টগ্রাম আবাহনীর রাইটব্যাক মনসুর। তাঁকে বারবার পরাস্ত করে মোহামেডান খেলোয়াড়েরা ক্রস তুলেছেন। গোলরক্ষক এরশাদ সিদ্ধান্ত নিতে কিছু সময় দেরি করেছেন। জায়গামতো থাকতে পারেননি, ফলে মোহামেডান সহজেই গোল আদায় করে নিয়েছে।
দ্রুত প্রতি আক্রমণে উঠে গোল আদায়ের মুনশিয়ানাও এদিন দেখাল মোহামেডান। প্রতি আক্রমণে আসার সুযোগটা চট্টগ্রাম আবাহনীই তাদের করে দিয়েছে। মোহামেডানে দুই আফ্রিকান স্টপার এলিটা বেঞ্জামিন জুনিয়র ও মানসা সিলা দীর্ঘদেহী, তাঁদের সামনে বাতাসেই বেশি খেলছিল চট্টগ্রাম আবাহনী। দুই স্টপার তা দ্রুত ক্লিয়ার করে সামনে পাঠিয়েছেন, বাকিটা করেছে মাঝমাঠ।
তবে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি মোহামেডান। এই সময়ে বরং চট্টগ্রাম আবাহনী গোল পেতে যাচ্ছিল। একবার মোহামেডানকে বাঁচিয়েছে পোস্ট। দ্বিতীয়ার্ধে সব গেল পাল্টে।
কমলাপুর স্টেডিয়ামে কোনোরকমে থাকার ব্যবস্থা করেছে চট্টগ্রাম আবাহনী। ঘাড়ের ওপর রাস্তায় গাড়ি চলাচলের শব্দে সেখানে থাকা দায়। গরম তো আছেই। অনেক প্রতিকূলতা থাকলেও চট্টগ্রাম আবাহনীর এমন শুরু মানতে পারছেন না কোচ আহসানুজ্জামান ঝন্টু, ‘আমাদের সমস্যা অনেক। ঢাকায় এসে খেলা কঠিন একটা ব্যাপার। তার পরও প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে একদমই খেলতে পারিনি আমরা। উল্টো প্রতিপক্ষকে গোলের সুযোগ দিয়েছি।’
সেই সুযোগ মোহামেডান নিল দুহাত ভরে।
ব্রাদার্স-বিজেএমসি ড্র
ব্রাদার্সে এবার ভিড়েছেন গোলরক্ষক বিপ্লব, ডিফেন্ডার সুজনের মতো অভিজ্ঞ খেলোয়াড়। তাঁদের নিয়ে লিগের প্রথম ম্যাচে জয়ই প্রত্যাশা ছিল কমলা জার্সিধারীদের। কিন্তু কোনোরকমে জোড়াতালি দিয়ে গড়া বিজেএমসির কাছেই তারা আটকে গেল প্রথম ম্যাচে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই দলের ম্যাচটা থাকল গোলশূন্য। ব্রাদার্সকে গোললাইন থেকে একবার বাঁচিয়েছেন অধিনায়ক ইউসুফ। সেই ধাক্কা সামলে অগাস্টিন ভালো জায়গায় বল পেয়েও গোল করতে পারেননি। দিনটা ভালো কাটেনি সৈয়দ নইমুদ্দিনের দলের।