এই মাঠে পাইওনিয়ার ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন ধুলাবালির মধ্যেই খেলতে হবে! তাই অনুশীলনের সময় চট্টগ্রামের মাদারবাড়ী শোভনীয় ক্লাবের খেলোয়াড়দের মুখে রাজ্যের বিষণ্নতা। কাল ধূপখোলা মাঠে l প্রথম আলো
এমন ধুলাবালির মধ্যেই খেলতে হবে! তাই অনুশীলনের সময় চট্টগ্রামের মাদারবাড়ী শোভনীয় ক্লাবের খেলোয়াড়দের মুখে রাজ্যের বিষণ্নতা। কাল ধূপখোলা মাঠে l প্রথম আলো

গোলপোস্টের ঠিক পাশেই দাঁড়িয়ে ছেলেটা বিক্রি করছিল হাওয়াই মিঠাই। কিসের বিকিকিনি, তার মনোযোগ আসলে মাঠের খেলায়! পাশেই ধুলোর মধ্যে একটা মরা ইঁদুর পড়ে ছিল। ভনভন করে মাছি উড়ছিল। ছড়াচ্ছিল দুর্গন্ধ। কিন্তু সে অবিচলিত দর্শক।
গোলপোস্টের পেছনের দিকে ইস্ট এন্ড ক্লাবের খোলা এক টুকরো মাঠ। সেখানে ব্যাটিং প্র্যাকটিস করছিল এক দল ক্রিকেটার। কেউ বল তুলে মারলেই পড়ছিল গিয়ে ফুটবল মাঠে। ধূপখোলা মাঠে তখন চলছিল পাইওনিয়ার ফুটবল লিগের ম্যাচ। চট্টগ্রামের মাদারবাড়ী শোভনীয় ক্লাব ও ঢাকার নাসরিন স্পোর্টস একাডেমির খেলার মাঝেই মাঠে ঢুকে দিব্যি বল কুড়িয়ে নেওয়া হতে লাগল। পাড়ার ওই ক্রিকেটারদের কাছে এটি যেন কোনো ফুটবল প্রতিযোগিতাই নয়!
পাইওনিয়ার ফুটবলের পাঁচটি ভেন্যুর অন্যতম রাজধানীর ধূপখোলা মাঠ। এই মাঠ থেকেই একসময় উঠে এসেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আবু ইউসুফ, আতাউর, বাবুল। সর্বশেষ জাতীয় দলে ডাক পাওয়া ইমন বাবুও খেলেছেন এই মাঠেই।
সেই ধূপখোলা মাঠ এখন নির্জীব। একেবারে ন্যাড়া। চারদিকে ধুলা। মাঠের মধ্যে ছড়ানো স্কচটেপের ছেঁড়া টুকরা, দড়ি, পাথর, পলিথিন, ছেঁড়া জুতো। এবড়োখেবড়ো মাঠ। এমন মাঠে ফুটবল খেলা সম্ভব কি না, সেটি নিয়েই তো সংশয়। অসমতল মাঠে বল নিয়ে মোটেও এগোতে পারছিলেন না ফুটবলাররা। খেলতে নামার আগেই চোটের শঙ্কা পেয়ে বসেছিল শোভনীয় ক্লাবের অধিনায়ক ফাহিম উদ্দিনকে, ‘এই মাঠে একবার পড়ে গেলে হাত-পা কাটবে নিশ্চিত। তখন পরের ম্যাচে খেলা হবে কি না, তা নিয়ে আগেই ভয় পাচ্ছি।’ গত মৌসুমে এই মাঠে খেলে মারাত্মক চোট পেয়েছিলেন চট্টগ্রামের ওই ক্লাবটির চার ফুটবলার। খেলা শুরুর আগে মাঠে পানি ছিটানো হলেও সেটি মাঠের ধুলা কমানোর জন্য যথেষ্ট ছিল না।
এসএসসি পরীক্ষা দিয়েই মাঠে চলে এসেছিল নাসরিন স্পোর্টস একাডেমির সাইফুল ইসলাম ও অমিত হাসান। এসএসসি পরীক্ষার কারণে অনেক কিশোরই এবারের লিগে খেলতে পারছে না। পরীক্ষার মধ্যে লিগ শুরু করে দেওয়ায় ক্ষুব্ধ সাইফুল, ‘খেলাটা মার্চ-এপ্রিলে শুরু হলে আমাদের জন্য ভালো হতো। আমরা কোনো রকম পরীক্ষাটা দিয়েই মাঠে ছুটে এসেছি। ভালোভাবে প্রস্তুতিও নিতে পারছি না।’
সন্ধ্যা হলেই ধূপখোলা মাঠে বসে নেশার আখড়া। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ছিনতাইকারীর উৎপাতও রয়েছে এখানে। নিয়মিতই এই মাঠে পাইওনিয়ার ফুটবলের আসর বসছে। অথচ মাঠ সংস্কারের উদ্যোগই নেই আয়োজকদের। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আক্তার মাঠে অ্যাস্ট্রোটার্ফ বসানোর দাবি জানালেন কাল, ‘ফুটবল ফেডারেশনের কাছে আমাদের একটাই চাওয়া, এই মাঠে যেন অ্যাস্ট্রোটার্ফ বসানো হয়। তাহলে এই এলাকার পরিবেশ অনেক বদলে যাবে। আরও অনেক ছেলে নিয়মিত এখানে ফুটবল খেলতে আগ্রহী হয়ে উঠবে।’