এ শুধু রোনালদোর দিন

আসি আসি করেও যেন আসছিল না মুহূর্তটা। আগের তিন ম্যাচে যেভাবে গোল পেতে পেতেও পাননি, মনে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর বোধ হয় অপয়া কিছু ভর করেছে। অবশেষে পরশু এল সেই মাহেন্দ্রক্ষণ—এক ম্যাচেই পেলেন ২ গোল। মালমোর সঙ্গে প্রথম গোলে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন, পরের গোলে ছুঁয়ে ফেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে রাউলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড (৩২৩)।
উদ্যাপন হয়তো আড়াই হাজার কিলোমিটার দূরের মাদ্রিদেই করতে চেয়েছিলেন। কোথায় ৮০ হাজার দর্শকে ঠাসা বার্নাব্যু, আর কোথায় ২৪ হাজার দর্শকের মালমো স্টাডিয়ন! রিয়ালের প্রথম একাদশে বেল-মডরিচ-রদ্রিগেজরাও ছিলেন না। ২-০ গোলের জয়ের দুটি গোলই শেষ পর্যন্ত এসেছে রোনালদোর পা থেকে। ২৯ মিনিটে ইসকোর পাস থেকে প্রথম গোল, ম্যাচের শেষ দিকে ভাসকেজের পাসে রাউলের পাশে বসার গোলটি।
এমন কীর্তির পর রোনালদো-বন্দনা শুরু হবেই। সতীর্থ আলভারো আরবেলোয়া যেমন বললেন, ‘রাউলের অর্ধেক ম্যাচ খেলেই সে এটা করে ফেলেছে, অবিশ্বাস্য! কেউ একসময় ভাবেনি এসব রেকর্ড তার হবে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদে ও একজন কিংবদন্তি, ক্লাবের মিথের অংশও।’ রাফায়েল বেনিতেজ অবশ্য এখনই রোনালদোর গলায় রিয়ালের সর্বকালের সেরার মালা পরাচ্ছেন না, ‘আশা করছি, ও এখানেই থামবে না। আমি আগেই বলেছি, এই দলে ও সব প্রশ্নের ঊর্ধ্বে। রিয়ালের ইতিহাসে আমরা আরও অনেক গ্রেটকে দেখেছি, তবে ও বাকিদের চেয়ে অনেক কম সময়ে এটা করেছে।’
মালমোর গোলরক্ষক ইয়োহান উইল্যান্ড বর্ণনা করেছেন ম্যাচের মজার একটা ঘটনা। শেষ বাঁশির পর রোনালদো তাঁর দিকে এগিয়ে জানতে চাইলেন, ‘আমার এত শট না ঠেকালে কি চলত না?’ জবাবে উইল্যান্ড বলেছেন, ‘তুমিই বা আমাকে এতগুলো গোল দিলে কেন?’ এরপর দুজন হেসে দুজনকে জড়িয়ে ধরেছেন।
রাউলের ৩২৩ গোল করতে যেখানে ৭৪১ ম্যাচ লেগেছে, সেখানে রোনালদো সেটা করেছেন ৩০৮ ম্যাচে! সেই সঙ্গে এই শতাব্দীর প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০ গোলের রেকর্ড ছোঁয়া তো একরকম অতিমানবীয় কীর্তিই। এমন অর্জনের দিনে রোনালদো একটা ধনুকভাঙা পণ থেকে সরে এলেন। গত ফেব্রুয়ারিতে অ্যাটলেটিকোর কাছে ৪-০ গোলে পরাজয়ের পর ছিল তাঁর জন্মদিন। সেটির উদ্যাপন নিয়ে তখন তুমুল সমালোচনা হয়েছিল সিআর ৭-এর। এরপর থেকে স্প্যানিশ প্রচারমাধ্যমের সঙ্গে কোনো কথাই বলেননি। এদিন সেই নীরবতা ভাঙলেন অবশেষে।
এমন দিনে স্বাভাবিকভাবেই আপ্লুত রোনালদো, ‘আমি রেকর্ডটা ছুঁতে পেরে খুবই খুশি। তবে সবচেয়ে বড় ব্যাপার, আমরা জয় পেয়েছি।’ প্রশ্ন উঠল, রিয়ালের হয়েই কি ক্যারিয়ার শেষ করবেন? রোনালদোর স্পষ্ট কোনো উত্তর নেই, একটা ধোঁয়াশা তিনি রেখে দিচ্ছেন, ‘এই মুহূর্তে রিয়ালে আমি সুখী। রিয়ালের হয়ে আমি আরও অনেক কিছুই জিততে চাই। তবে ভবিষ্যতে কী হবে সেটা তো কেউ বলতে পারে না।’ এএফপি।