এই আর্জেন্টিনা নিয়ে কত দূর যাবেন সাম্পাওলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-বিহীন আর্জেন্টিনাকে নিয়ে হতাশায় ভুগতে হচ্ছে সাম্পাওলিকে। ছবি: এএফপি
মেসি-বিহীন আর্জেন্টিনাকে নিয়ে হতাশায় ভুগতে হচ্ছে সাম্পাওলিকে। ছবি: এএফপি

শুধুই একটি প্রীতি ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি সারতে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ মানেই হালকা মেজাজের খেলা, কিন্তু ম্যাচে যা হলো তাতে সাম্পাওলির কপালে দু-একটি ভাঁজ চিরস্থায়ী হয়ে যেতে পারে! প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া দল শেষ পর্যন্ত কিনা চার গোল খেল! প্রশ্নটা তাই উঠেই গেছে, বিশ্বকাপে কত দূর যেতে পারবে আর্জেন্টিনা?

প্রথম প্রস্তুতি ম্যাচও খুব একটা ভালো যায়নি আর্জেন্টিনার। শেষ দিকে সার্জিও আগুয়েরোর গোলে স্বাগতিকদের ১-০ গোলে হারায় হোর্হে সাম্পাওলির দল। তবে সেই রাশিয়াই দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। এমন ফলে নিজের দল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগতে পারতেন সাম্পাওলি; কিন্তু তার আগেই তো নিজের দলের ভরাডুবি হয়েছে। ‘সুপার ইগল’দের কাছে ৪-২ গোলে ধরাশায়ী হয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা।

‘মেসিবিহীন’ কথাটিই সাম্পাওলির সান্ত্বনা হতে পারত। আবার এই শব্দটিই ঝামেলা বাড়িয়ে দিচ্ছে আর্জেন্টাইন কোচের। মেসিকে ছাড়া প্রবল উদ্যমে নেমেছিল আর্জেন্টিনা। পাওলো দিবালা, অ্যাঙ্গেল ডি মারিয়া ও আগুয়েরো সমৃদ্ধ আক্রমণ দিয়েই দাপট দেখাচ্ছিল দলটি। ৩৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়ার পর তো মেসিকে বিশ্রাম দেওয়াটা যথোপযুক্ত সিদ্ধান্ত মনে হচ্ছিল। প্রথমার্ধের শেষভাগে কেলেচি ইহিয়ানাচোর দুর্দান্ত ফ্রি কিক গোলের পরও।
দ্বিতীয়ার্ধে আগুয়েরোকে ছাড়া নামতেই আর্জেন্টিনা যেন খেই হারিয়ে ফেলল। বেনোদেত্ত এখনো পর্যন্ত দলে সুযোগ পাওয়ার যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি, দিবালা তো যেন হিগুয়েইনে রূপ নিচ্ছেন ধীরে ধীরে। জুভেন্টাসের সাদাকালো জার্সি ছেড়ে আর্জেন্টিনার নীলসাদা গায়ে চড়ালেই গোল করতে ভুলে যাচ্ছেন। ডি মারিয়াও বন্ধু মেসি-আগুয়েরোকে না পেলে মাঠের এক প্রান্তে বল্গাহীন হরিণের মতো দৌড়াদৌড়ি করেই সময় কাটান।

মেসি না থাকলে আর্জেন্টিনার মধ্যমাঠের কদর্য দিকটাও বেরিয়ে আসে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি দলে বল পায়ে রেখে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার মতো কোনো মিডফিল্ডার নেই, ভাবা যায়? সেরা ফর্মের এভার বানেগাও বিশ্বসেরা মিডফিল্ডারদের মোটামুটি তালিকায় স্থান পাবেন না। অন্যদের অবস্থা তো তথৈবচ!

আর নাইজেরিয়া এই ছন্নছাড়া মিডফিল্ডের সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করতেই রক্ষণের কঙ্কাল বেরিয়ে পড়ল। পরিকল্পিত আক্রমণ কিংবা দ্রুতগতির প্রতি আক্রমণ—দুই ক্ষেত্রেই আর্জেন্টাইন ডিফেন্সকে নাচিয়ে ছেড়েছে নাইজেরিয়া। মাত্র ৩০ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে নিজেদের রক্ষণাত্মক দুর্বলতার কথা আরেকবার দেখিয়ে দিল আর্জেন্টিনা।

এটা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে। বাছাইপর্বের পুরোটাই মেসির কাঁধে চড়ে পার করেছে দলটি। মাঝেমধ্যে এক আগুয়েরোকেই দেখা গেছে একটু গোলের সুযোগ সৃষ্টি করতে। বাছাইপর্বের ১৮ ম্যাচে প্রতিপক্ষের চেয়ে মাত্র ৪ গোল বেশি ছিল আর্জেন্টিনার। শুধু একজন খেলোয়াড়-নির্ভর হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। এভাবে খেলে যে বেশি দূর এগোনো যায় না, সেটা তো ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলই দেখিয়েছিল। এক নেইমারের চোটেই পুরো দল ভেঙে পড়েছিল।

এই দলটা এখন মেসি ও এরা ১০ জনের দল হয়ে উঠেছে। এই আর্জেন্টিনার মাঝমাঠ বলে কিছু নেই। আর রক্ষণ তো সেই কবে থেকেই বেহুলার বাসরঘর। একা অনেকটাই সামলে নিতেন যে হাভিয়ের মাসচেরানো, তাঁর খেলায় বয়সের ছাপ স্পষ্ট। বার্সেলোনোতেও একাদশে এখন আর নিয়মিত নন।

মেসি না থাকলেই দলের ফুসফুসের দম অর্ধেক নেই, আগুয়েরোতে তুলে নিলে আক্রমণে ফাঁকা গোলা, আর রক্ষণে ভঙ্গুর দেয়াল...এমন দল নিয়ে আর যাই হোক বিশ্বকাপে বেশি দূর যাওয়ার আশা করা যায় না। সামনের সাত মাসে কতটা গুছিয়ে নিতে পারবেন সাম্পাওলি?