এ যেন ভৌতিক সিনেমা!

৮৭ মিনিট পর্যন্ত সমীকরণ, বার্সাকে করতে হবে কমপক্ষে তিনটা গোল। সম্ভব? কাল রাতে ম্যাচের ফল জানার পরও মনে হচ্ছে না এ সম্ভব কিছু! এখনো বিশ্বাস করতে কষ্ট হয় এমনই এক রূপকথার জন্ম দিয়ে কাল বার্সেলোনা জিতে গেল ৬-১ গোলে।
কোচ লুইস এনরিকে যেন ভাষা হারিয়ে ফেলেছিলেন ম্যাচ শেষে, ‘আজ রাতে যা ঘটল, সেটি বর্ণনা করার ভাষা আমার নেই। ড্রামা নয়; ম্যাচটিকে কেবল একটি ভৌতিক সিনেমার সঙ্গেই তুলনা করা চলে। কোচ কিংবা খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্পে অনেক ম্যাচ দেখেছি, খেলেছি। বিশ্বাস করুন, এমন অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। আমি একটা জিনিস দিয়েই এই জয়কে সংজ্ঞায়িত করতে চাই। খেলোয়াড়দের বিশ্বাস ছিল, তারা পারবে। সমর্থকেরাও আস্থা রেখেছিল প্রিয় দলের খেলোয়াড়দের প্রতি।’
প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পর পরে লেগে ৬-১ গোলে হার রীতিমতো অবিশ্বাস্য। বার্সেলোনা দুটি পেনাল্টি পেয়েছে। পিএসজির দুটি পেনাল্টির দাবি নাকচ হয়েছে। পিএসজি কোচ উনাই এমেরি দ্বিতীয়ার্ধের দুটি পেনাল্টির কথাই বললেন, ‘দ্বিতীয়ার্ধে এটা বদলে দিয়েছে সব। শুরুতেই মেসির পেনাল্টি ওদের দারুণ একটা শুরু এনে দিয়েছে। আমি তখনো ঠান্ডা মাথাতেই ছিলাম, কারণ দ্বিতীয়ার্ধে আমাদের দলও দারুণভাবে পাল্টা জবাব দিচ্ছিল। মাঠেও আমরা ভালো অবস্থায় ছিলাম, যেকোনো সময় ওদের ক্ষতি করে দিতে পারতাম।’
রেফারির সিদ্ধান্ত নিয়ে অবশ্য সরাসরি প্রশ্ন তিনি করেননি। তাঁকে বরং বেশি পোড়াচ্ছে কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়ার নিশ্চিত গোলের সুযোগ দুটি কাজে লাগাতে না পারা। কাভানি নিজের দ্বিতীয় গোল থেকে বঞ্চিত হয়েছেন গোলপোস্টে টের স্টেগেনকে একা পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হয়ে। শেষ মুহূর্তে পা বাড়িয়ে বল রুখেছেন টের স্টেগেন। বদলি হিসেবে নামা প্রথম লেগের নায়ক ডি মারিয়া প্রায় একই রকম পরিস্থিতিতে বল চিপ করেছেন গোলমুখের বাইরে।
এর একটা গোল হয়ে গেলেই বার্সাকে তখন করতে হতো সাত গোল! এমেরি বললেন, ‘আমাদের ৩-২ স্কোর লাইন করে ফেলার সুযোগ এসেছিল। এরপর রেফারির ওই সিদ্ধান্তগুলো, জানি না সেটা সঠিক নাকি ভুল। কিন্তু এটা জানি, সিদ্ধান্তগুলো আমাদের ক্ষতি করেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা যা কিছু আদায় করে নিয়েছিলাম, সব চেষ্টা বৃথা হয়ে গেল শেষ দুই মিনিটে।’
এমন হারে তোলপাড় চলছে পিসএজি শিবিরে। ম্যাচের শেষ ৭ মিনিটে বার্সেলোনার কাছে ৩ গোল হজমের পর প্যারিসে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্লাবের কাতারি সভাপতি নাসের আল খেলাফি কিছুতেই মেনে নিতে পারছেন না এই হার, ‘প্রথম লেগে ৪-০ গোলে জেতার পর কোনো দল যদি একই দলের কাছে পরের লেগে সুবিধাজনক জায়গায় থেকে ৬-১ গোলে হার মানে, সেটি মেনে নেওয়া যায় না।’
৯৫ মিনিটে গোল করে মুহূর্তেই নায়ক বনে যাওয়া সার্জি রবার্তো কী বলছেন? কেমন ছিল ওই মুহূর্তটা। ওই একটা শট, হয় বার্সেলোনাকে পার করে দেবে কিংবা দেবে না। এমন শট নেওয়ার সময় কী ভাবনা খেলে যাচ্ছিল তাঁর মাথায়? রবার্তো বললেন, ‘আমি আমার সবটুকু এর পেছনে ঢেলে দিয়েছিলাম। আমরা এর জন্য প্রস্তুত ছিলাম। আর সমর্থকেরাও এমন গলা ফাটিয়েছে, মাঠে যেন আমাদের দশটা খেলোয়াড় বেশি ছিল।’ সূত্র: এএফপি।