এই নিষেধাজ্ঞা কি ভোগাবে রিয়ালকে?

আশঙ্কাটাই সত্যি হলো। ফিফা নাকচ করে দিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের আবেদন। অপ্রাপ্তবয়স্ক বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর নিয়ম লঙ্ঘন করায় দুই মৌসুমের জন্য নিষেধাজ্ঞা পেল মাদ্রিদের এই দুই ক্লাব। এর মানে হলো, পরের দুই দলবদলের মৌসুমে কোনো নতুন খেলোয়াড় কিনতে পারবে না রিয়াল ও অ্যাটলেটিকো। এখন প্রশ্ন উঠেছে, এই নিষেধাজ্ঞা কতটা ভোগাবে এই দুই ক্লাবকে?
এখনো আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দুয়ার খোলা আছে। রিয়াল আবারও সেখানে আপিল করবে। কিন্তু তাতেও ক্লাবটির জন্য ইতিবাচক ফল আসার সম্ভাবনা কম। সমস্যা হলো এবারের দলবদলের বাজারে রিয়াল এই নিষেধাজ্ঞার ব্যাপারটি সেভাবে মাথায় রেখেছিল কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল নতুন খেলোয়াড় কিনল শুধু একজন। তা-ও নিজেদেরই একাডেমিতে বেড়ে ওঠা স্ট্রাইকার আলভারো মোরাতাকে। অন্য দিকে বার্সেলোনা যেখানে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে দলে এনে আগামীর দল গড়ার কাজ শুরু করে দিয়েছে। রিয়ালেরও কি উচিত ছিল না বার্সার মতো কিছু তরুণ খেলোয়াড়কে দলে নিয়ে আসা?
আবেদনের প্রেক্ষিতে ফিফার কাছ থেকেই ছয় মাস বাড়তি সময় পেয়েছিল রিয়াল। তাই উচিত ছিল, ২০১৮ জানুয়ারির আগে কোনো নতুন খেলোয়াড় আসবে না ধরে নিয়ে সেভাবেই দলটা এবার গুছিয়ে ফেলা। বার্সেলোনাও এমন নিষেধাজ্ঞার মুখে পড়লেও দলের স্কোয়াডে এর প্রভাব পড়তে দেয়নি। রিয়ালকে এখন তাই দলের বুড়োদের ওপরই নির্ভর করতে হবে।
মোরাতা ছাড়াও অবশ্য এই মৌসুমে রিয়ালের স্কোয়াডে আরও কিছু খেলোয়াড় যোগ হয়েছে। কেউ ক্লাবের একাডেমি কাস্তিয়া থেকে উঠে এসেছেন, কেউবা ফিরে এসেছেন অন্য ক্লাবে ধার শেষ করে। মার্কো অ্যাসেনসিও, মারিয়ানো দিয়াজ, ফাবিও কোয়েন্ত্রাও ও লুকাস সিলভারা। কিন্তু দল ছেড়ে যাওয়াদের তালিকাটাও অনেক অনেক লম্বা। গত মৌসুমে বেশ আলো ছড়ানো হেসে, ডেনিস চেরিশেভ, আলভারো আরবেলোয়া রিয়াল ছেড়েছেন। একাডেমি থেকে বেরিয়ে আসা বোর্হা মায়োরাল ও হেসুস ভায়েহোর মতো আরও কয়েকজন ধারে গেছেন আরও অনেক ক্লাবে। আর এত এত খেলোয়াড় বেরিয়ে যাওয়ায় মূল একাদশের বাইরে দলের বেঞ্চের শক্তি ক্ষতিগ্রস্ত হলো কি না, তাই প্রশ্ন। ইনজুরি, নিষেধাজ্ঞার মতো জরুরি সংকট দেখা দিলে কোথা থেকে শক্তির জোগান দেবেন জিদান? মৌসুমের শেষ মুহূর্তের ধকলই বা সামলাবেন কী করে?
অন্য নিষিদ্ধ দল অ্যাটলেটিকো কিন্তু সেই কঠিন সময়ের প্রস্তুতি সেরে রেখেছে। সম্ভাব্য নিষেধাজ্ঞাকে সামনে রেখে দলে এনেছে নিকোলাস গাইতান, কেভিন গামেইরো, সিমে ভারসালিকোর মতো খেলোয়াড়দের। জিদানের ফুটবল মস্তিষ্ক নিশ্চয়ই ভালো করে হিসাব কষেই এমনটা করেছে। কিন্তু এর মধ্যে যে প্রশ্নগুলো উঠছে তার ব্যাখ্যা এখনো মেলেনি।
তবে শাপে বর বোধ হয় একটাই, ‘বুড়ো দাদু’ পেরেজ চাইলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে এই সময়ে বেচে দিতে পারবেন না। যেটা রিয়াল সমর্থকেরা অবশ্যই চান না।