এই বাংলাদেশ গোল খায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল

‘আক্রমণভাগ আপনাকে ম্যাচ জেতাতে পারে, কিন্তু শিরোপা জেতাবে রক্ষণভাগ’—কথাটি ফুটবল-দুনিয়ার অন্যতম সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। গোল ঠেকিয়ে তারকা হওয়া তুলনামূলক কষ্টসাধ্য হলেও দলের সাফল্যে তাদের গুরুত্ব কত বেশি, তা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচের কথাতেই বোঝা যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের কথাই একবার ভাবুন।

অনূর্ধ্ব-১৫ নারী সাফ ফুটবলে গ্রুপ পর্ব শেষ। তিন ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে বাংলাদেশ। ভালোর মধ্যে ভালো খবর হলো, টুর্নামেন্টে এখনো কোনো গোল হজম করেনি বাংলাদেশের মেয়েরা। ২৪ ডিসেম্বর ফাইনাল পর্যন্ত গোলপোস্টটা অক্ষত থাকলে বাংলাদেশের শিরোপা জেতা ঠেকায় কে?

তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ গোল দিয়েছে ১২টি। অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে চারটি করে। সেখানে নিজেদের গোল হজম না করাটাকে বেশ স্বস্তি দিচ্ছে বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটনকে,‌ ‘কোনো ম্যাচে গোল না খাওয়াটা যেকোনো কোচের জন্যই স্বস্তির। সবচেয়ে ভালো বিষয় হলো আমার ডিফেন্ডাররা এখনো পর্যন্ত একটা ছোট ভুলও করেনি। এতে বোঝা যায় তারা খুবই সতর্ক।’

প্রথম দুই ম্যাচে নেপাল ও ভুটান নাড়াই দিতে পারেনি বাংলাদেশকে। সে তুলনায় শেষ ম্যাচে ভারত প্রথমার্ধে কিছুটা চাপ তৈরি করেছিল। এরিয়াল বলে তারা চেষ্টা করেছে। কিন্তু দীর্ঘদেহী সেন্টারব্যাক আঁখি খাতুন ও চটপটে নাজমাকে একটিবারের জন্য পরাস্ত করতে পারেনি। দুই সাইড ব্যাক নিলা ও আনাই মগিনিও ছিল ভেতরের দিকে বেশ জমাট। তাদের সামনে ছাতা ধরে রাখা হোল্ডিং মিডফিল্ডার অধিনায়ক মারিয়া মান্ডা তো আছেই। এদের পাঁচজনকে বিট করে গোল পর্যন্ত যাওয়াটা কঠিনই। তাই গোলরক্ষক মাহমুদা আক্তারকে অলস সময় কাটাতে হয়।

আঁখি খাতুনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জমাট রক্ষণের রহস্য কী? ভুটানের বিপক্ষে কর্নার থেকে দুই গোল করা এই ডিফেন্ডার বলেন, ‘আমাদের ডিফেন্স নিয়ে অনেক প্র্যাকটিস করিয়েছেন স্যার। আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি। ফলে আমরা প্র্যাকটিস ম্যাচেও কখনো গোল খাইনি।’
এই গোল না খাওয়াটা ভারতের বিপক্ষে ফাইনাল পর্যন্ত থাকবে বলে আশা করাই যায়।