এই মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন ধরেই লোডভিক ডি ক্রুইফের মেজাজটা ভালো নেই। ২ জুন আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে শেষ সময়ে গোল খেয়ে জয়টা হাতছাড়া হওয়ায় ফুটবলারদের ওপর বেজায় চটে রয়েছেন জাতীয় দলের কোচ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে গিয়ে তাঁর মন খারাপ হলো আরও।
মাত্র পাঁচ দিন পর এই স্টেডিয়ামেই হবে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। কিরগিজস্তানের সঙ্গে ওই ম্যাচের আগে অনুশীলনে কোনো ফাঁক-ফোকর রাখতে চাইছেন না। কাল স্টেডিয়ামে ঢুকেই তাঁর চোখ ছানাবড়া। স্টেডিয়ামে উপস্থিত শতাধিক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, সচিব, আমলা। গ্যালারিতে বাঁশ বেঁধে, কাপড় টাঙিয়ে প্যান্ডেল বানানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। কেন? ৮ জুন এই স্টেডিয়ামেই যে হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্কুল ফুটবলের ফাইনাল!
এসব দেখে বেজায় ক্ষুব্ধ কোচ, ‘এই স্টেডিয়াম খুব নোংরা। এটা লজ্জার ব্যাপার। এখানে ভিভিআইপি আসবেন। এরপর হাজার হাজার মানুষ এসে মাঠটা নষ্ট করবে। ফুটবল কি এখানে আসলেই গুরুত্ব পাচ্ছে!’
মাঠের বড় আকারের ঘাস দেখেও বিরক্ত ডাচ কোচ। নানা রকম ঘাস দেখিয়ে বলছিলেন, ‘এগুলো ঘাস, না সালাদ! এর চেয়ে শেখ জামাল মাঠ অনেক ভালো কিন্তু সেখানে তো ম্যাচ হবে না। এখানেই খেলতে হবে। কিন্তু ছেলেরা এখানে মোটেও ভালো ফুটবল খেলতে পারবে না।’
মাঠ দেখে বারবার একটা শব্দই উচ্চারণ করলেন, ‘জঘন্য’! এই স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাইপর্বের মতো বড় পর্যায়ের ম্যাচ কীভাবে হবে তা নিয়েই তুললেন প্রশ্ন, ‘মাঠের অবস্থা খুব বাজে। অথচ এই মাঠেই আমরা রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলব। আমরা নাকি স্বাগতিক! এমন মাঠ দেখলে প্রতিপক্ষ দল ক্ষুব্ধ হবে। এর সমাধান যে নেই তা নয়। আসলে এটা নিয়ে কেউ মাথায় ঘামায় না।’
এ তো গেল মাঠ। যারা বাংলাদেশের লাল-সবুজ গায়ে নিয়ে খেলবে, সেই খেলোয়াড়দের নিয়ে আরও উদ্বিগ্ন ডি ক্রুইফ। টিম হোটেলে ফুটবলারদের গত কয়েক দিনের ভুলগুলো কাটাছেঁড়া করে দেখিয়েছেন। প্রজেক্টরের মাধ্যমে দেখিয়েছেন ভুলগুলো। আফগানিস্তান ম্যাচের ড্রয়ের যন্ত্রণা সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে কোচকে, ‘৯০ মিনিট মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে গোল খাওয়া খুবই যন্ত্রণার। ছেলেদের বারবার একটা কথাই বোঝাচ্ছি শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করতে হবে। কিন্তু ওরা সব ভুলে যায়।’
প্রীতি ম্যাচ নয়, এবার কোচের প্রস্তুতি আসল পরীক্ষার জন্য, ‘প্রীতি ম্যাচে জিতলে কোনো পয়েন্ট নেই। কোনো টাকাপয়সাও নেই। তবে এই ভুল থেকে শিক্ষা তো হলো। এখন আমাদের সব নজর কিরগিজস্তান ও তাজিকিস্তান ম্যাচের দিকে। আশা করি ওই দুটি ম্যাচে সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে ছেলেরা।’
দলে যথেষ্ট ফিট খেলোয়াড়ের অভাব। এটাও কোচের জন্য যথেষ্ট চিন্তার, ‘এই দলে মাত্র ১১-১২ জন নিয়মিত আন্তর্জাতিক মানের ম্যাচ খেলতে পারে। এর বাইরে যারা দলে আছে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। কিন্তু এটাও সত্যি, ওরা এখনো এই পর্যায়ে খেলার জন্য তৈরি নয়।’