এই রোনালদো কি সেই রোনালদো হতে পারবেন

তুরস্কের বিপক্ষে আজ রোনালদোর অগ্নিপরীক্ষাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে অগ্নিপরীক্ষায় নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো! বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের প্লে–অফ সেমিফাইনালে তুরস্কের মুখোমুখি হচ্ছে রোনালদোর পর্তুগাল। তুরস্ক ইউরোপিয়ান ফুটবলে আহামরি কোনো দল নয়। এরপরও কেন এ ম্যাচকে রোনালদোর অগ্নিপরীক্ষা বলা হচ্ছে? এ ম্যাচে হারলেই যে কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে রোনালদোর!

পর্তুগাল কাতারের টিকিট না পেলে বিশ্বকাপ রং হারাবে অনেকটাই। রোনালদোকে ছাড়া বিশ্বকাপ দেখার আনন্দ অনেকটাই কমে যাবে। এ কারণে হয়তো তুরস্ক ছাড়া বাকি সব দেশের মানুষ পর্তুগালের জয় কামনা করছেন। রোনালদোও তাঁর সমর্থকদের আশ্বস্ত করেছেন এই বলে, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন আমাদের জাতীয় দলের ওপর।’

পর্তুগালের অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: রয়টার্স

‘আমাদের ওপর বিশ্বাস রাখুন’, এটা না বলে রোনালদো কথাটি অন্যভাবেও বলতে পারতেন—আমার ওপর বিশ্বাস রাখুন! আর কথাটা হয়তো তিনি শুধু সমর্থকদের উদ্দেশেই নয়, বলছেন পর্তুগালের টিম ম্যানেজমেন্টের উদ্দেশেও, যারা রোনালদো ‘বুড়িয়ে’ গেছেন অজুহাতে তুরস্কের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখবে কি রাখবে না, বলে ভাবছে।

রোনালদো তাঁর ওপর বিশ্বাস রাখার কথা বলতেই পারেন। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে–অফে তাঁর অতীত পরিসংখ্যান অন্তত সেটাই বলবে। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেন রোনালদো। সেবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব সরাসরিই পেরিয়েছে পর্তুগাল। পরেরবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট পর্তুগাল পেয়েছে প্লে–অফ নামের লটারি জিতে। সেবার অবশ্য প্রতিপক্ষ ছিল তুলনামূলক কম শক্তির দল বসনিয়া ও হার্জেগোভিনা। দুই লেগের প্লে–অফে বসনিয়াকে ২–০ গোলে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার টিকিট পায় পর্তুগাল। সেবার অবশ্য রোনালদো একটি ম্যাচেও খেলেননি। স্কোয়াডে থাকলেও চোটের কারণে তাঁকে খেলাননি সেই সময়ে পর্তুগালের কোচ কার্লোস কুইরোজ।

বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন পথ পর্তুগালের সামনে। রোনালদো কি পারবেন পর্তুগালকে বিশ্বকাপে তুলতে
ছবি: এএফপি

২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও সরাসরি মূল মঞ্চের টিকিট পায়নি পর্তুগাল। প্লে–অফ খেলতে হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের শক্তিশালী সুইডেনের বিপক্ষে। দুই লেগেই রোনালদো–ঝলকে ব্রাজিল–যাত্রা নিশ্চিত করে পর্তুগাল। লিসবনে প্রথম লেগে তাঁর ৮২ মিনিটের গোলেই ১–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাওলো বেন্তোর দল।
স্টকহোমে দ্বিতীয় লেগের গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে রোনালদো–জাদু। ডান প্রান্তে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ছুট দেন। গতিতে সুইডেনের দুই খেলোয়াড়কে পেছনে ফেলে বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ের শটে বল জড়ান জালে। কিন্তু চার মিনিটের মধ্যে ইব্রার ২ গোলে দুই লেগ মিলিয়ে স্কোর ২–২ করে ফেলে সুইডেন। রোনালদোই আবির্ভূত হন পর্তুগালের ত্রাণকর্তা হিসেবে। ৭৭ মিনিটে অসাধারণ এক গোলের দুই মিনিট পর করলেন হ্যাটট্রিক গোল। রোনালদোময় এক ম্যাচ জিতে ব্রাজিলের টিকিট পায় পর্তুগাল।

কিন্তু এই রোনালদো কি আর সেই রোনালদো আছেন! ২০১৩ সালের নভেম্বরে সুইডেনের বিপক্ষে সেই প্লে–অফ ম্যাচের সময় তাঁর বয়স ছিল ২৯ বছর, ছিলেন ক্যারিয়ারের মধ্যগগনে। আর এখন বয়স হয়ে গেছে ৩৭ বছর। দেখতে দেখতে চলে এসেছেন ক্যারিয়ারের গোধূলিবেলায়। তাই তো পর্তুগালের টিম ম্যানেজমেন্টের তাঁকে শুরুর একাদশে খেলানো নিয়ে এত ভাবতে হয়, ভক্তকূলকেও থাকতে হয় শঙ্কায়!
এটা ঠিক যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গতি আর ধার কিছুটা কমেছে রোনালদোর। কিন্তু নামের ভারটা তো আর কমেনি! তাই তো এখনো ৬ গোল করে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের গ্রুপ পর্বে তিনিই পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের টিম ম্যানেজমেন্ট আর বিশ্বজোড়া তাবৎ ভক্তকূলকে রোনালদো বলতেই পারেন—আমার ওপর বিশ্বাস রাখুন!

রোনালদো কি পারবেন আরেকবার প্লে–অফের বাধা টপকে পর্তুগালকে বিশ্বকাপের মূলমঞ্চে তুলতে
ছবি: এএফপি

কাতার বিশ্বকাপ রোনালদোকে অনেক কিছু দেওয়ার জন্যই অপেক্ষা করছে। লোথার ম্যাথাউস, আন্তোনিও কারবাহাল ও রাফায়েল মার্কেজের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপ খেলা ফুটবলার হয়ে যাবেন তিনি। কাতারে আর দুটি গোল পেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি ইউসেবিওকে (৯ গোল)। এসব কিছু দুহাত বাড়িয়ে আলিঙ্গন করতে হলে আগে তো কাতার বিশ্বকাপে যেতে হবে রোনালদোকে। সেটা তিনি হয়তো পারবেন, যদি নিজের ওপর বিশ্বাস রাখেন। তুরস্ককে হারাতে পারলে আরও একটি ম্যাচ জিততে হবে তাঁকে—ইতালি বা নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্লে–অফের ফাইনাল। এ দুটি ম্যাচের আগে রোনালদো হয়তো আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলবেন—আমার ওপর বিশ্বাস রাখো!