এ যেন নতুন এক ইতালি

বেলজিয়ামের বিপক্ষে গোলের আনন্দ ইতালির খেলোয়াড়দের। এমন আনন্দে এবারের ইউরোতে এখন পর্যন্ত ১১ বার মেতেছেন তাঁরা।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাহ। এভাবে চলতে দেওয়া যায় না!’

চোখে–মুখে রাজ্যের বিরক্তি নিয়ে প্রজেক্টর বন্ধ করে দিলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ভাইস কমিশনার আলেসসান্দ্রো কোস্তাকুর্তা। বন্ধুর হতাশা দেখে টেবিলের উল্টো পাশে বসা রবার্তো মানচিনির ঠোঁটে একটু হাসির আভা দেখা গেল। চোখে–মুখে দীপ্তি। যেন বন্ধুর হতাশ হওয়ার কারণ জানা আছে তাঁর, জানা আছে বিরক্তি ঘোচানোর দাওয়াই। আর কোস্তাকুর্তা বিরক্ত হবেন না-ইবা কেন? তিন ঘণ্টা ধরে দুজন যে ইতালির খেলা দেখলেন, সে ইতালিকে যে তাঁরা একদমই চেনেন না!

গল্পটা এই ইতালির নয়। এই যে ইতালি এবারের ইউরোতে দুর্দান্ত খেলছে, মুগ্ধ করছে, একের পর এক ম্যাচ জিতে চলেছে, সর্বশেষ পরশু রাতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়ামকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠে গেছে দোর্দণ্ড প্রতাপে, গল্পটা সেই ইতালির নয়।

কোস্তাকুর্তা ও মানচিনির ওই সাক্ষাৎ ২০১৮ সালে, ইতালির ফুটবল যখন একেবারে তলানিতে। ৬০ বছর পর কোনো বিশ্বকাপে না থাকার ময়নাতদন্ত করতে বসেছিলেন সেদিন তাঁরা। বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের বিপক্ষে দুটি প্লে-অফ ম্যাচের রিপ্লে দেখছিলেন তাঁরা সেদিন। সুইডেনের সোলনায় ১-০ গোলে হেরে আসা ইতালি মিলানে পরের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল। দুই লেগ মিলিয়ে হেরেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাদ পড়েছিল রাশিয়া বিশ্বকাপ থেকে। ওই দুটি ম্যাচের রিপ্লে দেখতে দেখতেই অসহায় দৃষ্টিতে এসি মিলানের কিংবদন্তি সেন্টারব্যাক কোস্তাকুর্তা তাকালেন পাশে বসে থাকা বন্ধুর দিকে।

হ্যাঁ, ইতালি কখনোই অতি আক্রমণাত্মক দল হিসেবে পরিচিত ছিল না। কোস্তাকুর্তা থেকে শুরু করে মালদিনি, নেস্তা, বারেসি, কানাভারো, চিরেয়া, জেন্টাইল, বের্গোমি, বুর্গনিচ, ফাচেত্তি—ইতালিয়ান ফুটবলের কিংবদন্তিদের নাম বলতে গেলে মাথায় আক্রমণভাগের খেলোয়াড়দের চেয়ে রক্ষণসেনাদের কথাই প্রথমে আসে। তাই বলে দল একেবারেই আক্রমণ করতে ভুলে যাবে? যুগ যুগ ধরে নীল জার্সি পরে টট্টি, দেল পিয়েরো, বাজ্জো, মাজ্জোলা, রিভা, ভিয়াল্লি কিংবা জোলার মতো তারকারাও তো মাঠ কাঁপিয়েছেন, তাই না?

বন্ধু কোস্তাকুর্তার মনের ভাষা পড়তে পেরে মানচিনি নিজেই বলা শুরু করলেন, ‘দেখো, এই ম্যাচে আমাদের দরকার ছিল গোল করার। গোল করার জন্য অবশ্যই আক্রমণ করতে হবে, প্রতিপক্ষের বক্সের মধ্যে থাকতে হবে সুযোগসন্ধানী শিকারির মতো। সে কাজটা কি এই দলের কেউ করেছে?’

