এ বিকেলটাও কলসিন্দুর-কন্যাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ দলের মেয়েদের এই বাঁধভাঙা আনন্দ জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে শিরোপা ধরে রাখার। ওরা সবাই বিখ্যাত সেই কলসিন্দুর স্কুলের ছাত্রী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
ময়মনসিংহ দলের মেয়েদের এই বাঁধভাঙা আনন্দ জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবলে শিরোপা ধরে রাখার। ওরা সবাই বিখ্যাত সেই কলসিন্দুর স্কুলের ছাত্রী। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

প্রিমিয়ার ফুটবল লিগে কাল খেলা ছিল না বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তাই বলে স্টেডিয়াম নিথর পড়ে ছিল না, বরং ছিল প্রাণোচ্ছল। একদল কিশোরীর মাঠজুড়ে দাপাদাপি, পুরস্কার বিতরণ, সাক্ষাৎকার, সে এক অন্য রকম বিকেল।
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবল ফাইনাল দেখতে এলেন এ মাসেই শিলিগুড়িতে অনুষ্ঠেয় সাফে খেলতে যাওয়া বাংলাদেশ দলের মেয়েরাও। তবে তাঁরা এসে ফাইনালের আগুনটা দেখতে পেলেন না। আগুনে পানি ঢেলে দিয়েছে ময়মনসিংহ। রংপুরকে এক ফুৎকারে উড়িয়ে (৬-০) তারা ধরে রাখল জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলের শিরোপা। গত বছরই টুর্নামেন্টটি চালু হয়েছিল।

সাজেদার সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বীকৃতি এই ট্রফি l প্রথম আলো
সাজেদার সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বীকৃতি এই ট্রফি l প্রথম আলো

কাগজে-কলমে ময়মনসিংহ জেলা দল, কিন্তু আসলে দলটি ওই জেলার ধোবাউড়া উপজেলার বিখ্যাত সেই কলসিন্দুর স্কুলের মেয়েদের। কলসিন্দুর খেলা মানে অন্যদের সম্ভাবনা শূন্যের ঘরে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেটা তারা দেখালও।
ময়মনসিংহের অধিনায়ক সাজেদার চোখে-মুখে গর্ব ফুটে বেরোয়, ‘আমরা চেয়েছিলাম শিরোপা ধরে রাখতে। সেটা পেরেছি। আমরা সবাই তাই খুব খুশি।’ ফাইনালে চারটিসহ টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ গোল করে সাজেদা পেয়েছে ‘গোল্ডেন বুট’। সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে তাজিকিস্তান সফর করেছে। এখন স্বপ্ন দেখছে জাতীয় দলে খেলার।
জাতীয় দলের সদস্য মার্জিয়ার বোন তানিয়া এই টুর্নামেন্টে খেলে এখন জাতীয় দলে নাম খেলানোর অপেক্ষায়। জাতীয় দলে খেলার স্বপ্ন আসলে সবার। টুর্নামেন্টে সেরা উদীয়মানের পুরস্কার পাওয়া রংপুরের সহ-অধিনায়ক রুনাও তা বলতে ভোলেনি। বাজেভাবে হেরে যাওয়ায় কাঁদো কাঁদো গলায় সে বলছিল, ‘এত দূর এসেও আমরা পারলাম না। তবে আশা করি, পরেরবার আমরা চ্যাম্পিয়ন হব। আর আমি নিজে জাতীয় দলে খেলতে চাই ভবিষ্যতে।’
এই মেয়েদের মধ্যে সেই সম্ভাবনাও আছে। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনের জহুরি চোখেও তা ধরা পড়েছে, ‘এদের অনেকের খেলাই ভালো। আশা করি, ওরা আস্তে আস্তে জাতীয় দলে চলে আসবে। এই টুর্নামেন্ট আমাদের কিছু নতুনের সন্ধান দিয়েছে।’
তবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেও যেভাবে স্বেচ্ছায় হেরে বাড়ি গেছে সাতক্ষীরা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ দেশের ফুটবলের বড় এক দুর্বলতা। ঢাকায় থাকা-খাওয়ার টাকা ফুরিয়ে যাওয়ায় সাতক্ষীরা ওই কাজটা করেছিল এবং তারা বলেছে অর্থ সহায়তা পায়নি অনেকের দুয়ারে গিয়েও।
এ বিষয়ে কাল বাফুফে সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বললেন, ‘আমরা তো খাওয়ার টাকা দিয়েছি সব দলকে। মহিলা ক্রীড়া সংস্থায় রেখেছি।’ কিন্তু একটি দলের জন্য সেই টাকা যথেষ্ট হয়নি। তবে টুর্নামেন্টে পুরস্কার দিতে এসে সালাউদ্দিন বলে দিলেন সব দায়িত্ব বাফুফের নয়, ‘আমরা তো সব টাকা দিতে পারব না। সেটা সম্ভবও নয়। তা ছাড়া তারা যাওয়ার আগে আমাদের বলেও যায়নি।’
কারণ যা-ই হোক, একটা দল সেমিফাইনালে উঠেও ফাইনালে যাওয়ার কোনো চেষ্টাই করল না! টাকার অভাবে বাড়ি চলে যাওয়া বড় ক্ষত হিসেবেই রয়ে গেল এবারের টুর্নামেন্টের গায়ে।