এই সাম্পাওলিকে দিয়ে চলবে আর্জেন্টিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্পাওলির সঙ্গে মেসির জুটিটা জমেনি বলেই চড়া মূল্য দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ছবি: রয়টার্স
সাম্পাওলির সঙ্গে মেসির জুটিটা জমেনি বলেই চড়া মূল্য দিতে হয়েছে আর্জেন্টিনাকে। ছবি: রয়টার্স
>গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা থেমে গেছে দ্বিতীয় রাউন্ডে। এবার বিশ্বকাপে কেন এতটা বাজে খেলল আর্জেন্টিনা? আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য অসি আর্দিলেস মনে করেন, কোচ হোর্হে সাম্পাওলির কারণেই এ ব্যর্থতা

ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার। আর্জেন্টিনার এই হারের পর স্বাভাবিকভাবে কাঠগড়ায় উঠছে পুরো দল। তবে সমালোচনার তিরে বেশি বিদ্ধ হতে হচ্ছে কোচ হোর্হে সাম্পাওলিকে। কৌশল, পরিকল্পনা, খেলোয়াড়দের কোথায় কীভাবে খেলাতে হবে—সবকিছুতেই ধারাবাহিক ভুল করে করে গেছেন আর্জেন্টিনা কোচ। ছন্নছাড়া সাম্পাওলিকে ধুয়ে দিচ্ছেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য অসি আর্দিলেস।

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছিলেন, আর্জেন্টিনার ইতিহাসে এটাই সবচেয়ে বাজে দল। কাল দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হারের পর আর্দিলেস টুইট বার্তায় লিখেছেন, ‘ফ্রান্সকে অভিনন্দন। সামনের ম্যাচগুলোয় তাদের প্রতি শুভকামনা। আর্জেন্টিনা: বিরাট দুঃখের নাম। আরও ভালো একটা দল পেতে পারতাম আমরা। ভুলের যত দৃষ্টান্ত তৈরি করা যায়, সবই আমরা করেছি। সম্ভবত প্রথম এবং সবচেয়ে বড় ভুলটা ছিল সাম্পাওলিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া।’

দলে অসাধারণ সব খেলোয়াড়, তবু আর্জেন্টিনা কেন এত বাজে খেলল? বর্তমানে ফুটবল পণ্ডিত হিসেবে খ্যাতি পাওয়া আর্দিলেসের চোখে সাম্পাওলিই দায়ী এ ব্যর্থতায়, ‘তার অসংগতি, সিদ্ধান্তহীনতা, নেতৃত্বগুণের অভাব আমাদের এই দুঃখজনক পরিণতিতে বড় ভূমিকা রেখেছে। একটাই পরিকল্পনা ছিল তার, মেসিকে বল দাও আর অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকো। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে—মেসি, বিশ্বের সেরা। আরও আছে ওতামেন্দি, আগুয়েরোর মতো ইংলিশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত খেলোয়াড়। ইকার্দি, হিগুয়েইন, দিবালার মতো ইতালিয়ান ফুটবলের দুর্দান্ত খেলোয়াড়ও আছে এই দলে। এদের মধ্যে মাত্র একজনই আজ ভালো খেলতে পেরেছে। সাম্পাওলি কখনোই জানত না তার সেরা দল হবে কোনটা। এমনকি কৌশলগত অনুশীলনটাও সে ঠিকঠাক করতে পারেনি। রক্ষণে তিন নাকি চার? সবকিছু বিশৃঙ্খল ছিল।’

শুধু সাম্পাওলি নয়; আর্দিলেস বলছেন, মেসির ব্যর্থতাও দায়ী আর্জেন্টিনার এই ভরাডুবিতে। তবু সময় থেমে থাকে না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আর্দিলেস মেসিদের বলছেন ব্যর্থতা ভুলে সামনে তাকাতে, ‘মেসি এ বিশ্বকাপে যেভাবে খেলেছে, খু্বই দুঃখজনক। যখন কিছু ঠিকঠাক হচ্ছিল না, তোমার কাছে আমাদের প্রত্যাশাটা আরও বেশি ছিল। তোমার নেতৃত্বের কথাই বলি। কখনোই আত্মসমর্পণ কোরো না। সব শেষে নাইজেরিয়ার বিপক্ষে ওই বিশেষ গোলটার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য তোমার প্রতি শুভকামনা। আর্জেন্টিনাকে আবার নতুন করে শুরু করতে হবে। নতুন মুখ নিয়ে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। যে ভুলগুলো হয়েছে, এখান থেকে শিখতে হবে। পুনরুজ্জীবিত হতে হবে। ৪ বছরে আমাদের সেখানেই পৌঁছাতে হবে, যেখানে আমাদের পৌঁছানো উচিত।’