এই ছবি কি কিছু বলে?

খেলোয়াড়ি জীবন শেষে বার্সেলোনার সভাপতি হতে চান, এই আভাস জেরার্ড পিকে দিয়েছেন অনেকবার। তো সভাপতি হতে গেলে তো আগে দেখাতে হবে, তাঁর মধ্যে সেই গুণও আছে। পিকে যেন এখনই সেটা কিছুটা বুঝিয়ে দিতে চাইলেন। ওদিকে নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন, এদিকে বার্সার সবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা। কিন্তু কেউ যখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, পিকে তখন টুইটারে নেইমারের সঙ্গে একটা ছবি দিয়ে খুব আত্মবিশ্বাসের সঙ্গে লিখে দিলেন—‘সে থাকছেই!’
নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে প্রায় প্রতিদিনই নতুন কিছু যোগ হচ্ছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গেই থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে এর আগে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও একান্তে কথা বলেছেন। কিন্তু ওঁরা কোনো আশার খবর দিতে পারেননি বার্সেলোনা সমর্থকদের। তবে এবার পিকের কথা শুনে ন্যু ক্যাম্পে একটু স্বস্তি ফিরতেই পারে।
যদিও স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে দাবি করেছে, পিকে যা-ই বলুন, নেইমারের প্যারিসেই যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। পুরো প্রক্রিয়াটায় যেহেতু নেইমারের বাবাও একটা বড় ভূমিকা রাখছেন, তাঁর মতামতটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। সান্তোস থেকে নেইমারকে বার্সেলোনায় আনার পেছনেও নেইমার সিনিয়রের বড় ভূমিকা ছিল।
যেটাই হোক শেষ পর্যন্ত, সিদ্ধান্ত নেওয়াটা নেইমারের জন্য খুব সহজ হবে না বলেই মনে করেন তাঁর বন্ধু আন্দ্রে ফিলিপে রিবেইরো। সান্তোসে দুজন একসঙ্গে খেলেছেন, এখন রিবেইরো খেলেন ব্রাজিলিয়ান ক্লাব রেসিফেতে। তবে নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং যোগাযোগও নিয়মিত। ফরাসি দৈনিক লে’কিপকে রিবেইরো এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্যারিসে গেলে ও অনেক বন্ধুবান্ধব পাবে। প্যারিস শহরটাও তাঁর পছন্দ হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। তার মানে এই না, এখানে (বার্সেলোনায়) সে খারাপ আছে। এখানেও সে বেশ ভালো আছে। ওদিকে পিএসজির প্রস্তাবটাও লোভনীয়। সবকিছু মিলিয়ে ওর জন্য খুব কঠিন পরিস্থিতি।’
শেষ পর্যন্ত কী হতে পারে বলে মনে করেন আন্দ্রে? এই প্রশ্নে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের রহস্যময় উত্তর, ‘কীভাবে এটা শেষ হবে? আমি কিছুটা ধারণা করতে পারছি। কিন্তু এখনকার ফুটবলে ১০০ ভাগ নিশ্চিত হয়ে কেউ কিছু বলতে পারবে না। আর আমরা তো ফুটবল ইতিহাসের সম্ভাব্য সবচেয়ে বড় ট্রান্সফার নিয়ে কথা বলছি। এখানে কত আলোচনা, কত টাকার ব্যাপার জড়িত। সুতরাং আমি কিছু বলব না। একমাত্র নেইমারই নিশ্চিত করে বলতে পারবে সে থাকবে, না যাবে।’
সেই ঘোষণাটা কবে দেবেন নেইমার? ইএসপিএন, স্কাই স্পোর্টস।