গত চল্লিশ বছরে এমনটা হয়নি রিয়ালে
রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে অনুভূতিটা একটু অন্যরকম হওয়ারই কথা। মোটামুটি সব সময় তাঁরা দেখে এসেছেন, দলবদলের বাজারে তাঁদের প্রিয় ক্লাব বরাবরই থাকে সক্রিয়। বড় বড় দলগুলোও সবাইকে অবাক করে মেরে দেয় তারাই। প্রথম ‘গ্যালাকটিকোস’ যুগে দলে জিনেদিন জিদান, রোনালদো, লুইস ফিগো, মাইকেল ওয়েন, ডেভিড বেকহাম, রবার্তো কার্লোসের মতো তারকাদের আগমন থেকে শুরু করে দ্বিতীয় ‘গ্যালাকটিকোস’ আমলে ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, করিম বেনজেমাদের আসা— কিংবা অন্যান্য বছরেও দেখা গেছে বড় যেকোনো তারকাকে দলে ভেড়াচ্ছে বিশ্বের অন্যতম সেরা এই ক্লাব।
কিন্তু এবার? করোনাভাইরাসের প্রকোপে রিয়াল মাদ্রিদও খেলোয়াড় কেনার ব্যাপারে হয়েছে সাবধানী। এর মধ্যে অর্থনৈতিক সমস্যা কাটাতে যেখানে বেশ ক'বার খেলোয়াড়দের বেতন কমিয়েছে ক্লাব, এমন পরিস্থিতিতে কী খেলোয়াড় কেনা যায়? কিনলে হয়তো অসন্তুষ্টই হতেন রামোস, বেনজেমারা, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে রেগেমেগে হয়তো বলতেন, ‘আমাদের যেখানে বেতন কমাচ্ছেন, সেখানে টাকা খরচ করে নতুন খেলোয়াড় আনছেন কীভাবে?’
পেরেজ তাই সেই বিড়ম্বনায় যাননি এবার। রাগিয়ে দেননি দলে থাকা খেলোয়াড়দের। চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্নের মতো বড় বড় ক্লাবগুলো যেখানে একের পর এক খেলোয়াড় কিনে দলের শক্তি বাড়িয়েছে, রিয়াল সেখানে ছিল দর্শকের ভূমিকায়। অথচ করোনাভাইরাস না থাকলে হয়তো কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হরলান্ড কিংবা এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকাদের দিকে হাত বাড়াতো তারা।
এমনটা শেষ কবে হয়েছে? পরিসংখ্যান বলছে, সেই ১৯৮০ সালে সর্বশেষ কাউকে না কিনে থেকেছিল রিয়াল মাদ্রিদ। এর পর কেটে গেছে চার দশক। এই সময়ে প্রত্যেক বছরেই কাউকে না কাউকে কিনে দল ভারী করেছেন রিয়াল।
সেবার রিয়াল কেন খেলোয়াড় কেনেনি? আর্থিক সমস্যায় পড়েছিল দলটা। রিয়াল মাদ্রিদ আর আর্থিক সমস্যা, এই দুটো ব্যাপার একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, এমনটা এখন ভাবতে গেলে আশ্চর্য লাগলেও, তখন ঘটনাটা তেমনই ছিল। রিয়ালের দ্বাদশ সভাপতি লুইস দে কার্লোস তখন দায়িত্বে। সেবার মূল দলের শক্তি বাড়ানোর জন্য যুবদল কাস্তিয়ার দিকে হাত বাড়িয়েছিল রিয়াল। রিকার্দো গায়েগো, অগুস্তিন রদ্রিগেজ সান্তিয়াগো, পিনিয়েদা গার্সিয়া— সবাই এসেছিলেন যুবদল থেকে।
৮০’তে শিরোপাহীন থাকতে হয়েছিল রিয়ালকে। লিগে চ্যাম্পিয়ন হয়েছিল সোসিয়েদাদ, তাঁদের পেছনে থেকে লিগ শেষ করেছিল রিয়াল। বার্সেলোনা হয়েছিল পঞ্চম। কোপা দেল রে’তে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল রিয়াল, স্পোর্তিং গিহনের কাছে হেরে। তবে সুযোগ এসেছিল ইউরোপিয়ান কাপ জয়ের। শেষমেশ ফাইনালে লিভারপুলের কাছে হেরে শিরোপাস্বপ্নের জলাঞ্জলি দিতে হয় তাঁদের।
চল্লিশ বছর আগের ভাগ্য এবারও বরণ করতে হোক, সেটা অবশ্যই চাইবে না রিয়াল!