প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লিগে প্লাইমাউথ-ওয়াইকম্বের ম্যাচ চলছিল। ১৫ মিনিটে হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়তে হলো ওয়াইকম্বের গোলরক্ষক অ্যালেক্স লিঞ্চকে। কিন্তু আর কোনো বাড়তি গোলরক্ষকও নেই। যিনি ছিলেন, আগের সপ্তাহেই তাঁকে বিক্রি করে দেওয়া হয়েছে। কী আর করা, বাধ্য হয়ে গোলরক্ষক কোচ ব্যারি রিচার্ডসনকেই দাঁড়াতে হলো গোলপোস্টের নিচে। বয়সটা অবশ্য রিচার্ডসনের একটু বেশিই—৪৬ বছর! চমক অবশ্য এখানে শেষ নয়, বাকি ৭৫ মিনিটে কোনো বলই ঢোকেনি ওয়াইকম্বের পোস্টে। দুটি সেভ করেছেন রিচার্ডসন, একটি ফ্রি কিকও ঠেকিয়ে দিয়েছেন। আরও অবাক করা ব্যাপার, এই মৌসুম প্লাউমাউথের মাঠে কেউ প্রথম গোলপোস্ট অক্ষত রাখল। ১১ বছর পর মাঠে নেমে রিচার্ডসনও দেখিয়ে দিলেন, এখনো চাইলে খেলে যেতে পারেন! ইএসপিএন।