এই 'ট্রেবল' চায়নি রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও কাতালান ক্লাবের কাছে হার! এবার গলার কাঁটা এস্পানিওল। হতাশ সার্জিও র‍্যামোস। ছবি: এএফপি
আবারও কাতালান ক্লাবের কাছে হার! এবার গলার কাঁটা এস্পানিওল। হতাশ সার্জিও র‍্যামোস। ছবি: এএফপি
>
  • এবার তিনটি কাতালান ক্লাবের কাছেই হারল রিয়াল মাদ্রিদ।
  • জিরোনা, বার্সেলোনা ও এস্পানিওলের কাছে হেরেছে রিয়াল।
  • প্রথম দল হিসেবে এক মৌসুমে তিনটি কাতালান দলের কাছেই হারল মাদ্রিদের ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের ইতিহাসেই রয়েছে মাদ্রিদ সরকারের সমর্থন। জাতীয়তাবাদী আদর্শে উদ্দীপ্ত এ ক্লাবটিকে একসময় চালাতো স্পেনের অভিজাত সব পরিবার। স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর সময়ে রিয়াল মাদ্রিদের যেমন সুসময় গেছে কাতালান ক্লাবগুলোও তেমনি ভুগেছে। ফ্রাঙ্কোর সময়ে আঞ্চলিক সংস্কৃতি দমিয়ে মাদ্রিদ কেন্দ্রিক অভিজাততন্ত্রের উন্মেষ ঘটেছিল। এতে রিয়াল হয়ে উঠেছিল স্প্যানিশ ‘রাজে’র প্রতীক আর কাতালান ক্লাবগুলো যেন ‘প্রজা’!
সেই দিনগুলো অনেক আগেই অতীত হয়েছে। গত এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল-বার্সার লড়াই চলছে সমানে-সমান। অবশ্য শুধু বার্সেলোনা কেন, লা লিগার ‘রাজা’ রিয়ালকে হারানোর মচ্ছবে যোগ দিয়েছে কাতালান অঞ্চলের বাকি দুই ক্লাবও। এর মধ্যে জিরোনার নামটাই উঠে আসবে সবার আগে। ৮৭ বছরের পুরোনো ক্লাবটি এবারই প্রথমবারের মতো লা লিগায় উঠে এসে হারিয়েছে ইতিহাসের সবচেয়ে সফল রিয়ালকে!
২০১৭, ২৯ অক্টোবর। জিরোনার মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। ধার এবং ফ্রি-সাইনিংয়ের খেলোয়াড় নিয়ে নিঃসন্দেহে জিরোনার ইতিহাসে সেরা জয়। অন্যদিকে রিয়ালের জন্য ব্যাপারটা ছিল দুঃস্বপ্ন—জিরোনোর বিপক্ষে সেই হারের আগে লা লিগায় নতুন কোনো দলের বিপক্ষে টানা ৫৮ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। জিরোনায় সেই ‘অহম’ ভেঙে যাওয়ার পর জিদান কী ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিলেন, এবার কাতালান ‘জোটে’র কাছে হারতে হবে আরও দুটি ম্যাচ!
গত বছরের ডিসেম্বরে ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-০ গোলে জিতেছিল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। লিগে এবার কাতালান অঞ্চলের ক্লাবের কাছে সেটা ছিল রিয়ালের দ্বিতীয় হার। একসময় যাদের ‘অবহেলা’র চোখে দেখাই ছিল মাদ্রিদ কেন্দ্রিক ক্লাবটির আভিজাত্যের অলংকার, সেই কাতালান অঞ্চলের ক্লাবের কাছে রিয়াল তৃতীয় হারের মুখ দেখল পরশু রাতে এস্পানিওলের মাঠে।
জিরোনার পর এস্পানিওল? এই এস্পানিওল ২০০৭ সালের অক্টোবর থেকে টানা ২২ ম্যাচ জয়বঞ্চিত ছিল রিয়ালের বিপক্ষে। এর মধ্যে তাঁরা শুধু হেরেছেই ১৯ ম্যাচ। সেই দলটা যদি রিয়ালকে হারিয়ে দেয় তাহলে ভ্রু কুঁচকে যাওয়া মোটেই দোষের নয়। নিয়তি কিংবা ভাগচক্র বলে যদি কিছু থেকে থাকে রিয়ালের সঙ্গে সেটাই বুঝি ঘটছে! নইলে, প্রথম দল হিসেবে এক মৌসুমে কাতালান অঞ্চলের তিনটি দলের কাছেই রিয়ালের হারের আর কোনো ব্যাখ্যা আছে?
প্রথমে জিরোনা তারপর বার্সা এবং কাল রাতে এস্পানিওল—এই তিন কাতালানে ৯ পয়েন্ট হারিয়ে পর্যুদস্ত ‘রাজা’ রিয়াল। কে জানে, এ মৌসুমে এটাই হতে পারে স্প্যানিশ আভিজাত্যের ধারক-বাহকদের একমাত্র ‘ট্রেবল’!