এই আকালে রিয়াল এমবাপ্পেকে কেনার টাকা কোথায় পেল?
গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে আর বেশি বাকি নেই। শেষে এসে জমে উঠেছে এবারের দলবদল। বিশেষ করে শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার শেষ চেষ্টার কারণে।
এর মধ্যেই আজ আবার খবর এল, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি হয়ে গেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির, এখন শুধু রোনালদোর দলবদলের মূল্য নিয়ে জুভেন্টাসের সঙ্গে বোঝাপড়া বাকি ইংলিশ ক্লাবটির।
রোনালদো শেষ পর্যন্ত সিটিতে যেতে পারবেন কি না, সে এক প্রশ্ন। আর রিয়াল মাদ্রিদ–ভক্তদের উদ্বেগ, এমবাপ্পেকে শেষ পর্যন্ত রিয়াল নিতে পারবে তো?
রিয়াল এরই মধ্যে এমবাপ্পের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পিএসজিকে। প্রস্তাবটা প্রথমে ছিল ১৬ কোটি ইউরো, তারপর দ্বিতীয় দফায় ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। কিন্তু এমবাপ্পের মতো একজন প্রতিভাকে এত ‘কম দামে’ ছাড়তে রাজি নয় পিএসজি।
প্যারিসের ক্লাবটি জানিয়ে দিয়েছে, এই প্রস্তাব যথেষ্ট নয়। তারা রিয়ালের প্রথম প্রস্তাবটা ফিরিয়েও দিয়েছে। এটা পরিষ্কার যে এমবাপ্পেকে পেতে প্রস্তাবটা আরও বড় অঙ্কেরই দিতে হবে রিয়ালকে। স্পেন, ফ্রান্সের সংবাদমাধ্যমের খবর, অন্তত ২০ কোটি ইউরো চায় পিএসজি!
কিন্তু ফুটবল বিশ্বে আলোচনা—করোনাকালে যেখানে সব ক্লাবই আর্থিকভাবে নড়বড়ে, রিয়াল সভাপতি পেরেজই যেখানে মাস দুয়েক আগে এই ‘অর্থকষ্ট’কে কারণ দেখিয়ে ইউরোপিয়ান সুপার লিগ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিলেন—এখনো চালিয়ে যাচ্ছেন, রিয়ালের স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারকাজও চলছে...এমন টানাটানির দিনে রিয়াল এমবাপ্পেকে পেতে এত টাকা কোথায় পাচ্ছে?
এই তো গত এপ্রিলেই রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ফুটবল রুগ্ন হয়ে যাচ্ছে। তাঁর ভাষ্য ছিল, বিদ্রোহী লিগ হিসেবে পরিচিতি পাওয়া ইউরোপিয়ান সুপার লিগ ছাড়া রিয়ালের মতো ক্লাবও টিকে থাকতে পারবে না। একই সময়ে ৭৪ বছর বয়সী পেরেজ আরও একটি কথা বলেছিলেন, দলবদলের বাজারের বর্তমান প্রেক্ষাপটে তাঁর ক্লাবসহ কেউই এমবাপ্পে বা আর্লিং হরলান্ডের মতো কোনো খেলোয়াড়কে এই গ্রীষ্মে দলে টানতে পারবে না। এবারের গ্রীষ্মে বড় অঙ্কের দলবদল সেভাবে দেখা যাবে না বলেও জানিয়েছিলেন।
চার মাস পর এসে কী দেখা যাচ্ছে? সুপার লিগ প্রকল্প ব্যর্থ হওয়ার পরও রিয়াল এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে পেতে তাদের এই অঙ্কটা আরও বাড়াতে হবে বলেই ফুটবল সংশ্লিষ্ট সবার ধারণা। পিএসজিতে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর এক বছরই বাকি আছে। অন্যদিকে করোনা মহামারির কারণে রিয়াল তাদের খেলোয়াড়দের বেতন কমিয়েছে এবং দলবদলে এবার বলতে গেলে কোনো অর্থই খরচ করেনি এখন পর্যন্ত।
তাহলে এমবাপ্পের সঙ্গে চুক্তিটা কীভাবে সম্পন্ন করবেন পেরেজ? ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের স্প্যানিশ লিগবিষয়ক প্রতিবেদক রিক শর্মা সেটি ব্যাখ্যা করেছেন।
