এই রেকর্ডটা ওয়েঙ্গারের হতোই

আর্সেনাল ওয়েঙ্গার। ভুল করে নয়, ইচ্ছে করেই লেখা। গত ২১ বছরে আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার নাম দুটি যে একাকার হয়ে গেছে। আর্সেনাল মানেই ওয়েঙ্গার, ওয়েঙ্গার মানেই আর্সেনাল।
আর্সেনালের সঙ্গে একাকার হয়েই রেকর্ড বইয়ে একটি পাতায় স্যার অ্যালেক্স ফার্গুসনকে দুইয়ে ঠেলে সবার ওপরে উঠে গেলেন। পরশু ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন-আর্সেনাল ম্যাচটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানেজার হিসেবে ওয়েঙ্গারের ৮১১তম ম্যাচ। ১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগ চালুর পর দ্বিতীয় সর্বোচ্চ ৮১০ ম্যাচে ম্যানেজার ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফার্গুসন। রেকর্ডটা ওয়েঙ্গারের হতোই, গত কয়েক বছর ধরে সেই অপেক্ষাই যেন চলছিল।
পরশু ছিল ফার্গুসনের ৭৬তম জন্মদিন। সেদিনই কিনা রেকর্ডটা নিজের দখলে নিলেন ৬৮ বছর বয়সী ওয়েঙ্গার। ফার্গুসন অবশ্য প্রিমিয়ার লিগ
চালুর আগেও ছিলেন ইউনাইটেডের দায়িত্বে। পুরোনো প্রথম বিভাগে ২২৫ ম্যাচে ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটির বেঞ্চে ছিলেন। অন্যদিকে ফরাসি ওয়েঙ্গার আর্সেনালে এসেছেন ১৯৯৬ সালে।
গানারদের হয়ে প্রথম ১০ বছরে ট্রফি জয়ে ফার্গুসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাটা বেশ জমিয়েছিলেন ওয়েঙ্গার। ওই সময়ে তিনটি লিগ ও চারটি এফএ কাপ জেতে আর্সেনাল। ট্রফির ধারাটা অবশ্য এরপর প্রায় শুকিয়ে গেছে। এফএ কাপ জিতলেও, প্রিমিয়ার লিগ আর জিততে পারেনি আর্সেনাল। এএফপি।