এই বার্সাকেই দেখতে চান কোমান

দলকে এগিয়ে নেওয়ার পর বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময় কি তবে পেছনে ফেলল বার্সেলোনা। লিওনেল মেসির দল কাল রাতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। প্রথমে পিছিয়ে পড়েও পাওয়া এই জয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকেও সরিয়ে দিয়েছে সোসিয়েদাদকে।

বার্সার জয় আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। আতলেতিকো, রিয়াল মাদ্রিদ ও সোসিয়েদাদ—তিন দলেরই সমান ২৬ পয়েন্ট হলেও আতলেতিকো শীর্ষে উঠেছে গোল–পার্থক্যে। অন্যদিকে, কাল রাতের পাওয়া জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সা।

ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে ২৭ মিনিটে এগিয়ে দিয়েছিলেন সোসিয়েদাদকে। চার মিনিট পর জর্দি আলবার গোলে সমতা আনে বার্সা। মধ্যবিরতির কিছু আগেই বার্সেলোনা এগিয়ে যায় আলবার ক্রস থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিয়েছিলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সংকেত দেন।

বার্সার দুটি গোলেই অবদান রাখা আলবা ম্যাচ শেষে বলেন দলের খেলায় মুগ্ধ তিনি, ‘এটাই মৌসুমে আমাদের সেরা পারফরম্যান্স। দল আজ যে মানসিকতা দেখিয়েছে, তাতে আমি খুব খুশি। দর্শক ছাড়া স্টেডিয়ামে এভাবে খেলাটা খুব কঠিন। তবে জয়ের তাড়নাটা আমাদের ছিল। আজ আমরা অসাধারণ এক বার্সাকে দেখেছি, যারা কিনা প্রতিটি বলের জন্য লড়েছে।

প্রথম গোলের পর অধিনায়ক মেসির দিকে ছুটছেন জর্দি আলবা (১৮ নম্বর)।
ছবি: রয়টার্স

বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানও মুগ্ধ দলের খেলায়। ম্যাচ শেষে সাবেক ডাচ্‌ তারকা প্রশংসায় ভাসিয়েছেন দলকে, ‘প্রথমার্ধটা অসাধারণ ছিল। আমরা আরও গোল পেতে পারতাম। আমরা প্রবল আক্রমণাত্মক ছিলাম। আমরা তাঁদের প্রচুর চাপে রেখেছি। রিয়াল সোসিয়েদাদ বল পায়ে দারুণ ছিল, তবে আমরা তাদের কাছ থেকে বল কেড়ে নিয়েছি। আমরা কী দারুণভাবেই না চাপে রেখেছি ওদের। জয়টা আমাদের পাওনা ছিল।’

আমি এমন দলই দেখতে চাই। প্রত্যেক খেলোয়াড় জানপ্রাণ দিয়ে খেলেছে।
রোনাল্ড কোমান, বার্সেলোনা কোচ

তবে রাতটা তেমন ভালো যায়নি মেসির। বেশ কয়েকটা সুযোগ হারিয়েছেন আর্জেন্টাইন তারকা। কয়েকটা ভুল পাসও দিয়েছেন বার্সা অধিনায়ক। তবে মেসির পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে কোমান বললেন, তিনি চান দল সব সময় এমনই খেলুক, ‘আমি এমন দলই দেখতে চাই। প্রত্যেক খেলোয়াড় জানপ্রাণ দিয়ে খেলেছে। আজকে বড় পার্থক্যটা গড়ে দিয়ে আমাদের বল ছাড়া খেলাটা। মেসি অনেকে পরিশ্রম করেছে, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে। বাকিরাও অবশ্য তা–ই করেছে।’

টানা নয় ম্যাচ অপরাজিত থেকেই কাল বার্সেলোনায় এসেছিল সোসিয়েদাদ। তবে কালকের হারের আগে টানা তিন ম্যাচ ড্র করেছে বাস্ক অঞ্চলের দলটি। বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে কালও হয়তো একটি পয়েন্ট নিয়ে ফিরতে পারত দলটি।