এই জার্মানি কত দূর যাবে?

অদ্ভুত! যে পোল্যান্ড এর আগে ২০ বারের দেখায় মাত্র একবার জার্মানিকে হারাতে পেরেছে, তারাই জার্মানির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ঠিক খুশি নয়। আরও অদ্ভুত, দুই বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে যে দলটা ব্রাজিলকে ৭ গোল দিল, তাদেরই গোল পাওয়ার জন্য কী কঠিন সংগ্রাম করতে হলো! পরশুর ম্যাচ শিরোপার দাবিদার জার্মানিকে নিয়ে প্রশ্ন তুলে দিল অনেক।
পুরো ম্যাচে জার্মানির সেরা খেলোয়াড় জেরোম বোয়াটেংয়ের আত্মসমালোচনা, ‘আমরা প্রতিপক্ষের ওপর চড়ে বসতে পারিনি। আমরা যথেষ্ট ধারালো ছিলাম না। আক্রমণে আমরা ওয়ান-অন-ওয়ানে খুব একটা জিততে পারিনি। এখান থেকে আরও উন্নতি করতে হবে আমাদের। নইলে আমরা খুব বেশি দূর এগোতে পারব না। গোলশূন্য ড্রটা আমাদের মেনে নিতে হবে।’
বোয়াটেং সম্ভবত সমর্থকদের মনের কথাটাই বলে দিয়েছেন। জার্মানির আক্রমণ যে পরশু ছিল ভোঁতা। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলা বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিও গোটশে সহজ দুটি সুযোগ পেয়েও নষ্ট করেছেন। মুলার, ওজিলরাও পোল্যান্ডের বজ্র আঁটুনির রক্ষণ ভেদ করতে পারেননি। ওজিলের শটে একটা দারুণ সেভ ছাড়া পোল্যান্ড গোলরক্ষক ফাবিয়ানস্কিকে এমন কোনো বড় পরীক্ষাও দিতে হয়নি।
জার্মানি কোচ জোয়াকিম লো আক্রমণ নিয়ে উদ্বেগটা স্বীকারই করে নিয়েছেন, ‘আক্রমণে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারছি না। পুরো ম্যাচে অ্যাটাকিং থার্ডে গিয়ে আমাদের খেলাটা সেই দ্রুততা পাচ্ছে না। আমরা গতি তুলতে পারিনি, আক্রমণে ছন্দপতন হয়েছে, আর সেই সুযোগে পোল্যান্ডের ৯-১০ জন খেলোয়াড় ঢুকে পড়েছে। জার্মানির কাছে এটা আমি প্রত্যাশা করিনি।’
অথচ আর্কাদিউস মিলিক সহজতম সুযোগটা নষ্ট না করলে পোল্যান্ড জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। ১ পয়েন্ট পাওয়ার আনন্দের মধ্যে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির মনে সেই অপ্রাপ্তি খচখচ করছে, ‘১ পয়েন্ট পেয়ে আমরা খুশি। প্রথমার্ধে আমরা জার্মানিকে একটু বেশিই সমীহ করে ফেলেছিলাম। খুবই দুঃখজনক যে আমরা গোল পাইনি, কিন্তু এটাই ফুটবল। আর ফলটা আমাদের জন্য খারাপ নয়।’
পোল্যান্ডের কোচ আদাম নাওয়ালকা একটু অখুশি মনে নিয়েছেন ম্যাচের ফল, ‘আপনি যদি আমার কাছে জানতে চান আমরা গোল খাওয়ার ব্যাপারে উদ্বিগ্ন ছিলাম কি না, আমি না বলব। যা হয়েছে সেটা নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। তবে গোলশূন্য ড্র একটা ন্যায্য ফল।’
২০১৪ সালে সর্বশেষ জার্মানি যেবার গোলশূন্য ড্র করেছিল, সেবারও প্রতিপক্ষ ছিল পোল্যান্ড। ড্রটা একেবারেই ঘটনাচক্র নয়! এএফপি।
আজকের খেলা
বেলজিয়াম-আয়ারল্যান্ড
সন্ধ্যা ৭টা
আইসল্যান্ড-হাঙ্গেরি
রাত ১০টা
পর্তুগাল-অস্ট্রিয়া
রাত ১টা