এই রিয়ালকে খাটো করে দেখো না, মেসিকে রিয়াল কোচ

রিয়াল কোচ হুলেন লোপেতেগি ও লিওনেল মেসি। ছবি: টুইটার
রিয়াল কোচ হুলেন লোপেতেগি ও লিওনেল মেসি। ছবি: টুইটার
ক্রিস্টিয়ানো রোনালদো নেই তো কী হয়েছে! রোনালদোবিহীন রিয়ালকে অবজ্ঞা না করতে মেসির প্রতি আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগি।


লিওনেল মেসির কথা নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের বুকে বিঁধেছে। বার্সেলোনা তারকা ‘কাতালুনিয়া রেডি’কে বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের শক্তি কমেছে। রিয়াল সমর্থকেরা ভাবতেই পারেন, তাদের প্রিয় দলকে খাটো করে দেখছেন মেসি। পাল্টা জবাবটা অবশ্য পেয়ে গেছেন মেসি এরই মধ্যে। এই রিয়ালের সামর্থ্যকে খাটো করে দেখো না—কথাটা বলেছেন স্বয়ং রিয়াল কোচ হুলেন লোপেতেগি।

সংবাদমাধ্যমকে কালই মেসি বলেছিলেন রোনালদো চলে যাওয়ার পর রিয়ালের শক্তি আর আগের মতো নেই। তাঁর এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানারকম যুক্তিতর্ক চলছে। কথাটা যে সান্তিয়াগো বার্নাব্যু পর্যন্ত পৌঁছাবে এবং প্রতিক্রিয়াও উড়ে আসবে তা আন্দাজ করা গিয়েছিল। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এই আন্দাজকে সঠিক বলেই প্রমাণিত করলেন লোপেতেগি। মেসিকে উদ্দেশ্য করেই রিয়াল কোচের উক্তি, ‘এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহের (সামর্থ্য) চোখে দেখি না।’

রিয়ালে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত জুলাইয়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। লা লিগায় তাঁর শূন্যতা রিয়ালকে এখনো টের পেতে দেননি করিম বেনজেমা-গ্যারেথ বেলরা। এ পর্যন্ত তিন ম্যাচের সব কটিতেই জিতেছে লোপেতেগির শিষ্যরা। রোনালদো রিয়াল ছাড়ি ছাড়ি করার মুহূর্তে দলটির কোচের দায়িত্ব পেয়েছেন এই স্প্যানিশ। পর্তুগিজ তারকার সঙ্গে নাকি কোনো কথাই হয়নি লোপেতেগির, ‘কোনো কথা হয়নি। যখন আমি যোগ দেই তখন সে চলে যাওয়ার শেষ মুহূর্তে। পরিস্থিতিটা এমনই ছিল এবং ক্লাব তা সামলেছে। এই সিদ্ধান্ত ও কৌশলকে আমি শ্রদ্ধা করি।’