
কোন ম্যাচে রেফারিং করবেন, তা এখনো ঠিক হয়নি। তবে এটা নিশ্চিত, এবারের বুন্দেসলিগা মৌসুমেই ইতিহাসটা গড়তে যাচ্ছেন বিবিয়ানা স্টেইনহাউস। জার্মান লিগের রেফারিদের আনুষ্ঠানিক তালিকায় তাঁর নাম এরই মধ্যে জমা দেওয়া হয়ে গেছে। এই প্রথম ইউরোপের কোনো শীর্ষ লিগে বাঁশি হাতে দাঁড়াতে যাচ্ছেন এক নারী রেফারি!
পেশায় মূলত পুলিশ কর্মকর্তা স্টেইনহাউস যে বুন্দেসলিগার প্রধান রেফারির দায়িত্ব পাচ্ছেন, সেটি গত মে মাসেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ছেলেদের ফুটবলের বড় মঞ্চগুলোর একটিতে প্রথম কোনো নারী রেফারি—মেয়েদের এগিয়ে যাওয়ার আরেকটি প্রমাণ? স্টেইনহাউস ব্যাপারটাকে মোটেও এভাবে দেখছেন না, ‘আমি শুধু যেটা করতে ভালোবাসি, সেটাই করে যাচ্ছি।’
অবশ্য নারী বলে বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। ২০১৫ সালেই জার্মান দ্বিতীয় বিভাগে ফরচুনা ডুসেলডর্ফের কেরেম ডেমিরবাইকে লাল কার্ড দেখানোর পর ডেমিরবাই উল্টো স্টেইনহাউসকে বলেছিলেন, ‘ফুটবলে মেয়েদের কোনো জায়গা নেই।’ সে জন্য অবশ্য শাস্তিও পেয়েছেন ডেমিরবাই। ২০১৪ সালে চতুর্থ রেফারির দায়িত্ব পালনের সময় তাঁর কাঁধে হাত রেখে কথা বলেছিলেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা।
তবে এসব ব্যতিক্রমই। এই কদিন আগেই জার্মান কাপের প্রথম লেগে বায়ার্ন-শেমনিট্জ ম্যাচে রেফারিং করেছেন স্টেইনহাউস। ম্যাচে একটা ফ্রি-কিক নিতে গিয়ে ফ্রাঙ্ক রিবেরি মজা করে স্টেইনহাউসের জুতোর ফিতা খুলে দিয়েছিলেন। ৩৮ বছর বয়সী রিবেরির কাঁধে আলতো ঘুষি মেরেছিলেন স্টেইনহাউস। ম্যাচের পর রিবেরি এ নিয়ে বলেছিলেন, ‘তার (স্টেইনহাউস) শক্তি কম নয়। ওটা (জুতোর ফিতে খুলে দেওয়া) মজা করে করা, সে-ও ব্যাপারটাকে ভালোভাবে নিয়েছে, মজা করেছে। রেফারির সঙ্গে মজা করাই যায়, তবে পারস্পরিক সম্মানও থাকতে হয়।’ এএফপি।