অনেক বছর ধরেই এমবাপ্পেকে অনুসরণ করে আসছেন পেরেজ এবং সব সময় তাঁর কণ্ঠে ফরাসি স্ট্রাইকারের প্রশংসাই শোনা যায়। এমবাপ্পেকে দলে টানার কথা কয়েক মৌসুম ধরেই ভাবছে রিয়াল। আর এমবাপ্পেও রিয়ালে নাম লেখানোর স্বপ্ন দেখে আসছেন আগে থেকেই। কিন্তু ফিফার আর্থিক সংগতির নীতি এখানে একটা বিষয়।
পেরেজ অবশ্য আগে থেকেই এমন কিছুর জন্য রিয়ালকে তৈরি করে রেখেছেন।
এ মৌসুমে একমাত্র ডেভিড আলাবাকেই দলে টেনেছে রিয়াল, তা-ও আবার কোনো দলবদল ফি ছাড়াই। মাঝে ২০১৯-২০ মৌসুমে এডেন হ্যাজার্ড, লুকা ইয়োভিচদের কেনা বাদ দিলে গত কয়েক মৌসুমে পেরেজ বড় কোনো কিছুর জন্য অর্থ জমা করে রেখেছেন কম খরচে তুলনামূলক তরুণ ফুটবলার দলে ভিড়িয়ে। অন্যদিকে বার্সেলোনার দিকে তাকালে দেখবেন, তারকার পর তারকা দলে টেনে ৪৫ কোটি ১০ লাখ ঋণাত্মক ব্যালেন্স তৈরি করেছে। আর রিয়ালের মূল্যমান এখন ৫৩ কোটি ৪০ লাখ ইউরো।
২০১৪ সালে হামেস রদ্রিগেজের পর রিয়ালের বড় অঙ্কের চুক্তি বলতে শুধু এডেন হ্যাজার্ডকে দলে টানা। বেলজিয়ান ফরোয়ার্ডকে ২০১৯ সালে দলে টানতে ১০ কোটি ইউরো খরচ করেছে রিয়াল। হ্যাজার্ডের বাজে পারফরম্যান্স আর মহামারিসৃষ্ট আর্থিক অবস্থার অবনতির কারণে পেরেজ এর মধ্যে বড় কোনো চুক্তি করেননি। তবে এমবাপ্পেকে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। লিওনেল মেসিকে হারিয়ে দুর্বল হয়ে বার্সেলোনাকে আরও চাপে ফেলতে এমবাপ্পের দিকে বেশি করে ঝুঁকছে রিয়াল।
রিয়াল সাম্প্রতিক সময়ে খেলোয়াড় কেনাবেচার মাধ্যমে আর্থিক একটা ভারসাম্য তৈরি করে ফেলেছে। ২০১৬ সালে তারা আলভারো মোরাতাকে জুভেন্টাস থেকে মাত্র ৩ কোটি ইউরোতে কিনেছিল। সে বছরই তারা খেলোয়াড় বিক্রি করে আয় করে ৩ কোটি ৭০ লাখ ইউরো। আর ২০১৭ সালে মোরাতাকে আবার চেলসির কাছে বিক্রি করেছে ৬ কোটি ৬০ লাখ ইউরোতে। আরও খেলোয়াড় বিক্রি করে সব মিলিয়ে ১৩ কোটি ২০ লাখ ইউরো আয় করে রিয়াল। আর সব মিলিয়ে খেলোয়াড় কেনায় ব্যয় করেছে মাত্র ৪ কোটি ইউরো।
২০১৮ সালে অবশ্য খেলোয়াড় বেচা ও কেনার হিসাবটা প্রায় সমানে সমান ছিল। ২০১৯ সালে আবার খেলোয়াড় কেনায় একটু বেশিই ব্যয় করে ফেলে রিয়াল। কিন্তু গত বছর আবার সেটা মিটিয়ে নিয়েছে। খেলোয়াড় কেনায় একটি কানাকড়িও খরচ করেনি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। উল্টো খেলোয়াড় বিক্রি করে পেয়েছে প্রায় ১০ কোটি ইউরো। এ বছরও খেলোয়াড় বিক্রি থেকে প্রায় ৮ কোটি ইউরো আয় করলেও কাউকে কেনার জন্য কোনো ব্যয় করেনি রিয়াল। ‘মুফতে’ পাওয়া আলাবার বেতনটা একটু বেশি হলেও সের্হিও রামোস আর রাফায়েল ভারান চলে যাওয়ায় সেখানেও ভারসাম্য এসে গেছে।
অন্যদিকে স্টেডিয়াম সংস্কারের জন্য রিয়ালের খরচ প্রায় ৮০ কোটি ইউরো হলেও সেটা খেলোয়াড় কেনায় কোনো প্রভাব ফেলবে না। কারণ, এই অর্থ তারা ঋণ নিয়েছে এবং সেটা ফেরত দিতে পারবে ৩০ বছর ধরে। সব মিলিয়ে এমবাপ্পেকে ১৬ কোটি বা এর কিছু বেশি ট্রান্সফার ফি দিয়েও দলে টানতে হলে রিয়াল মাদ্রিদের ফিফার আর্থিক সংগতি নীতি ভাঙার কোনো প্রয়োজন পড়বে না।