এই হিগুয়েইনকে যদি আর্জেন্টিনাও পেত!

খেলার ৯ মিনিটে এডগার বারেতোর ব্যাকপাস চলে এল গঞ্জালো হিগুয়েইনের পায়ে। মুফতে পাওয়া এমন সুযোগ হাতছাড়া করলেন না আর্জেন্টাইন স্ট্রাইকার। বক্সের ডান প্রান্ত থেকে জোরালো এক শটে বল পাঠিয়ে দিলেন জালে। ১-০ গোলে এগিয়ে গেল নাপোলি। শেষ পর্যন্ত সাম্পদোরিয়াকে ৪-২ গোলে হারিয়ে ইতালিয়ান লিগের শীর্ষস্থান ধরে রেখেছে হিগুয়েইনের দল।
হিগুয়েইনের গতকালকের এই গোলে নাপোলি সমর্থকেরা উল্লাস করলেও আর্জেন্টিনার লোকজন ঠিকই দীর্ঘশ্বাস ফেলেছে। হায়, ঠিক এ রকম একটা গোল করতে পারলেই তো ২৮ বছরের অপেক্ষার শেষ হতো তাদের। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে টনি ক্রুসের এমনই এক ভুলে ফাঁকায় বল পেয়েছিলেন হিগুয়েইন। সেদিন আশে পাশে কোনো ডিফেন্ডারও ছিল না। কিন্তু সেদিন এমন মোক্ষম সুযোগটা কাজে লাগাতে পারলেন না, বল পাঠালেন বাইরে। ওই গোল হয়ে গেলে ৯০ মিনিটের ম্যাচে ১-০ গোলে জিতে যেত আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে মারিও গোটজের ওই গোল করাও হতো না, জার্মানিকে বিশ্বকাপ জিততে দেখতে হতো না তাদের।
আর্জেন্টিনাকে হিগুয়েইন শুধু সেদিন হতাশ করেছেন ভাবলে ভুল হবে। এক বছর পরেই পাপ মোচনের সুযোগ মিলেছিল কিন্তু ২০১৫ কোপা আমেরিকার ফাইনালেও সেই হিগুয়েইন। সবাই অবাক হয়ে দেখল, মেসির বানিয়ে দেওয়া বলগুলোকে জালে পাঠানোর সহজ কাজটাকে কীভাবে দুরূহ বানিয়ে ফেলছেন এই স্ট্রাইকার। আবারও গোলশূন্য ৯০ মিনিট পার করে পেনাল্টি শুটে আর্জেন্টিনার হার।
আর্জেন্টিনার হয়ে বড় মঞ্চে যতই হতাশ করুন, ক্লাব ফুটবলে কিন্তু সব সময় গোল পান হিগুয়েইন। কিন্তু এ মৌসুমে অতীতের সব রেকর্ডকেই ছাপিয়ে যাচ্ছেন তিনি। লিগে নাপোলির হয়ে ২১ ম্যাচে করেছেন ২১ গোল। এবার পরিপূর্ণ এক গোল শিকারিতে পরিণত হয়েছেন হিগুয়েইন। নাপোলির কোচ তো আর সাধে বলেননি, হিগুয়েইন এখন বিশ্বের সেরা স্ট্রাইকার, এমনকি লেভানডফস্কিও তাঁর আশে পাশে নেই।
এই মৌসুমে হিগুয়েইনের পরিসংখ্যান ও খেলার ধরন এ মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে দিচ্ছে না। কিন্তু তাঁর এমন পারফরম্যান্সই প্রশ্ন তুলে দিচ্ছে, ক্লাবের হয়ে তো ভালোই দেখাচ্ছেন কিন্তু আর্জেন্টিনার হয়ে এ ফর্ম থাকবে তো!
এ প্রশ্নের উত্তর খুব দ্রুতই পেয়ে যাবে আর্জেন্টিনার সমর্থকেরা। মৌসুম শেষেই আবারও কোপা আমেরিকা আসছে। পাপ মোচনের সুযোগ কি এবারও হাতছাড়া করবেন হিগুয়েইন?