
ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে ছিলেন। একটু রসিকতা তাই তখন করতেই পারেন জোয়াকিম লো। তবে জার্মান কোচের রসিকতার সঙ্গে মিশে থাকল একটু আক্ষেপও। হাসতে হাসতেই বললেন, ‘টমাস (মুলার) যদি এই দুটি গোল ইউরোতে করত, আমাদের জন্য বেশি ভালো হতো।’
অসলোতে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নরওয়েকে পরশু ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তারপরও কোচ লোয়ের এই আক্ষেপের একটা কারণ আছে বৈকি! ৩ গোলের দুটিই করেছেন মুলার, অন্যটি জশুয়া কিমিখ। অথচ এই মুলারই গত জুন-জুলাইয়ে হয়ে যাওয়া ইউরোতে কী নিষ্প্রভ ছিলেন!
২০১০ সালে নিজের প্রথম বিশ্বকাপেই জার্মানির হয়ে ৫ গোল করেছিলেন। পরের বিশ্বকাপেও আরও পাঁচটি, সঙ্গে শিরোপা জয়ের আনন্দ। বড় টুর্নামেন্টে মুলার মানেই গোলের নিশ্চয়তা—জার্মানরা এটাই ধরে নিয়েছিল। কিন্তু সর্বশেষ ইউরোতে মুলার একদমই যেন নিজেকে হারিয়ে খুঁজলেন, গোলও পেলেন না একটি। জার্মানিও বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই। কোচ জোয়াকিম লো তো আক্ষেপ করতেই পারেন!
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে ইংল্যান্ডেরও। তবে সেই জয়ের জন্য ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের যোগ হওয়া সময়েরও শেষ মুহূর্ত পর্যন্ত। অ্যাডাম লালানার একমাত্র গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ৩টি পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড।
স্লোভাকিয়ার ত্রনাভায় হওয়া ম্যাচের ৫৭ মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্লোভাক অধিনায়ক মার্টিন স্কারটেলকে। কিন্তু ১০ জনের দলে পরিণত হয়েও ইংল্যান্ডের জন্য তীব্র প্রতিরোধ গড়ে তোলে স্লোভাকিয়া। শেষ পর্যন্ত জয়টা ওয়েইন রুনিরা ভাগ্যগুণেই পেয়েছেন বলা যায়। প্রতিযোগিতামূলক ম্যাচে নতুন ইংল্যান্ড কোচ স্যাম অ্যালারডাইসের শুরুটা জয় দিয়ে হলেও কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স মনে হয় না সন্তুষ্ট করতে পেরেছে ইংলিশ সমর্থকদের। অ্যালারডাইস ৩ পয়েন্টকেই বড় করে দেখছেন, ‘ওরা ১০ জন হয়ে যাওয়ায় আমাদের জিততেই হতো। শেষ মুহূর্তের গোলটা তাই বিশাল স্বস্তি হয়ে এসেছে আমাদের জন্য।’
তুলনায় জার্মানি হেসেখেলেই জিতেছে অসলোতে। মারিও গোমেজ, আন্দ্রে শুরলে আর জেরোম বোয়াটেং ছিলেন না চোটের কারণে। লুকাস পোডলস্কি আর বাস্তিয়ান শোয়েনস্টাইগার কদিন আগেই নিয়েছেন আন্তর্জাতিক ফুটবল থেকে। তারপরও নতুন চেহারার জার্মান দলের কাছেই ছিল ম্যাচের ৬৮ শতাংশ বলের দখল। শোয়েনস্টাইগারের জায়গায় অধিনায়কত্ব পাওয়া জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পুরো ম্যাচে কোনো পরীক্ষাই দিতে হয়নি!
তবে এই দুর্দান্ত পারফরম্যান্সের পর আরও উন্নতির সুযোগ দেখছেন জার্মান স্ট্রাইকার মুলার, ‘খুব সাধারণভাবে যদি বলি, আমরা সঠিক পথে আছি। আজ যে রকম খেলেছি, তাতে আমি বেশ খুশি। যদিও আমি বিশ্বাস করি, এর পরও উন্নতির জায়গা আছে।’
জার্মান কোচ লো অবশ্য মনে করেন, প্রতিপক্ষ নরওয়ে ঠিক তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। তবে নিজের দলকে কৃতিত্ব দিতেও তিনি ভোলেননি, ‘সত্যি কথা বললে, নরওয়ে আজ ওদের সেরা ছন্দে ছিল না। ওরা ম্যাচে দাঁড়াতেই পারেনি। এটির কৃতিত্ব আমার খেলোয়াড়দেরও। ওরাই নরওয়েকে সেই সুযোগ দেয়নি।’ এএফপি, রয়টার্স।