এই তো মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনিতেজ একটু ‘স্বাস্থ্যবান’ হতেই পারেন, তাই বলে তাঁকে এভাবে খোঁচা দেবেন মরিনহো! অবশ্য মরিনহোরই বা দোষ কী? দিন দুই আগে যে চেলসি কোচকে খোঁচা দিয়েছিলেন বেনিতেজের স্ত্রী মন্তসেরাত সিয়ারা। এমনিতে বেনিতেজ বনাম মরিনহো ফুটবলে সবচেয়ে ‘রসাল’ দ্বন্দ্বগুলোর একটি। যার শুরু মরিনহো প্রথম দফায় চেলসির কোচ হয়ে আসার পর, বেনিতেজ তখন ছিলেন লিভারপুলে। কাকতালীয় যে, এরপর থেকে মরিনহো কোচিং করিয়েছেন এমন তিনটি ক্লাবে পরে কোচ হয়েছেন রাফা। সর্বশেষটি রিয়াল মাদ্রিদ। এটি নিয়েই রাফার স্ত্রী কটূক্তি করেছিলেন যে মরিনহোর তৈরি জঞ্জাল পরিষ্কার করতেই ক্লাব তিনটিতে যোগ দিয়েছেন তাঁর স্বামী। প্রত্যুত্তরে মরিনহো খোঁচা মেরেছেন রিয়াল কোচের স্বাস্থ্য নিয়ে, ‘তাঁর (বেনিতেজের স্ত্রী) উচিত নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখা। যদি তাঁর স্বামীর খাবারের দিকটিতে আরেকটু খেয়াল রাখতেন, তাহলে হয়তো আমাকে নিয়ে ব্যস্ত থাকতে হয় না।’ কথার খোঁচা খেয়ে চুপটি বসে থাকার মানুষ তো মরিনহো কখনোই নন। এএফপি।