এই দ্বৈরথ চলছে...চলবে

ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে এই রেকর্ডের হাতছানি ছিল ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই। রেকর্ডটা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। রিয়াল হারলেও রোনালদো ভক্তরা খানিকটা খুশি অবশ্য হতেই পারেন। কারণ গতকালকের ম্যাচে তাঁর করা গোলটি যে সেই রেকর্ড রোনালদোর হাতের মুঠোয় এনে দিয়েছে। ৭৬ গোল করে চ্যাম্পিয়নস লিগে এখন সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক পর্তুগিজ এই উইঙ্গার।
এই লড়াইয়ে রোনালদো পেছনে ফেললেন কাকে? হ্যাঁ, রোনালদো পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ৭৫ গোল নিয়ে রোনালদোর একদম পেছনেই আছেন লিওনেল মেসি। গত বছরেই চ্যাম্পিয়নস লিগের আগের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী রাউল গনজালেসের ৭১ গোল ছাড়িয়ে যান মেসি। এখন মেসি রোনালদোর ৭৬ গোল কবে ছাড়িয়ে যান সেটাই দেখার বিষয়।
রোনালদো-মেসির দ্বৈরথই আসলে এমন। এই রোনালদো এগিয়ে তো কয়েক দিন পরেই এগিয়ে যান মেসি। একজন আজ রেকর্ড গড়ছেন, পর দিনই আবার সেটা ভেঙে দিচ্ছেন অপরজন। তাই যখনই তাঁদের কেউ একটি রেকর্ড গড়েন, তখনই ভাবতে হয় এটা আবার ভাঙছে কবে?
জুভেন্টাসের সঙ্গের ম্যাচের আগে যেমন রোনালদোর সামনে উঁকি দিচ্ছিল রেকর্ড গড়ার সুযোগ, তেমনি আজ বায়ার্নের সঙ্গে অপর সেমিফাইনালেই আবার মেসি হিসেবটা অন্যরকম করে দিতে পারেন। আজ এক গোল দিলেই মেসি-রোনালদো হয়ে যাবেন সমানে সমান। রোনালদোর সামনে তখন থাকবে মেসিকে ছাড়িয়ে যাওয়ার নতুন সুযোগ। হয়তো বার্নাব্যুতে জুভেন্টাসের বিপক্ষে ফিরতি ম্যাচটাই হবে সেই উপলক্ষ!
পুরো ব্যাপারটাই একটা বিষয় প্রমাণ করছে নতুন করে। এই দুয়ের কে সেরা, সে বিতর্ক এখন অবান্তর বিষয়ে পরিণত। দুজনই যে ফুটবল ইতিহাসের ‘অন্যতম সেরা’, সেটা তো বারবার দুজনই প্রমাণ করে দিয়ে চলেছেন মাঠে।