এই রিয়ালের সবাই কিংবদন্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নাব্যুতে রিয়ালের শিরোপা উৎসবে ট্রফি হাতে সার্জিও রামোস l রয়টার্স
বার্নাব্যুতে রিয়ালের শিরোপা উৎসবে ট্রফি হাতে সার্জিও রামোস l রয়টার্স

কার্ডিফেই একদফা উৎসব হয়ে গেছে। মাদ্রিদে ফিরে হলো আরও একবার। কিন্তু এখানেই শেষ নয়। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী কয়েক দিন উৎসব চলতেই থাকবে। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জয় বলে কথা! সমর্থকেরা উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। এতটাই যে, চ্যাম্পিয়নস লিগ যুগে প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার কীর্তি গড়া এই রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কেই ‘কিংবদন্তি’ বলে দিয়েছেন তিনি।

বার্নাব্যুতে উৎসবের মাঝেই রিয়াল খেলোয়াড়দের নিয়ে এই মুগ্ধতার কথা বলেছেন পেরেজ, ‘এই রিয়াল দলের সব খেলোয়াড় এরই মধ্যে ক্লাব ও ফুটবল ইতিহাসের কিংবদন্তি হয়ে গেছেন। ঠিক যেমন আমাদের কোচ জিনেদিন জিদানও একজন কিংবদন্তি।’

জুভেন্টাসকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা নিশ্চিত হওয়ার পরই পেরেজ বলেছিলেন, জিদান চাইলে সারা জীবন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকতে পারবেন। বার্নাব্যুর উৎসবে আরও একবার বললেন ফরাসি কোচকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা, ‘আর কেউ তো টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি, জিদানই একমাত্র। এ কারণেই সে এখন বিশ্বের সেরা কোচ।’

বাঁধভাঙা উল্লাসের মধ্যে সমর্থকেরা ক্রিস্টিয়ানো রোনালদোকে মাথায় তুলে নিয়েছেন। আকাশে ছুড়ে কোরাস ধরেছেন—“ক্রিস্টিয়ানো, ব্যালন ডি’অর”। রোনালদো নিজেও সুর মিলিয়েছেন কোরাসে।

লা লিগা জিতেছেন, চ্যাম্পিয়নস লিগও। লিওনেল মেসিকে পেছনে ফেলে এবার চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন রোনালদো। ব্যালন ডি’অরের দাবি তো তিনি করতেই পারেন। এএফপি, রয়টার্স।