এই কি সেই হল্যান্ড!
বিশ্বাস করতে খানিকটা কষ্টই হয়। এই কি সেই হল্যান্ড, বিশ্বকাপে যারা স্পেনকে উড়িয়ে দিয়েছিল? সেই দুর্দান্ত রোবেন-ফন পার্সিদের এখন কি না জার্সি দেখে চিনতে হয়! বিশ্বকাপের পর থেকেই যেন উল্টোরথে চলতে শুরু করেছে ডাচরা। তবে আগের সবকিছুকেই ছাপিয়ে গেল পরশুর পরাজয়। ইতিহাসে প্রথমবারের মতো আইসল্যান্ডের কাছে ২-০ গোলের হারে এখন সাবেক চ্যাম্পিয়নদের ইউরোতে উত্তরণ নিয়েই সংশয়।
দুদলের আগের ১০টি ম্যাচের ৯টিতেই জিতেছে হল্যান্ড। একমাত্র ড্রটিও সেই ১৯৮২ সালে। গাস হিডিঙ্ককে এখন তাই অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে। পোড় খাওয়া এই কোচ দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপের পর। কিন্তু এর পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ইতালির সঙ্গে প্রীতি ম্যাচে হার তাও না হয় মানা যায়, কিন্তু ইউরো বাছাইয়ের প্রথম ম্যাচেই চেক প্রজাতন্ত্রের কাছে শেষ মুহূর্তের গোলে পরাজয়ের তো অজুহাত হয় না। কাজাখস্তানের সঙ্গে পরের ম্যাচেও পিছিয়ে পড়ার পর ড্র। কিন্তু আইসল্যান্ডের মতো পুঁচকে দলের বিপক্ষে আবার সেই দিশেহারা হল্যান্ড।
প্রথমার্ধেই ম্যাচটা একরকম শেষ হয়ে গেছে। সোয়ানসি মিডফিল্ডার গিলফি সিগুর্ডসনের ৪২ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে দেন আইসল্যান্ডকে। ফন পার্সি, রোবেনরা কিছু সুযোগ পেলেও ব্যর্থতার ভেলা ভাসিয়েছেন। উল্টো ম্যাচের শেষ দিকে আরও গোল খেয়ে বসতে পারত ডাচরা। আইসল্যান্ডের স্ট্রাইকার কোলবেইন সিগুর্থসনের তো দাবি, তারা পাঁচ বা ছয় গোলে জিততে পারতেন। সেটা হয়তো বাড়াবাড়ি, তবে জয়টা যে আইসল্যান্ডের প্রাপ্য ছিল, সেটা ম্যাচ শেষে স্বীকার করেছেন আরিয়েন রোবেনও, ‘এ রকম খেললে আপনি জয় পাবেন না। কিছুই ঠিকঠাক হচ্ছে না আমাদের। আমরা দুটি গোল খেয়েছি, এটা বাদ রেখেও ফুটবলীয় বিচারে নিজেদের ধারেকাছেও ছিলাম না।’
রোবেন অবশ্য দায়টা সবাইকেই নিতে বলছেন, ‘আজ যেটা হয়েছে, সেটা আমাদের মানের নয়। তবে আমাদের এখন একে অন্যের দিকে আঙুল তুললে চলবে না।’ কিন্তু আঙুলটা আসলে একজনের দিকে উঠেই যাচ্ছে। হিডিঙ্কের দিকেই এখন ঝাঁক বেঁধে আসছে সমালোচনার তির। সাবেক ডাচ ফুটবলার রোনাল্ড ডি বোর তো তাঁকে ‘বাতিল’ বলেই রায় দিয়ে দিলেন, ‘হিডিঙ্কের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, ওনার বয়স এখন ৬৭। আমার মনে হয় উনি ফুরিয়ে গেছেন। অবশ্যই তাঁর (হিডিঙ্ক) রেকর্ড অসাধারণ। কিন্তু তাঁর পদ্ধতিটা সেকেলে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে, এমনও তো দেখাতে পারছেন না।’ ডি বোর এ-ও বলছেন, বিশ্বকাপ শেষে লুই ফন গাল বিদায় নেওয়ার পর রোনাল্ড কোম্যানকে কোচ না করাটাই বড় ভুল হয়েছে।
প্রথম তিন ম্যাচ শেষে হল্যান্ডের মাত্র ৩ পয়েন্ট। আইসল্যান্ড ও চেক প্রজাতন্ত্র পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে। গ্রুপের তৃতীয় দল প্লে-অফের সুযোগ পাবে বলে হল্যান্ডের আশা অবশ্য শেষ বলা যাচ্ছে না। অধিনায়ক ফন পার্সিকে যদি খেলোয়াড়দের মুখপাত্র ধরা হয়, দল এখনো হিডিঙ্কের পাশেই আছে, ‘গাস অসাধারণ একজন কোচ। আমরা নিজেদের ফিরে পেতে চেষ্টা করে যাচ্ছি।’ এএফপি, গোলডটকম।