এই হারের অজুহাত নেই বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ছবি: এএফপি।
ম্যাচের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ছবি: এএফপি।

আন্দ্রে টের স্টেগেন যেভাবে চতুর্থ গোলটি হজম করলেন, তারপর আর কোনো অজুহাতই দাঁড় করানো যায় না। কেউ দাঁড় করানোর চেষ্টাও করেনি। রিয়ালের টানা পয়েন্ট হারানোয় লা লিগার শীর্ষ পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ করে দিয়েছিল বার্সেলোনাকে। কিন্তু বার্সা উল্টো সেল্টা ভিগোর মাঠে তাদের কাছেই হেরে বসল ৪-৩ গোলে। প্রথমার্ধেই মাত্র ১১ মিনিটে ৩-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনার ভাগ্য বিপর্যয়ের ষোলো কলা পূর্ণ করেন টের স্টেগেন। সেল্টাকে জয়সূচক গোলটি রীতিমতো ‘উপহার’ দিয়ে!
২২ মিনিটেই বার্সেলোনার রক্ষণভাগের ভুলে ১-০ গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। টের স্টেগেনের বাড়ানো বল সার্জিও বুসকেটস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ইয়াগো আসপাস তা ডি বক্সে বাড়ান। বলটি চমৎকারভাবে নিয়ন্ত্রণে নিয়ে দুরূহ কোণ থেকে জালে জড়িয়ে দেন পিয়োনো সিসতো। সেল্টার দ্বিতীয় গোলটি আসে ম্যাচের সময় ৩০ মিনিট গড়ানোর আগেই। প্রায় মাঝমাঠে বল ধরে এগিয়ে গিয়ে বার্সেলোনার বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে জালে জড়ান ইয়াগো আসপাস।
৩৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে আসপাসের বাড়ানো একটি বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন জেরেমি ম্যাথিউ। ২০০৭ সালের পর এই প্রথম প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে খেলায় ফেরায় জেরার্ড পিকে ও নেইমারের গোল। নেইমারের গোলটি অবশ্য আসে পেনাল্টি থেকে। ৫৮ মিনিটে ইনিয়েস্তার ক্রস সেল্টার বক্সে পড়লে ডিফেন্ডারদের মাথার ওপর লাফিয়ে উঠে গোল করেন পিকে। এই ইনিয়েস্তাকে প্রথমে মাঠেই নামাননি কোচ লুইস এনরিকে।
৬৩ মিনিটে বার্সেলোনার আন্দ্রে গোমেজকে নিজেদের বক্সের মধ্যে ফেলে দেন পাবলো আর্নান্দেজ। রেফারি পেনাল্টি দিলে তা থেকে গোল করেন নেইমার।
ম্যাচে ফেরার জন্য যখন বার্সেলোনা মরিয়া, ঠিক তখনই মৌসুমের সম্ভবত সবচেয়ে বাজে ভুলটি করে বসেন টের স্টেগেন। ৭৭ মিনিটের মাথায় একটি বল ভলি করতে গিয়ে তা মেরে দেন আর্নান্দেজের মাথায়। আর্নান্দেজের মাথায় লেগে ফিরতি বল টের স্টেগেনসহ গোটা বার্সেলোনা দলকে বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে। অথচ এই সময় টের স্টেগেন ছিলেন সম্পূর্ণ বিপদমুক্ত, চাপমুক্ত। তিনি বলটি কীভাবে আর্নান্দেজের মাথায় মারলেন, তা বোধগম্য নয় কারোরই। ৮৭ মিনিটে স্কোর লাইন ৪-৩ করেছিলেন পিকে। আবারও আশা জাগিয়েছিলেন ম্যাচে ফেরার। কিন্তু হারটা যে ললাটেই লেখা ছিল বার্সেলোনার।
এই হারে দারুণ বিচলিত বার্সেলোনা কোচ এনরিকে। চোটের কারণে এমনিতেই মাঠে ছিলেন না লিওনেল মেসি। তার ওপর এনরিকে দল নামিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা ও অভিজ্ঞ রক্ষণ-সেনা হাভিয়ের মাচেরানোকে ছাড়াই। সিদ্ধান্তটা যে সঠিক ছিল না, সেটা বোঝা গেছে ৩৩ মিনিটের মধ্যেই দল ৩-০ গোলে পিছিয়ে পড়তেই।
এনরিকে কোনো অজুহাত দিচ্ছেন না। প্রথমার্ধের ওই ১১ মিনিট বাদ দিলে বাকি সময়ে তাঁর দলের খেলায় চিন্তিত হওয়ার মতো কিছুই খুঁজে পাননি তিনি, ‘অবশ্যই আমি খুশি না। সন্তুষ্ট হওয়ারও কোনো প্রশ্ন নেই। আজ আমরা লা লিগার শীর্ষে ওঠার বিরাট একটা সুযোগ হাতছাড়া করেছি। তবে প্রথমার্ধের ১৫ মিনিট ছাড়া আমরা ভালোই খেলেছি। এই ১৫ মিনিটে আমরা কেবলই বলের দখল হারিয়েছি। সেল্টা এই সুযোগগুলো সদ্ব্যবহার করেছে।’
গোলকিপার টের স্টেগেনের ওই অমার্জনীয় ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেও দেখছেন এনরিকে, ‘এই একটি ম্যাচে ভুলের কারণে আমরা টের স্টেগেনকে “খুন” করব না। সব শেষ হয়ে যায়নি। সে ভালো গোলকিপার। ভুল মানুষের হতেই পারে। আজকের দিনটা সত্যিই ওর অনুকূলে ছিল না। ’
নিজের ভুল নিয়ে অবশ্য অনুশোচনা আছে টের স্টেগেনের। তবে একটি ম্যাচের কারণেই নিজের খেলার ধরন বদলানোর কোনো কারণ তিনি দেখছেন না, ‘আমি যদি ভুল না করতাম, তাহলে এই ম্যাচ জেতার সুযোগ ছিল আমাদের। আজ আমি এমন ভুল করেছি, যা করা উচিত নয়। তবে এ কারণে আমি আমার খেলার ধরন পাল্টাব না।’ সূত্র: এএফপি, রয়টার্স।