এই ক্যাচ ম্যাক্সওয়েলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মিথ ও ম্যাক্সওয়েল মিলে ধরলেন অসাধারণ এক ক্যাচ।
স্মিথ ও ম্যাক্সওয়েল মিলে ধরলেন অসাধারণ এক ক্যাচ।

ক্রিকেটে কথাটা কিন্তু ব্যবহৃত হয় যথেষ্টই—স্কোরবোর্ড সব সময় সত্যি চিত্রটা দেয় না। গ্লেন ম্যাক্সওয়েলের চেয়ে ভালো এই কথাটা আর কে বুঝবে? কষ্ট পুরোটুকু করলেন অধিনায়ক স্টিভেন স্মিথ, কিন্তু ‘বোকা’ স্কোরকার্ড বলছে, অজিঙ্কা রাহানের ক্যাচটা ধরেছেন ম্যাক্সওয়েল!

আজ মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডেতে ঘটেছে এমনই এক ঘটনা। ভারতের ইনিংসের ৪৫তম ওভারের খেলা চলছে। একটু আগে বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন। এরপর রাহানেও ওই ওভারে এসে পেয়ে গেলেন নিজের ফিফটি। মাইলফলক নিশ্চিত করে দলের সংগ্রহ বাড়ানোর জন্য দুজনেই তখন অস্ট্রেলীয় বোলারদের ওপর চড়াও।

রাহানে ফিফটি পেয়েছেন ওভারের প্রথম বলে, পরের বলেই জন হ্যাস্টিংসের করা শর্ট ডেলিভারিটাকে পুল করে উড়িয়ে দিতে চাইলেন এমসিজির গ্যালারিতে। কিন্তু ব্যাটে বলে ঠিকমতো হলো না। তার ওপর মাঠটাও তো কম বড় নয়। রাহানের শটটা একেবারে বাউন্ডারির কাছে গিয়ে ধরা পড়ল। কিন্তু কার হাতে?

অনেক দূর থেকে দৌড়ে এসে লং অনে অধিনায়ক স্মিথ ক্যাচটা লুফে নিয়েছিলেন। কিন্তু দৌড়ের গতির কারণেই শরীরের ভারসাম্যটা ধরে রাখতে পারছিলেন না। চলে যাচ্ছিলেন প্রায় বাউন্ডারির বাইরেই। ব্যাপারটা বুঝতে পেরেই কিনা হাতে ধরা ক্যাচটা আবারও ছুড়ে মারলেন সীমানার একটু ভেতরের দিকে দাঁড়ানো ম্যাক্সওয়েলের কাছে। নিতান্তই সহজ ক্যাচটি ধরতে কোনো সমস্যাই হলো না ম্যাক্সওয়েলের। এত দ্রুত চোখের পলকের মধ্যে হয়ে গেল ব্যাপারটি, যে একে বোঝাতে হয়তো ধারাভাষ্যকার ওয়াসিম আকরামের কথাটি ধার করতে হচ্ছে— ‘প্রেজেন্স অব মাইন্ড ইজ দ্য ওয়ার্ড ফ্রম স্টিভেন স্মিথ!’

স্কোর বোর্ড তাই দেখাচ্ছে— রাহানে কট ম্যাক্সওয়েল বোল্ড হ্যাস্টিংস। বোকা স্কোরবোর্ডটা বোঝাতে পারছে না, এতে স্মিথের অবদান কতটুকু।