এই রিয়ালই চেয়েছিলেন আনচেলত্তি

লড়াইটা হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের বিবিসি বনাম বার্সেলোনার এমএনএসের। কিন্তু ম্যাচের কয়েক দিন আগেই নিশ্চিত হয়ে গেল রিয়ালের এক ‘বি’ গ্যারেথ বেল খেলতে পারছেন না চোটের কারণে। ওদিকে ম্যাচের আগের দিন বার্সেলোনার কোচ লুইস এনরিকেও নিশ্চিত করলেন, বার্নাব্যুতেই বার্সার হয়ে অভিষেক হচ্ছে এমএনএসের ‘এস’ মানে লুইস সুয়ারেজের। তার মানে রিয়ালের শক্তি কমে গেল একটু, বাড়ল বার্সেলোনার।
কিন্তু পরশু সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটায় দেখা গেল একেবারে অন্য ছবি। বার্সেলোনার এমএনএস, মেসি-নেইমার-সুয়ারেজ, দাঁড়াতে পারলেন না রিয়ালের রোনালদো-বেনজেমার সামনে। বেলের অভাব বুঝতেই দিলেন না ইসকো-রদ্রিগেজরা। চার মিনিটে নেইমারের গোলে পিছিয়ে পড়েও তাই রিয়াল ঘুরে দাঁড়াল দারুণভাবে। ক্রিস্টিয়ানো রোনালদো, পেপে আর করিম বেনজেমার গোলে ম্যাচ জিতে নিল ৩-১-এ।
লা লিগায় গত মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এই বার্নাব্যুতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল। এবার মৌসুমের প্রথম ক্লাসিকোটাই জিতে সেই হারের ‘প্রতিশোধ’ নিল কার্লো আনচেলত্তির দল। রিয়াল কোচ উচ্ছ্বসিত, ‘পিছিয়ে পড়েও আমরা মাথা গরম করিনি। পরিকল্পনামতো খেলেছি। আমাদের লক্ষ্য ছিল বল ধরে রেখে আক্রমণ করে যাওয়া। ম্যাচটা জিতেছি, কারণ আমরা এটা জিততে চেয়েছিলাম। গত বছর থেকেই আমরা এই দর্শন অনুসরণ করে আসছি। সত্যি বলতে, আমি এ রকম একটা দলই চেয়েছিলাম।’
নেইমারের সেই গোলটা ছাড়া প্রথমার্ধে আর একটাই ভালো সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু সুয়ারেজের পাস থেকে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তো রিয়াল দাঁড়াতেই দেয়নি বার্সাকে। রোনালদো, বেনজেমা আর হামেস রদ্রিগেজদের সামলাতে পারেননি দানি আলভেজ আর জেরার্ড পিকেরা। রক্ষণভাগের এই দুর্বলতা অবশ্য ম্যাচ শেষে স্বীকারও করলেন লুইস এনরিকে, ‘আমি অন্য রকম একটা ম্যাচ আশা করেছিলাম। আমাদের রক্ষণ নড়বড়ে হয়ে যাওয়া কোনো ম্যাচ নয়। এ জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে, নইলে আজকের মতো ভবিষ্যতেও মূল্য দিতে হবে।’ তবে নিজেদের সমালোচনার পাশাপাশি রিয়াল ও বার্সেলোনা দুই ক্লাবেই খেলা এই স্প্যানিশ কোচ প্রশংসা করেছেন প্রতিপক্ষেরও, ‘এ ম্যাচটাই প্রমাণ করে আমাদের মতো কিংবা আমাদের চেয়ে শক্তিশালী দলও আছে। রিয়াল আজ সেটাই দেখিয়েছে।’
লিগে পরশুর এই ম্যাচের আগে কোনো গোল খায়নি বার্সা। তবে সেই ম্যাচগুলোও ছিল লেভান্তে, মালাগা, এইবার ও গ্রানাডার মতো দলের বিপক্ষে। দুর্দান্ত আক্রমণভাগের সামনে এই মৌসুমে এ পর্যন্ত দুবারই পড়েছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে পিএসজি আর পরশু লা লিগায় রিয়ালের বিপক্ষে। দুবারই অনেক ফাঁকফোকর বেরিয়ে এসেছে বার্সা রক্ষণের। হেরেছে এই দুটি ম্যাচেই। এনরিকে যদিও ম্যাচ দুটিকে দেখেছেন আলাদাভাবে, ‘পিএসজির বিপক্ষে ম্যাচটার কথা আলাদা। ওই ম্যাচে জয় আমাদেরই পাওনা ছিল। কিন্তু আজ (কাল) রিয়াল জিতেছে যোগ্য দল হিসেবে।’
শুরুর গোলের পর নেইমারকেও আর খুঁজে পাওয়া যায়নি ম্যাচে। বার্সেলোনার জার্সি গায়ে অনেক দিন পর এমন নিষ্প্রভ থাকলেন মেসি। বিশ্বকাপে কামড়-কাণ্ডের পর চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে শুরুটা ভালোই করেছিলেন সুয়ারেজ। কিন্তু পরে তিনিও আর পারেননি। সুয়ারেজ অবশ্য মাঠে ফিরতে পেরেই খুশি, যদিও দল না জেতায় প্রত্যাবর্তনটা পুরোপুরি আনন্দের হলো না, ‘আমার জন্য এ এক বিশাল স্বস্তি। দুঃসময়টা পেছনে ফেলে এসেছি বলে খুশি। তবে ম্যাচের ফলের কারণে শেষ পর্যন্ত অনুভূতিটা অম্ল-মধুর।’ এএফপি, রয়টার্স।