এ যাত্রা বেঁচে গেলেন তোরেস!

ফিল হিউজ মারা যাওয়ার পরই এটা হয়েছে—ক্রিকেট মাঠে কারও মাথায় বল লাগলেই ভয়ের একটা শীতল স্রোত নেমে যায় মেরুদণ্ড বেয়ে। আর ফুটবল মাঠে কেউ অজ্ঞান হলেই পেয়ে বসে অজানা ভয়। কাল দেপোর্তিভো লা করুনিয়া আর অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের সময় এমনই এক আতঙ্ক পেয়ে বসেছিল দর্শকদের। প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যালেক্স বেরগানতিনোসের সঙ্গে ধাক্কা খেয়ে খুব বাজেভাবে মাঠে পড়ে গিয়েছিলেন ফার্নান্দো তোরেস। জ্ঞানও হারিয়েছিলেন। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ জানিয়েছে, স্প্যানিশ এই স্ট্রাইকার এখন সুস্থ। মাথার বড় কোনো চোটের ভয় আর নেই।
ম্যাচের তখন ৮৫ মিনিট। দেপোর্তিভোর সীমানায় একটি হেড দেওয়ার জন্য লাফিয়ে উঠেছিলেন তোরেস। সেই সময়ই ধাক্কা লাগে বেরগানতিনোসের সঙ্গে। পাশে থাকা সতীর্থরা দ্রুতই তাঁর শুশ্রূষা শুরু করে। এগিয়ে আসে দেপোর্তিভোর খেলোয়াড়েরাও। কিছুক্ষণ পর স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে সোজা হাসপাতালে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে সবাই যেন আরও ভয় পাইয়ে দিয়েছিলেন, ‘বেঞ্চে বসেই আমরা শব্দটা শুনতে পেয়েছি। কী বাজেভাবে যে পড়েছে! আমরা ভয় পেয়ে গিয়েছিলাম—যে শব্দটা আমরা পেয়েছি সেটা ফার্নান্দোর ঘাড় ভাঙার কিনা!’
চেলসি ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার এখন ভালো থাকার কথা টুইটারে নিজেই জানিয়েছেন। ৩২ বছর বয়সী তারকা বলেছেন, একটু বেশি ভয়ই পেয়ে গিয়েছিলেন, ‘এটা শুধু ভয় ছিল। দ্রুতই ফিরব বলে আশা করি।’ সিমিওনে একই খবর দিয়েছেন, ‘পুরো অ্যাটলেটিকো পরিবার ভয় পেয়ে গিয়েছিল। তবে তার জ্ঞান ফিরেছে।’ তোরেসও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ‘আমাকে নিয়ে ভাবার জন্য সবাইকে ধন্যবাদ।’
তোরেসের যে কিছু হয়নি, এ যাত্রা যে তিনি বেঁচে গেলেন তাতে সবচেয়ে মানসিক শান্তি বুঝি পেয়েছেন বেরগানতিনোসই। এরই মধ্যে তোরেসের সঙ্গে তাঁর কথাও হয়েছে। তোরেস সুস্থ আছেন বলে খুব ভালো লাগছে বেরগানতিনোসের, ‘সে খুব ভালো আছে। সে আমাকে শান্ত থাকতে বলেছে। আর বলেছে এমন ঘটনা ফুটবলে ঘটতেই পারে।’
তোরেসের অবস্থা জানাতে গিয়ে এই ম্যাচের ফল চাপাই পড়ে গেল। দেপোর্তিভোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে অ্যাটলেটিকো। কিন্তু এমন ঘটনার দিনে ফল নিয়ে আর কেই বা ভাবে! পিছিয়ে পড়ার পর অ্যাটলেটিকো ড্র এনে দেওয়া গোলটি করা আঁতোয়ান গ্রিজমানও ম্যাচ শেষে তেমন কথাই বললেন, ‘আমি ফল নিয়ে ভাবছিই না। আমি শুধু তোরেসের অবস্থা জানতে চাই। আশা করছি সে ভালো আছে। দ্রুতই হয়তো সে ফিরবে।’ বিবিসি, মার্কা।