এ তো কর ফাঁকির এক একাদশ!
>ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ নিয়ে ফুটবল-বিশ্বে তোলপাড়। কিন্তু আরও অনেক তারকা ফুটবলার ও কোচও জড়িয়েছেন কর কেলেঙ্কারিতে। বলতে গেলে একটা ‘কর ফাঁকি একাদশই’ গড়ে তোলা যায়
হাভিয়ের মাচেরানো
মেসির বার্সেলোনা ও আর্জেন্টিনার সতীর্থ মাচেরানোকে গত বছর এক বছরের স্থগিত কারাদণ্ড দেন স্পেনের আদালত। স্থগিত সাজা মানে এখন তাঁকে এই সাজা ভোগ করতে হবে না। তবে একই অপরাধ আবার করলে সাজা ভোগ করতে হবে মাচেরানোকে। ২০১১ ও ২০১২ সালে ১.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বার্সার এই তারকা ডিফেন্ডার।
উলি হোয়েনেস
২৮.৫ মিলিয়ন কর ফাঁকি দেওয়ায় ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক ফরোয়ার্ডকে সাড়ে তিন বছরের জেল দিয়েছিলেন আদালত। সেই সময় বায়ার্নের সভাপতি ছিলেন হোয়েনেস। ২১ মাস কারাবাসের পর গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। বায়ার্নের সভাপতির পদে ফিরে আসেন নভেম্বরে।

লিওনেল মেসি
গত বছরের জুলাইয়ে নিষ্পত্তি হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকার কর ফাঁকির মামলা। স্পেনের আদালত তাঁকে ২১ মাস কারাদণ্ড দিয়েছেন। তবে সহিংস অপরাধ না করলে স্পেনের আইনে দুই বছরের নিচে কারাদণ্ড হলে সাজা খাটতে হয় না। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ইমেজ স্বত্বের অর্থ থেকে ৪.১৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।
রোমারিও
কর ফাঁকি দেওয়ার জন্য শাস্তি পেতে হয়েছে ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য রোমারিওকে। তবে তাঁকে কারাবাস করতে হয়নি। ২০০৯ সালে রিও ডি জেনিরোর আদালত রোমারিওকে আড়াই বছর সেবামূলক কাজ করার শাস্তি দিয়েছিলেন। একই সঙ্গে গুনতে হয়েছে ৩ লাখ ৯১ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

হোসে মরিনহো
২০১১ ও ২০১২ সালে ৩.৩ মিলিয়ন কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের বিরুদ্ধে। ওই সময়টায় রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন পর্তুগিজ এই কোচ।

ক্রিস্টিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরোর কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৩১ জুলাই তাঁকে শুনানির জন্য আদালতে যেতে হবে। সম্প্রতি রিয়াল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক। অনেকেই মনে করছেন কর ফাঁকির অভিযোগ নিয়ে ক্লাবের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাচ্ছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন চারবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো।

নেইমার
বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে ব্রাজিল ও স্পেনে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সায় নাম লেখানোর সময় চুক্তি নিয়ে করা দুর্নীতির জন্যও মামলা চলছে ব্রাজিলের এই তারকার বিরুদ্ধে। সেই সময়ে বার্সেলোনা প্রকৃত ট্রান্সফার ফি গোপন করেছিল বলে অভিযোগ। নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচের কথা বার্সার পক্ষে বলা হলেও পরে জানা যায়, অর্থের অঙ্কটা ১০ কোটি ইউরো। দুর্নীতির অভিযোগে নেইমারের দুই বছরের কারাদণ্ড চেয়ে গত নভেম্বরে স্পেনের আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
স্যামুয়েল ইতো
গত বছরের নভেম্বরে বার্সেলোনার সাবেক এই তারকা স্ট্রাইকারের ১০ বছরের কারাবাস আর ১৮ মিলিয়ন ইউরো জরিমানার শাস্তি চেয়ে আদালতে আবেদন করেছিলেন স্পেনের সরকারি আইনজীবীরা। বার্সায় খেলার সময় ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ক্যামেরুনের এই ফুটবলার ৩.৯ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বার্সেলোনায় খেলে আসা ব্রাজিলিয়ান ফুটবলার আদ্রিয়ান কোরেইয়া আর চিলির অ্যালেক্সিস সানচেজের বিরুদ্ধেও একই অভিযোগ আছে।

ডিয়েগো ম্যারাডোনা
ইতালির আদালত ২০০৫ সালে কর ফাঁকির জরিমানা হিসেবে ৩৭.২ মিলিয়ন ইউরো দিতে আদেশ দেন ম্যারাডোনাকে। ২০১২ সালের নভেম্বরে ইতালির আদালত জানান, আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে কিছু ভুল ছিল। আদালতের দেওয়া নির্দেশে পুনঃ তদন্ত চলছে। ২০০৯ সালে ম্যারাডোনা ইতালিতে গেলে কর আদায়ের জন্য তাঁর শখের কানের দুল খুলে নেয় পুলিশ।
রাদামেল ফ্যালকাও
অ্যাটলেটিকো মাদ্রিদে খেলার সময় ২০১২ ও ২০১৩ সালে ইমেজ স্বত্বের অর্থ থেকে ৫.৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে কলম্বিয়ার এই স্ট্রাইকারের বিরুদ্ধে। তদন্তের অংশ হিসেবে মোনাকোর স্ট্রাইকারের এজেন্ট মেন্ডেসকে তলব করেছিলেন স্পেনের আদালত।
অ্যাঙ্গেল ডি মারিয়া
গতকালই কর ফাঁকির অপরাধে আর্জেন্টাইন উইঙ্গার পেয়েছেন এক বছরের স্থগিত জেলের সাজা (অর্থাৎ জেলে যেতে হবে না), পাশাপাশি জরিমানা হয়েছে ১৭ লাখ ৬০ হাজার পাউন্ড। স্প্যানিশ কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, রিয়াল মাদ্রিদে থাকার সময় ১১ লাখ ৪০ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে আদালতের ঝামেলায়ই যাননি বর্তমানে পিএসজিতে খেলা এই উইঙ্গার, অপরাধ মেনে নিয়ে জরিমানা দিতে রাজি হয়েছেন।