
সমীকরণটা ছিল ভীষণ জটিল। চেক প্রজাতন্ত্রকে হল্যান্ডের শুরু হারালেই হবে না, প্রার্থনা করতে হবে যেন তুরস্ক আইসল্যান্ডের কাছে হেরে যায়। সেটা হল্যান্ড মেলাতে পেরেছে কি না, এতক্ষণে জেনে যাওয়ার কথা। তবে হল্যান্ড ইউরোর চূড়ান্ত পর্বে উঠুক আর না উঠুক, ইয়োহান ক্রুইফ ততক্ষণ ‘অপেক্ষা’ করলেন না। এই হল্যান্ড যে খুবই নীরস ফুটবল খেলছে, সেটা জানিয়ে দিলেন রাখঢাক না করেই।
তিন দিন আগেই কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে ইউরোর চূড়ান্ত পর্বের আশা একটু বাঁচিয়ে রেখেছিল ডাচরা। তবে সেই খেলা ক্রুইফের মন ভরাতে পারেনি। ডাচ পত্রিকা ডি টেলিগ্রাফে লেখা কলামে খোলাখুলিই বললেন, ‘মনে হচ্ছে দুর্বল দলের সঙ্গে হল্যান্ড খেলাটা গড়ে তুলতে পারছে না, সে জন্য আক্রমণও ওভাবে হয়নি। জেরোয়েন জোয়েটকে (ডাচ গোলরক্ষক) কোনো শট ঠেকাতে হয়নি বটে, কিন্তু ২০ বার পা দিয়ে বল ক্লিয়ার করতে হয়েছে। কাজাখস্তানের সঙ্গে তাদের কোনো নিয়ন্ত্রণই ছিল না। ৮৭ মিনিটে মাঠে নামার পর রবিন ফন পার্সি একবার বলে পা ছোঁয়াতে পেরেছে, এটাও ছিল দৃষ্টিকটু।’
অথচ এই হল্যান্ডই কিন্তু গত বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় হয়েছিল। সেটার পর এমন উল্টো রথে চলতে শুরু করল কেন? ক্রুইফ নিজের মতো একটা ব্যাখ্যা দিলেন, ‘হল্যান্ডে নতুনেরা উঠে আসছে না, এই কথার কোনো মানে নেই। এখন প্রমাণিত হয়েছে, গত বিশ্বকাপের ফল ঠিকঠাক বিশ্লেষণ করা হয়নি। কেন ওরা ব্রাজিলে এত দূর গিয়েছিল, সেটা কেউই ভেবে দেখেনি। তৃতীয় হওয়ার পর এই দলটা যেন সাদামাটা হয়ে গেছে। সেটারই পরিণতি ভোগ করতে হচ্ছে এখন।’ গোল ডটকম।