এ যেন সিনেমার গল্প সত্যি হয়ে যাওয়া!
বলা হয়, বাস্তব জীবনের প্রতিচ্ছবিই হলো সিনেমা।
তাই বলে সিনেমার সঙ্গে বাস্তব জীবনের এমন মিল! অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড, যে খবর দেখে ফুটবলভক্ত মাত্রই চোখ কচলে দ্বিতীয়বার পড়ে দেখেছেন, নিশ্চিত হয়েছেন, কোনো ভুল হচ্ছে কি না!
'গোল' সিনেমাটার কথা মনে আছে?
ফুটবলভক্ত হন আর না হন, এই সিনেমা দেখেননি এমন মানুষ পাওয়া যাবে খুব কম। ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দেখা যায় মেক্সিকোর এক অখ্যাত ক্লাবের হয়ে খেলা স্ট্রাইকার সান্তিয়াগো মুনিয়েজের কথা, যার স্বপ্ন সত্যি হয় ইংলিশ প্রিমিয়ার লিগে আসার মাধ্যমে। মুনিয়েজের খেলা দেখে মুগ্ধ হয়ে তাঁকে কিনে নেয় ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। সেখানে আলো ছড়িয়ে নাম লেখান রিয়াল মাদ্রিদে। সিনেমায় স্বনামে অভিনয় করেছিলেন জিদান থেকে শুরু করে বেকহাম, মেসি, রোনালদো, রোনালদো নাজারিও, রাউল, অঁরি, জেরার্ডসহ একগাদা ফুটবলার। স্পোর্টবাইবেল ওয়েবসাইটের মতে পৃথিবীর সেরা ফুটবলবিষয়ক সিনেমার খেতাব জিতেছিল এই ‘গোল’।
সিনেমার মতোই এবারের দলবদলে মেক্সিকো থেকে একজন অখ্যাত স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এটুকু পড়েই যদি ‘গোল’ সিনেমার সঙ্গে মিল খোঁজা শুরু করেন তাহলে জেনে নিন, যে স্ট্রাইকারটিকে নিউক্যাসল দলে এনেছে, তাঁর নাম সান্তিয়াগো মুনোজ! সিনেমার মূল চরিত্রের নাম ছিল সান্তিয়াগো মুনেজ। ‘ও’ আর ‘এ’র তফাৎ শুধু!
১৯ বছরের এই স্ট্রাইকারের নামের সঙ্গে সিনেমার প্রধান চরিত্রের এই অদ্ভুত কাকতাল দেখেই গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম মেতেছিল সান্তিয়াগো মুনোজকে নিয়ে। প্রশ্ন উঠেছিল, নিউক্যাসল কি ইচ্ছে করেই এমন একজনকে কিনল, যার সঙ্গে ‘গোল’ সিনেমার প্রধান চরিত্রের এত মিল? মেক্সিকান ক্লাব সান্তোস লাগুনা থেকে ১৮ মাসের ধারে নিউক্যাসল এনেছে এই বাস্তব জীবনের মুনোজকে। এই ১৮ মাসে মুনোজ নিউক্যাসলকে সন্তুষ্ট করতে পারলে পাকাপাকিভাবে তাঁর সঙ্গে চুক্তি করবে ইংলিশ দলটা।
২০১৯ সালে কনক্যাকাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল মেক্সিকো। সেই টুর্নামেন্টে পাঁচ গোল করে আলো কেড়েছিলেন এই মুনোজ। সান্তোস লাগুনার হয়ে গত মৌসুমেই অভিষেক হয়েছে তাঁর। ১৩ ম্যাচে ৩ গোল করেছেন, ৩ গোলে সহায়তা করেছেন।
সিনেমার মুনেজ অভিষেকেই নিউক্যাসলের হয়ে পেনাল্টি জিতেছিলেন। মৌসুমের শেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে শেষ মুহূর্তের ফ্রি-কিকে জিতিয়েছিলেন দলকে, নিউক্যাসলকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগে। মুনোজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পরে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাঁকে কিনে নিয়েছিল। বাস্তবের মুনোজের জন্য এখনই মূল একাদশের দরজা হয়তো খুলবে না। দলে আছেন ক্যালাম উইলসন, অ্যালাঁ-সাঁ ম্যাক্সমাঁর মতো স্ট্রাইকার।
তা হোক, সেসব পরের কথা। পরে যা হওয়ার সেটা হবেই। আপাতত সিনেমার সঙ্গে বাস্তব জীবনের এই মিল দেখে কল্পবিলাসী হতে ক্ষতি কোথায়!