কোস্তাকুর্তা নিশ্চুপ। তিনি জানেন, উত্তর—‘না’। দুই স্ট্রাইকার বেলোত্তি-ইম্মোবিলে; নিজের অর্ধে পড়ে ছিলেন। এভাবে কি গোল হয়? মানচিনি বলতে থাকলেন, ‘তুমি যদি চাও ইতালি আক্রমণাত্মক খেলুক, তাহলে তুমি ঠিক মানুষের কাছেই এসেছ।’ বন্ধুর কথা শুনে যেন হালে পানি পেলেন কোস্তাকুর্তা। এই কথাটাই তো শুনতে চাচ্ছিলেন এতক্ষণ ধরে!

২০১৮ সালের মে মাসের এক নিস্তরঙ্গ বিকেলে মানচিনি-কোস্তাকুর্তার পারস্পরিক সম্মতিতেই শুরু হলো ইতালিয়ান ফুটবলের নতুন পথচলা। চিরায়ত রক্ষণের নীল ক্যানভাসের ওপর যেদিন আক্রমণের তুলি বোলানোর লাইসেন্স পেলেন মানচিনি। পেলেন নিজের মতো করে ‘মোনালিসা’ আঁকার ক্ষমতা।

মোনালিসা আঁকার কাজটা যে সঠিক পথেই আছে, সেটা ফুটবলপ্রেমীরা মন্ত্রমুগ্ধের মতো দেখছেন এখন। তুরস্কের আঁটসাঁট রক্ষণ থেকে শুরু করে সুইজারল্যান্ড-অস্ট্রিয়ার নিরন্তর প্রেসিং, ওয়েলসের বেল-র‍্যামসিদের স্বতন্ত্র প্রতিভার ঝলক—প্রতিবন্ধকতার অভাব ছিল না কোনো। তবু কিছুই আটকাতে পারছে না নতুন এই ইতালিকে।

খেলোয়াড়ি জীবনে সাম্পদোরিয়া, লাৎসিওর হয়ে সবুজ মাঠে সৃষ্টিশীলতার ফুল ফোটানো মানচিনি শিষ্যদের মধ্যেও সেই একই আক্রমণাত্মক মানসিকতা ঢুকিয়ে দিতে পেরেছেন, অন্তত এবারের এই কয় ম্যাচে ইতালির খেলা দেখে এটা বলা যায়। এই ইতালি গোল খাওয়ার পর মিইয়ে যায় না। এগিয়ে যাওয়ার পর অগ্রগামিতা ধরে রাখার জন্য দাঁত কামড়ে নিজেদের অর্ধে পড়েও থাকে না। এই ইতালি অকুতোভয়। এক গোল করার পরও যাদের দৃষ্টি থাকে দ্বিতীয় গোল করার দিকে। দ্বিতীয় গোলের পর তৃতীয়টার দিকে।

পাঁচ ম্যাচে ১১ গোল এই বার্তাই দেয়। এক স্পেন ছাড়া আর কেউ এবারের ইউরোতে ইতালির চেয়ে বেশি গোল করেনি। এমনকি ইতালি নিজেও এর আগে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এত বেশি গোল করেনি।

আর গোলগুলো আসছেও বিভিন্ন মাধ্যম থেকে। শুধু আক্রমণভাগের খেলোয়াড়েরাই যে গোল করছেন, তা কিন্তু নয়। মাঝমাঠ ও আক্রমণভাগ—দুই জায়গা থেকেই গোল এসেছে সমান পাঁচটা করে। লেফটব্যাক স্পিনাৎসোলা থেকে শুরু করে ম্যাচসেরা হয়েছেন মিডফিল্ডার লোকাতেল্লি, উইঙ্গার কিয়েসা ও ইনসিনিয়া। কিয়েল্লিনি-বোনুচ্চির বর্ষীয়ান রক্ষণভাগ থেকে শুরু করে বারেল্লা, ভেরাত্তি, পেসিনা, ইম্মোবিলে কিংবা বেরার্দি —যাঁর যা ভূমিকা, সেটা পালন করছেন দক্ষভাবে। মূল একাদশের খেলোয়াড়েরা না পারলে বেঞ্চে থেকে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন অন্য কেউ। এই ইতালি একা কারও প্রতিভার ওপর নির্ভরশীল নয়।

সেমিফাইনালে প্রতিপক্ষ স্পেন, কিন্তু ইতালির সামনে তাদেরও রীতিমতো ম্লান মনে হচ্ছে। মানচিনির এই দল টানা ৩২ ম্যাচ অপরাজিত, মাঝে টানা ১১ ম্যাচ গোল খায়নি একটাও। এখন ওরা হারলে, সেটাই তো হবে ‘অঘটন’। মানচিনির ইতালি এখন এতই অপ্রতিরোধ্য!