এই তাহলে বাহরাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের জন্যই পেছানো হয়েছিল টুর্নামেন্টের সূচি। সবার পরে আসবে বলে অনুরোধ করেছিল বাহরাইন। সেই অনুরোধেই সিলেটে বাহরাইনের কোনো ম্যাচ রাখা হয়নি। এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার দেশ বলে কথা! বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর আগে তাদের গায়েই উঠেছিল ফেবারিট তকমা।
কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল বাহরাইনকে গোলশূন্য রুখে দিয়েছে সিঙ্গাপুর। এশিয়ান র্যা ঙ্কিংয়ে বাহরাইন জাতীয় দলের (১২তম) চেয়ে ১৮ ধাপ পিছিয়ে সিঙ্গাপুর (৩০তম)। কিন্তু মাঠের খেলায় বয়সভিত্তিক দুই দলই যেন দাঁড়িয়ে এক সমতলে। টুর্নামেন্টে শ্রীলঙ্কা ছাড়া সব দেশই পাঠিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু বাহরাইন এনেছে আরও কম বয়সীদের। তাদের মূল অনূর্ধ্ব-২৩ দল বর্তমানে উপসাগরীয় ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলছে বিভিন্ন ক্লাবের হয়ে। ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন অবশিষ্টদের নিয়েই দল গড়েছে। কোচ আদ্রিয়ান রিচার্ড হুইটব্রেড এই দল নিয়েই বেশ সন্তুষ্ট, ‘ড্র দিয়ে শুরু হলেও খুশি। এই দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় এনেছি যারা দেশের জন্য খেলতে উন্মুখ।’ সিঙ্গাপুর হেরেছে থাইল্যান্ডের কাছে, আর থাইল্যান্ডকে হারিয়েই সেমিফাইনালে উঠতে চান হুইটব্রেড, ‘ছেলেরা ক্লান্তি নিয়ে মাঠে নেমেছে। আশা করি, ক্লান্তি কাটিয়ে উঠে পরের ম্যাচে আমরাই জিতব।’
বাহরাইনের সঙ্গে ড্র করে শেষ চারে যাওয়ার স্বপ্ন দেখছে সিঙ্গাপুরও। দুই ম্যাচে একটি ড্র তাদের। আগামীকাল থাইল্যান্ডের কাছে যদি বাহরাইন দুয়ের অধিক গোলে হারে তাহলেই সেমিফাইনালে উঠবে সিঙ্গাপুর। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে সিঙ্গাপুরের কোচ রিচার্ড বক শোনালেন সেই আশার কথা, ‘আমাদের হাতে এখন কিছুই নেই। শেষ ম্যাচের ফলের দিকেই তাকিয়ে আছি।’ এই ম্যাচের ড্রয়ে গতকালই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।
সিঙ্গাপুরও আসল অনূর্ধ্ব-২৩ দল পাঠায়নি। কাল সেটা স্বীকার করলেন কোচ বক, ‘এটা আসল অনূর্ধ্ব-২৩ দল নয়। এখানে থেকে ১০-১২ জনকে অলিম্পিকের চূড়ান্ত দলে নেব। এখানে ওদের পারফরম্যান্সে খুব খুশি। এই ছেলেরা দেখিয়েছে যে অলিম্পিকে খেলতে তারা প্রস্তুত।’
পরশুই সিলেটে খেলেছে সিঙ্গাপুর। মাঝে এক দিনও বিশ্রাম পায়নি। তিনজন সেরা খেলোয়াড় চোট নিয়ে ছিলেন বেঞ্চে। তবু বাহরাইনের সঙ্গে সমান গতিতেই খেলেছে। ৪৯ ভাগ বল দখলে রেখেছিল সিঙ্গাপুর, ৫১ ভাগ বাহরাইন।
বাহরাইনকে মূলত ৩ পয়েন্ট নিতে দেয়নি সিঙ্গাপুরের ডিফেন্ডার আরাভিন। বেশ কয়েকবার গোললাইন থেকে সেভ করেছেন। আর বাহরাইনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ৬ ফিট ৪ ইঞ্চি উচ্চতার গোলকিপার ইয়াহিয়া মাহবুব। আগামীকাল থাইল্যান্ডের সঙ্গেও এই ছন্দটা ধরে রাখলে শেষ চারেই হয়তো দেখা যাবে তাদের।