এই ক্লাসিকোও গুরুত্বপূর্ণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগ শুরু হতে এখনো সপ্তাহ তিনেক বাকি। তার আগে ১৩ ও ১৬ আগস্ট স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুটি ম্যাচ খেলবে। সেই তুলনায় বাংলাদেশ সময় আগামীকাল ভোরে হতে যাওয়া রিয়াল-বার্সেলোনা ম্যাচটি গুরুত্বহীন। এটি একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচই তো!

মায়ামির দর্শকদের সে কথা বলতে গেলে আপনার দিকে চোখ কটমট করে তাকাতে পারে তারা। হোক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ, রিয়াল-বার্সা ‘এল ক্লাসিকো’ কখনো সাধারণ একটা ম্যাচ হয় নাকি?

হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি অবশ্য ঐতিহাসিক। ৩৫ বছর পর এই প্রথম স্পেনের বাইরে কোথাও হচ্ছে এল ক্লাসিকো, যুক্তরাষ্ট্রে প্রথম। ৩৫ বছর আগে, ১৯৮২ বিশ্বকাপের আগে ভেনেজুয়েলায় রিয়াল-বার্সা ম্যাচ নিয়ে তেমন আগ্রহ ছিল না। ইউরোপে কোথাও সেটি টিভিতেও দেখানো হয়নি।

আর এবার? রীতিমতো এলাহি কাণ্ড! গ্যালারির টিকিট বিক্রি হয়ে গেছে কবেই, কালোবাজারেও কিনতে গেলে ৯০০ ডলার পর্যন্ত গুনতে হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় ৭২ হাজার ৫০০ টাকা! এল ক্লাসিকো নয়, যেন উৎসব। কে বলে এই ম্যাচ অর্থহীন? টিভি নেটওয়ার্ক ইএসপিএন ২৫ জন রিপোর্টার ও উপস্থাপকের দল মায়ামিতে পাঠিয়েছে শুধু এই ম্যাচের জন্য। যাঁরা টিকিট পাননি, সেই ‘হতভাগা’দের জন্য স্টেডিয়ামের বাইরে বড় পর্দার ব্যবস্থা আছে। ব্যবসা বুঝে ‘এল ক্লাসিকো প্যাকেজ’ ছেড়েছে ট্রাভেল কোম্পানিগুলোও, যে প্যাকেজে থাকছে স্টেডিয়ামের টিকিট ও বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা।

ম্যাচটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে দুই দলকে ঘিরে দলবদলের গুঞ্জনও। কে জানে, হতে পারে এটাই বার্সার জার্সিতে নেইমারের শেষ ম্যাচ। ওদিকে গ্যারেথ বেলের রিয়াল ছাড়ার গুঞ্জনও আবার বাতাস পাচ্ছে। আর গুঞ্জনের বাইরে তারকা-দর্শনের লোভ তো আছেই। রোনালদো না থাকলেও মেসি-সুয়ারেজ আছেন, রিয়ালে মডরিচ-বেনজেমারা।

বার্সা মিডফিল্ডার রাকিটিচের কাছেও তাই ম্যাচটির আমেজ একই লাগছে, ‘ক্লাসিকো ক্লাসিকোই, আর আমরা সব সময়ই এটি জিততে চাই।’ এএফপি।